লাল চিলির লাল উচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে শতবার্ষিকী কোপা আমেরিকার শিরোপা জিতল চিলি। দুই বছরে সানচেজ-ব্রাভোদের টানা দ্বিতীয় কোপা আমেরিকা শিরোপা। কাল নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে l এএফপি
টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে শতবার্ষিকী কোপা আমেরিকার শিরোপা জিতল চিলি। দুই বছরে সানচেজ-ব্রাভোদের টানা দ্বিতীয় কোপা আমেরিকা শিরোপা। কাল নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে l এএফপি

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের খবরটা সব মনোযোগ কেড়ে নিয়েছে। না হলে দিনটা শুধুই চিলির হওয়ার কথা ছিল। সবচেয়ে বড় ছবিটাও হতে পারত তাদেরই উদ্‌যাপনের। কীর্তিটা যে তেমনই গৌরবের। পৃথিবীর প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টের শতবার্ষিকী আয়োজনে উচ্ছ্বাসে ভাসলেন সানচেজ-ভিদাল-ব্রাভোরা। দুই বছরে টানা দ্বিতীয় কোপা আমেরিকার শিরোপা।

টাইব্রেকারে চিলির জয়ের নায়ক ক্লদিও ব্রাভো। জয়ের পর চিলির গোলরক্ষককে ঘিরেই চলল চিলিয়ানদের উল্লাস l এএফপি
টাইব্রেকারে চিলির জয়ের নায়ক ক্লদিও ব্রাভো। জয়ের পর চিলির গোলরক্ষককে ঘিরেই চলল চিলিয়ানদের উল্লাস l এএফপি

ম্যাচের আগে কাগজে-কলমের হিসাবে অনেক এগিয়ে ছিল আর্জেন্টিনা। কিন্তু সব অনুমান, কাগুজে পার্থক্যকে মাঠে ভুল প্রমাণ করল চিলি। আরও একবার। গত বছর ঘরের মাটিতে প্রথমবার কোপা জয়, কাল শতবার্ষিকী কোপা আমেরিকার শিরোপাও উঠল তাদেরই হাতে। গতবারও প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা, ১২০ মিনিট পর গোলশূন্য ম্যাচে টাইব্রেকারে জেতে চিলি (৪-১)। ২০১৫ সালে সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনাল থেকে এবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম—গল্পটা একই। শুধু টাইব্রেকারে আর্জেন্টিনা একটা গোল বেশি করেছে (৪-২)। ছবিটাও একই, একদিকে কান্নাভেজা আর্জেন্টিনা, অন্যদিকে শিরোপার উৎসবে মেতে উঠেছে চিলি।

.
.
.
.

শুধু কি শিরোপা! এক টুর্নামেন্টে যা কিছু জেতা সম্ভব, সবই নিজেদের করে নিয়েছে চিলি। সেরা খেলোয়াড় (অ্যালেক্সিস সানচেজ), সেরা গোলদাতা (এদুয়ার্দো ভার্গাস, ৬ গোল), সেরা গোলকিপার (ক্লদিও ব্রাভো)—সব জায়গাতেই লা রোজাদের জয়গান।
লা রোজা, মানে লাল। পরপর দুই বছর কোপা আমেরিকায় লাল চিলির ঝাঁজে জ্বলল দলগুলো। দক্ষিণ আমেরিকার ফুটবলে এখন নতুন পরাশক্তি তারাই। ব্রাজিল-আর্জেন্টিনার পাশে সব সময়ই তৃতীয় শক্তি উরুগুয়ে, মাঝেমধ্যে হুংকার দেয় কলম্বিয়াও। কিন্তু চিলি জানিয়ে দিল, উঠে এসেছে তারাও।
অথচ শতবর্ষী টুর্নামেন্টটিতে দুই বছর আগেও তাঁরা ছিল শিরোপাশূন্য, সর্বোচ্চ সাফল্য ছিল চারবার রানার্সআপ! গতবারের শিরোপার কারিগর হোর্হে সাম্পাওলি এবার দলের সঙ্গে নেই। নতুন কোচ হুয়ান আন্তোনিও পিজ্জির অধীনে চিলি কেমন করে সেটিও ছিল দেখার বিষয়। এ আর্জেন্টিনার কাছেই হেরে টুর্নামেন্ট শুরু করা চিলি পরের প্রতিটি ম্যাচে ছাড়িয়ে গেছে নিজেদের। সানচেজ ছিলেন আক্রমণের নেতা, ভিদাল মিডফিল্ডে দলের আক্রমণগুলোকে একতারে বেঁধে দিয়েছেন, গোলপোস্টে ব্রাভোও দিয়েছেন পাহাড়ের দৃঢ়তা। কিন্তু চিলির সবচেয়ে বড় শক্তি, এই দলটি ‘দল’ হয়ে খেলতে জানে। নিউ জার্সির হাঁসফাঁস গরমেও ফাইনালের ১২০ মিনিটজুড়ে দলীয় শক্তিরই পতাকা উঁচিয়ে ধরেছেন চিলিয়ানরা। তারই পুরস্কার এই শিরোপা।
কোচ পিজ্জির কণ্ঠে দলীয় শক্তিরই জয়গান, ‘খেলোয়াড়দের এই গ্রুপটাই জাতীয় দলকে এত শক্তিশালী করেছে। এমন দল যারা সেরাদের সঙ্গেও চোখে চোখ রেখে লড়তে পারে। আমাদের সামনে আজ বিশ্বের এক নম্বর দলটি ছিল; দুর্দান্ত খেলোয়াড়েরা এই দলে, ইতিহাসের সেরা খেলোয়াড়টিও। আমরা তবু লড়ে গেছি।’
খেলোয়াড়দের সেই লড়াই-ই বসন্তের বাতাস এনে দিয়েছে চিলির ফুটবলে। ইনস্টাগ্রামে ট্রফি হাতে ছবি দিয়ে সানচেজ যেমন লিখেছেন, ‘এখন চিলিয়ানদের উপভোগের সময়!’ সূত্র: ডেইলি মেইল।
০
কোপার ফাইনালে সর্বশেষ ৩০৩ মিনিটে কোনো গোল পায়নি আর্জেন্টিনা
১
প্রথম দল হিসেবে কোপায় টানা দুই টাইব্রেকারে জিতল চিলি
৫
প্রথম খেলোয়াড় হিসেবে বড় প্রতিযোগিতায় টানা পাঁচটি ফাইনালে হারলেন হাভিয়ের মাচেরানো। চারটি করে হেরেছেন মেসি ও জানেত্তি।
৯৯
টানা দুটি শিরোপা জয়ের আগে ৯৯ বছর শিরোপাশূন্য ছিল চিলি

অর্জন
* প্রথম আর্জেন্টাইন খেলোয়াড় যাঁর কনমেবল অঞ্চলের বাকি ৯ দলের বিপক্ষেই গোল করার রেকর্ড আছে।
* আর্জেন্টিনার হয়ে এক বছরে সবচেয়ে বেশি গোলের রেকর্ড: ১২ (গ্যাব্রিয়েল বাতিস্তুতার সঙ্গে যৌথভাবে)
* বিশ্বকাপে আর্জেন্টিনার সবচেয়ে কম বয়সী গোলদাতা, ২০০৬ বিশ্বকাপে তৎকালীন সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে (১৮ বছর ৩৫৭ দিন)।
* কনমেবল অঞ্চলে সবচেয়ে কম বয়সে ১০০ ম্যাচ খেলার রেকর্ড (২৭ বছর ৩৬১ দিন)।
*পাঁচ বার ব্যালন ডি’অর (২০০৯, ২০১০, ২০১১, ২০১২ ও ২০১৫)।
* ২০১৪ ফিফা বিশ্বকাপের সেরা খেলোয়াড়