লালকুঠিতে দারিদ্র্য জয়ের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরাশগঞ্জের ক্লাব ভবন l প্রথম আলো
ফরাশগঞ্জের ক্লাব ভবন l প্রথম আলো

ফরাশগঞ্জের লালকুঠি। পুরান ঢাকার ব্যস্ত এই এলাকায় পেঁয়াজ, রসুন, আদাভর্তি ট্রাক রাস্তার ওপর দাঁড়িয়ে। পাশেই সিটি করপোরেশন অফিস ঘেঁষে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ভবন। নিচতলার জিমটা প্রথমেই নজর কাড়ে জানালার ফাঁক গলে। কয়েকজন সেখানে ভরদুপুরে জিম করছেন।
প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের সময় ফরাশগঞ্জ ক্লাবকে এই ভবন এবং জিম করে দেয় সিটি করপোরেশন। ভবন অন্য ক্লাবেরও আছে। তবে ফরাশগঞ্জ ছাড়া আর কোনো ক্লাবের এমন নিজস্ব জিম নেই। কিন্তু তাদের সেই গৌরবে আঁচড় বসাচ্ছে আর্থিক সংকট আর দুর্বল নেতৃত্ব। খাবারঘর থেকে খেলোয়াড়দের থাকার কক্ষ—সর্বত্র জীর্ণতার ছাপ যেন সেটাই বলে। ভবনের ভেতরে আলো কম। দেয়ালে ঝোলানো ছবিগুলো বিবর্ণ। পাশের তালাবদ্ধ হলঘরটি মনে হয় বহুকাল খোলা হয়নি।
গরমে খেলোয়াড়েরা কষ্ট পান। তাঁরা থাকেন দোতলায়। বড় দুটি কক্ষে আটটি করে বিছানায় ১৬ জন খেলোয়াড় আর বাকিদের আবাস ছয়টি কক্ষে। মেঝেতে পাতা হয়েছে বিছানা। কক্ষগুলো প্রায় আসবাবপত্রহীন। তৃতীয় তলার একমাত্র কক্ষে তিন আফ্রিকানের লক্কড়ঝক্কড় তিন বিছানার একটাতে দুপুরেও মশারি টানানো। বাংলাদেশের অপেশাদার ক্লাব ফুটবলের দীনতার নীরব ছবি যেন। অথচ ভালো ফল পেতে ভালো থাকা, ভালো ঘুম, বিনোদন...কত কিছু দরকার খেলোয়াড়দের!
ব্যালকনিতে দাঁড়ালেই বুড়িগঙ্গার ব্যস্ততা চোখে পড়ে। নদীর ওপারে কেরানীগঞ্জে কোচ আবু ইউসুফের বাড়ি। এবার লিগ শুরুর আগ মুহূর্তে ক্লাবের নতুন কমিটি হলে ইউসুফকে বলা হয়, ‘ভাই, আপনি আসেন। আমরা কমিটি বানিয়েছি। চিন্তা করবেন না। সব ঠিক হয়ে যাবে।’ ফরাশগঞ্জের দুরবস্থা জেনেও কোচের দায়িত্বটা নিয়েছেন ইউসুফ। তবে তাঁর সঙ্গে চুক্তির অনুলিপি ফেডারেশনে জমা দেওয়ার নিয়ম থাকলেও ফরাশগঞ্জ এখনো সেটি দিতে পারেনি।
তবু ইউসুফই এখন ফরাশগঞ্জের মাঠের কান্ডারি। একঝাঁক নবীন খেলোয়াড়কে উজ্জীবিত করে লিগে হারিয়ে দিয়েছেন চ্যাম্পিয়ন আবাহনীকে। তাঁর সহকারী ক্লাবটির সাবেক ডিফেন্ডার আবু ফয়সাল। তবে ট্রেনার, ফিজিও বা ডাক্তার এবং গোলরক্ষক কোচ নেই ফরাশগঞ্জের। নিজস্ব মাঠ তো নেই-ই। অনুশীলনের জন্য ছুটতে হয় কমলাপুর স্টেডিয়ামে। সেখানে একই সময়ে তিন-চারটি দলও অনুশীলনের অপেক্ষায় থাকে। কোচ ইউসুফকে সম্মান করে হয়তো একটু জায়গা করে দেয় অন্যরা। ক্লাবের নিজস্ব বাহন না থাকায় লালকুঠি থেকে খেলোয়াড়েরা রিকশায় যান কমলাপুরে। দৈনিক ৩-৪ হাজার টাকা রিকশাভাড়াও ক্লাবের কাছে অনেক!
দৈনিক খরচ মেটানো তো আরও বড় চ্যালেঞ্জ। কর্মকর্তা বাবুরাম জানালেন, অতিসাধারণভাবে চললেও বছরে দেড় কোটি টাকার মতো লাগে ফুটবল দলের পেছনে। অনুশীলন, ক্যাম্প খরচ প্রতিদিন ২০ হাজার টাকা। তিন বিদেশি খেলোয়াড়ের বেতন মাসে ৩ লাখের ওপরে। স্থানীয় খেলোয়াড়ের বেতন কারও ২০, কারও কারও ১৫, ১০, ৫ হাজার টাকা। ফরাশগঞ্জ কোচের সম্মানী এত কম যে, লিখতেও কলমে বাধে।
খেলোয়াড়দের সঙ্গে গড়ে এক-দেড় লাখ টাকার মতো চুক্তি। তবে কর্মকর্তাদের দাবি, অঙ্কটা ৩-৪ লাখও আছে। অথচ বড় দলগুলো গড়ে ২০-২৫ লাখ টাকায় খেলোয়াড় কেনে। ফরাশগঞ্জের কাছে তা স্বপ্নই। এভাবে চলতে চলতেই অবনমনের কাঁটায় রক্তাক্ত হয় দলটি। তিন বছর আগে গোঁয়ার্তুমি করে মাঠের খেলায় ফিরতে অস্বীকৃতি জানিয়ে অবনমিত হয়ে এবার যখন ফিরল, দল গঠনের সময় কর্তারা অদৃশ্য। মৌসুম শুরুর তিন দিন আগেও ক্লাব ভবন ফাঁকা!
ক্লাবের তহবিল শূন্য। তবু তখনকার নেতৃত্ব একটা দল দাঁড় করিয়েছে কিছু তরুণ ফুটবলার নিয়ে। মূলত স্থানীয় কাঁচামাল বণিক সমিতি, মোটর পার্টস সমিতিসহ আরও কয়েকটি ব্যবসায়ী সংগঠনের অনুদানে টিকে আছে ক্লাবটা। তাসের জুয়া বছর দুয়েক ধরে বন্ধ। ক্লাবের স্থায়ী আয় বলতে ভবনের সামনে নিজস্ব আড়ত থেকে মাসিক ১১-১২ হাজার টাকা ভাড়া। একমাত্র গ্যারেজে চারটি গাড়ির ভাড়ায় আসে প্রায় ১০ হাজার টাকা।
নেতৃত্ব নিয়ে দলাদলি ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত ক্লাবটিকে পেছন থেকে টেনে ধরছে। সাংগঠনিক দুর্বলতা অনেক। বাফুফেকে দেওয়া ফরাশগঞ্জের বাজেট নিরীক্ষিত নয়। অথচ দারিদ্র্যের সঙ্গে বসবাস করেই ২০১১ সালে ২৪ এপ্রিল ঢাকার ফুটবলে একমাত্র বড় ট্রফি (স্বাধীনতা কাপ) জেতে ‘লালকুঠির ছেলেরা’। আবার তেমন স্বপ্ন দেখেন নতুন কমিটির ফুটবল সম্পাদক, ’৮১-তে ফরাশগঞ্জের হয়ে প্রথম বিভাগে অভিষিক্ত মিডফিল্ডার নিরঞ্জন ঘোষ হারান। ক্লাব ভবনে বসে বলেন, ‘আমরা মাত্রই দায়িত্ব নিয়েছি। ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে। লিগের প্রথম পর্ব শেষে নতুন কিছু খেলোয়াড় নেব। আর্থিক সংকট দূর করে আমরা এগিয়ে যাব আশা করি।’
নতুন কমিটির সভাপতি হাজি আসলাম এবং সাধারণ সম্পাদক আরিফ হোসেনকে অভিনন্দন জানিয়ে ব্যানার ঝুলছে ক্লাবের নাকের ওপর, তাতে উচ্চকিত সেই আশা। দারিদ্র্যকে বিদায় করে ফরাশগঞ্জের ঘুরে দাঁড়ানোর অদৃশ্য আশাটাই এভাবে ঝুলছে!
সাফল্য-ব্যর্থতা
গত নয়টি প্রিমিয়ার অর্থাৎ পেশাদার লিগের প্রথম পাঁচটিতে টানা খেলেছে। অবস্থান ছিল অষ্টম, ষষ্ঠ ও দশম তিনবার। দুই বছর অবনমিত থেকে ফিরে এসে ২০১৪-১৫ মৌসুমে ১১তম। এরপর মাঠে গোলমাল করে খেলতে অস্বীকৃতি জানানোয় এক মৌসুম বহিষ্কার।
২০০৭ সালে শুরু প্রিমিয়ার লিগে এ পর্যন্ত ১৩২ ম্যাচ খেলে জিতেছে ২৫ ম্যাচ। ১০৯ গোল করে খেয়েছে ১৯৫ গোল।