যেখানে বল সেখানেই লি টাক। এটাই তাঁর ফুটবল। সঙ্গে পায়ের কারুকাজ। কাল তো নিজেকেই ছাপিয়ে গেলেন এই ব্রিটিশ ফুটবলার।
পরশু এমএ আজিজ স্টেডিয়ামের প্রেসবক্সে ঢাকা আবাহনীর কোচ জর্জ কোটান অকপটে যথার্থই রায় দিয়েছিলেন, প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সেরা খেলোয়াড় লি। আক্রমণে থাকেন, মাঝমাঠে খেলা গড়েন, আবার মুহূর্তে রক্ষণকাজেও নামেন।
অবশ্য কাল রক্ষণটা করতে হলো না। চোট আঘাতে জর্জরিত মুক্তিযোদ্ধা খেলোয়াড় তালিকায় দিতে পারল ১৯ জন খেলোয়াড়ের নাম। একটি ঘর খালি!
চোটগ্রস্ত চার স্ট্রাইকার কোলো মুসা, জাবেদ, ইকবাল, রবিন নেই। তাই রক্ষণাত্মক হতে হলো মুক্তিযোদ্ধাকে। কোচ আবদুল কাইয়ুম সেন্টু প্রথম পর্বে ৩ ডিফেন্ডার আর ৫ মিডফিল্ডার নিয়ে দল সাজিয়েছেন। আবাহনীর আক্রমণের তোড়ে ৫ ডিফেন্ডারেও যেতে বাধ্য হলেন!
এই মুক্তিযোদ্ধার বিপক্ষে ৬-১ জয়, লি টাকের হ্যাটট্রিক নিছকই কিছু সংখ্যা। কিংবা তিন হলুদ কার্ডের খাঁড়ায় খেলতে না পারা ঘানাইয়ান ডিফেন্ডার সামাদের জায়গায় আবাহনীর জার্সিতে অভিষিক্ত আরেক ব্রিটিশ ফুটবলার জোনাথন দাইদের দুই গোল, সানডের একটি গোলের কথাও বাদ যাবে কেন! এঁদের সবার কল্যাণে কাল লিগের সেরা ম্যাচটি খেলেছে আবাহনী। যা দেখে মুক্তিযোদ্ধার কোচ সেন্টুও মুগ্ধ, ‘দারুণ খেলেছে আবাহনী। কোনো জবাব নেই। ওরা আমাদের স্রেফ উড়িয়ে দিয়েছে।’
কিন্তু সবাইকে ছাপিয়ে লি দেখালেন, কীভাবে ঠান্ডা মাথায় প্রতিপক্ষকে ধ্বংস করা যায়। কীভাবে পরিস্থিতির দাবি মিটিয়ে কখনো মাপা শট, কখনো আলতো টোকা বা প্লেসিংয়ে বল পাঠাতে হয় জালে। এই লি এখন আবাহনীর নতুন স্বপ্নের নাম।
সনি নর্দেকে মনে পড়ে। নর্দে দুরন্ত গতির সঙ্গে ড্রিবলিংয়ে বিভ্রান্ত করতেন প্রতিপক্ষকে। এই লি চতুর, অল্প জায়গাতেই কাজের কাজটা করে ফেলেন। তাঁর স্বদেশি জোনাথনও প্রথম ম্যাচে দারুণ খেলেছেন। শক্তির ব্যবহার জানেন।
কালকের আবহাওয়া, মাঠ সবই ফুটবল উপযোগী ছিল। এ কারণেই কিনা প্রতি-আক্রমণে পিছিয়ে পড়েও খেই হারায়নি আবাহনী। ২১ মিনিটে ২৫ গজ দূর থেকে আচমকা শটে মুক্তিযোদ্ধার বিপুল ম্যাচের প্রথম গোলটা করতেই বরং আবাহনী জ্বলে ওঠে আরও। ওপরে লি, জোনাথন আর সানডে মিলে পকেটে পুরলেন এই লিগে দলের সবচেয়ে বড় জয়টা। ২৭, ৬৪, ৮৬ মিনিটে লির তিন গোল, এই লিগে এটি দ্বিতীয় হ্যাটট্রিক, পেশাদার লিগে ৬৫তম। জোনাথন ৩৩ ও যোগ করা সময়ে গোল করেছেন। সানডের গোলটি ৮৯ মিনিটে।
আবাহনী এখন নিকটতম প্রতিদ্বন্দ্বী চট্টগ্রাম আবাহনীর চেয়ে সাত পয়েন্টে এগিয়ে। ম্যাচ বাকি আর সাতটি। শিরোপার সুবাস কি পাচ্ছেন? কোচ জর্জ কোটান সতর্ক, ‘এখনই শিরোপার ক্ষণগণনা করব না। তবে আমি খুব খুশি। ছেলেদের যা শিখিয়েছি, সেভাবেই খেলেছে। এটাই আবাহনীর খেলা।’
হ্যাঁ, আবাহনী যেভাবে খেলছে ধানমন্ডির ক্লাবটির দিকেই হেলে পড়েছে শিরোপা। সেই আনন্দে গ্যালারিতে ক্ষণে ক্ষণে উঠল ‘আবাহনী’, ‘আবাহনী’, ‘লি টাক’, ‘লি টাক’ মুহুর্মুহু স্লোগানও।