লি টাকের অম্লমধুর রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলের পর লি টাককে নিয়ে সতীর্থদের উচ্ছ্বাস। কাল চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে l সৌরভ দাশ
গোলের পর লি টাককে নিয়ে সতীর্থদের উচ্ছ্বাস। কাল চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে l সৌরভ দাশ

প্রায় ২৫ গজ দূর থেকে দারুণ ফ্রি-কিকে গোল। তাঁর সেই গোলেই জিতল ঢাকা আবাহনী। তবু লি টাকের রাতটা শুধুই আনন্দের হলো না। বিজেএমসির বিপক্ষে ৩৩ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করা ব্রিটিশ এই ফরোয়ার্ড ৭০ মিনিটে দেখলেন লাল কার্ড। তাঁর আনন্দের রাতটি হলো তাই বিষাদেরও।
লাল কার্ড মানতে পারেননি মাঠে আসা আবাহনীর সমর্থকেরা। ভিআইপি বক্সের নিচে তাঁরাই বেশ হইচই করেছেন। মাঠে আবাহনীর খেলোয়াড়দের প্রতিবাদও নজরে এসেছে। কিন্তু রেফারি তাঁর সিদ্ধান্তে ছিলেন অনড়।
বিজেএমসির মুকুল লিকে ফাউল করলে ঘটনার শুরু। মুকুলকে কার্ড দেখাতে রেফারি জালাল উদ্দিনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন লি। তাতে তাঁর ভাগ্যে জোটে হলুদ কার্ড। এরপর কিছু একটা বলে থাকতে পারেন রেফারিকে। এরই শাস্তি হিসেবে মার্চিং অর্ডার।
আবাহনী কোচ জর্জ কোটানের চোখে এমন লাল কার্ড মোটেও প্রাপ্য নয় লির, ‘সে রেফারিকে খারাপ কিছু বলার মতো খেলোয়াড় নয়। রেফারি এখানে খুবই বাড়াবাড়ি করেছেন।’
লাল কার্ডটা না হলে লির কাছে স্মরণীয় হয়ে থাকত ম্যাচটা। থাইল্যান্ড লিগে ফ্রি-কিক থেকে অনেক গোলই করেছেন। আবাহনীতে এসেও কাল সেই ঝলকটা দেখালেন। ঢাকায় আবাহনী মাঠে লি এবং সানডেকে নিয়মিতই ফ্রি-কিক অনুশীলন করান কোটান। এই গোল সেটিরই ফল বললেন আবাহনীর অস্ট্রিয়ান কোচ।
আবাহনীর আক্রমণ তৈরিতে লির ভূমিকাই থাকে সবচেয়ে বেশি। সারা মাঠ দাপিয়ে খেলেন। কালও ব্যতিক্রম হয়নি। আবাহনীও প্রধমার্ধটা খেলেছে বেশ গুছিয়ে। গোলের সুযোগ তৈরি করেছে বেশ কিছু। অন্যদিকে বিজেএমসিও খুব পিছিয়ে না থেকে গোলের সুযোগ তৈরি করেছে অন্তত দুটি। একবার তো সোহেল রানা খুব কাছ থেকেই বল মেরেছেন আবাহনী গোলরক্ষক সোহেলের হাতে। এই বেঁচে যাওয়া আবাহনীর জন্য আশীর্বাদই হয়েছে শেষ পর্যন্ত। তবে দ্বিতীয়ার্ধে ঠিক চেনাই যায়নি আকাশি-নীল জার্সিধারীদের।
ঢাকা আবাহনীর অবশ্য চট্টগ্রাম পর্বটা খারাপ কাটেনি। চট্টগ্রাম আবাহনীর মতো তিন ম্যাচে কোটানের দলেরও পয়েন্ট সাত। চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ড্র দিয়ে শুরু করে টানা দুটি জয়। আবাহনীর পরের ম্যাচ ময়মনসিংহে মুক্তিযোদ্ধার সঙ্গে। লি টাক সে ম্যাচে থাকবেন না। চট্টগ্রাম পর্বে এটাই সবচেয়ে বড় ‘ক্ষতি’ আবাহনীর।