লি-রাই আলো জ্বালেন

১২ দলে ৪৬ জন বিদেশি খেলোয়াড়। সংখ্যা বড়। কিন্তু ঝলক দেখাতে পেরেছেন হাতে গোনা কয়েকজন। ঢাকা আবাহনীর সানডে, চট্টগ্রাম আবাহনীর প্রিউক্স, রহমতগঞ্জের সিও জুনাপিউ, ব্রাদার্সের অগাস্টিন ওয়ালসনসহ তালিকাটা ছোট। সেই তালিকা একজনে নামিয়ে আনলে কার নাম আসবে? লি টাক!
শুধু মুক্তিযোদ্ধার বিপক্ষে পরশু ঢাকা আবাহনীর ৬-১ ব্যবধানের জয়ে হ্যাটট্রিক করেছেন বলেই নয়, লি অসাধারণ খেলেছেন। এমএ আজিজ স্টেডিয়ামে তাঁর ওই নৈপুণ্য কাল দিনভর সবার মুখে মুখে, ‘ওহ লি, দারুণ খেলছেন!’
কিন্তু এই ব্রিটিশ ফুটবলারকে কেমন দেখেন তাঁর সতীর্থরা? বেঞ্চে বসে দেখার অভিজ্ঞতায় আবাহনী মিডফিল্ডার প্রাণতোষ যেমন বলছেন, ‘সনি নর্দের পর একজন ভালো ফুটবলার এসেছে। একজন খেলোয়াড়ের যা যা প্রয়োজন, সবই আছে ওর মধ্যে। দারুণ।’
অনেকেই বলতে শুরু করেছেন, ৪-৫ জন সাধারণ মানের বিদেশি ফুটবলার না এনে এমন দু-একজন আনাই যথেষ্ট। কথাটা বেশি উচ্চারিত হচ্ছে সম্প্রতি জাতীয় দলের ভরাডুবির পর। কিন্তু আর্থিক কারণে সাধারণ মানের বিদেশিই আনছে বেশির ভাগ ক্লাব। এ দেশে এখন লি-রা আসেন কালেভদ্রে।
আবাহনী এখানেই সফল। ইংল্যান্ডের হার্ডার্সফিল্ডের ২৮ বছর বয়সী লির হাত ধরেই আকাশি-নীলরা এবার লিগ শিরোপা দেখছে এখনই। নিকটতম প্রতিদ্বন্দ্বী চট্টগ্রাম আবাহনীর চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে গেছে তারা।
আবাহনী কোচ জর্জ কোটান কালও প্রেসবক্সে খেলা দেখতে দেখতে প্রশংসায় ভেজালেন লি-কে, ‘ওকে আপনি যেকোনো পজিশনেই খেলাতে পারেন। রক্ষণ, আক্রমণ, গোল, কোনটা পারে না সে? (লিগে সানডের ১৬ গোল, লির ৯)। ক্রস, শুটিং, ফ্রি-কিক—সবই ভালো। ১২০ মিনিট একনাগাড়ে দৌড়াতে পারে।’
থাইল্যান্ডের রাতসাসিমা দলের জার্সিতে তাঁকে প্রথম দেখে বাংলাদেশে আনতে চেয়েও আনেনি শেখ জামাল, পরে আবাহনীর প্রস্তাবে রাজি হয়ে ঢাকায় আসেন লি। তরুণ বয়সে যিনি টাইলস-মিস্ত্রির কাজ করে সংসার চালিয়েছেন। কাল দলীয় অনুশীলন ছিল না, ফুরফুরে মেজাজেই বলে যান, ‘টাইলস-মিস্ত্রির জীবনটা আমাকে অনেক শিখিয়েছে। আবাহনীর সাফল্যের জন্য নিজের সবটুকু উজাড় করে দিচ্ছি এবং দেব। এটাই আমার প্রতিজ্ঞা।’
তাঁর স্বদেশি জোনাথন পরশুই প্রথম আবাহনীর জার্সি গায়ে খেললেন। প্রথম ম্যাচেই তাঁর ২ গোল। আরামবাগের কোচ সাইফুল বারী মুগ্ধ, ‘লির পাশাপাশি জোনাথনও মনে হচ্ছে জাত খেলোয়াড়। বলে পা ছোঁয়ানো দেখলেই তা বোঝা যায়। আমাদের দুর্ভাগ্য, ছোট থেকে এগুলো শেখাতে পারি না ছেলেদের।’
কিন্তু লি যখন প্রথম আসেন, গরমে খেলতে পারবেন কি না সংশয় ছিল। প্রায় বাংলাদেশের মতোই আবহাওয়ার দেশ থাইল্যান্ডে অবশ্য ছয় বছর খেলেছেন সমস্যা ছাড়াই। সেখানে লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন, দলকে করেছেন চ্যাম্পিয়ন।
তবে ইংল্যান্ডের শীর্ষ ফুটবলে খেলতে না পারার আক্ষেপটা লির রয়েই গেছে, ‘আমি যা হতে চেয়েছিলাম, হতে পারিনি। তবে এখন আর আক্ষেপ নেই। যেমন আছি, ভালো আছি। বাংলাদেশে ভালোই আছি।’ বাংলাদেশে আসলেই মানিয়ে নিয়েছেন। ঝাল খাবারে একটু সমস্যা হয় এই যা!
বাড়ি থেকে ১০০ মাইল দূরের ম্যানচেস্টার ইউনাইটেডে গিয়ে বেকহামদের খেলা দেখতেন। মনে মনে বেকহাম হতে চাইতেন। সেটা তো পারেননি, তবে থাইল্যান্ডের মতো সাফল্য-পতাকা ওড়াতে চান এখানেও। সেটা ওড়াচ্ছেনও। কিন্তু বাংলাদেশের ক্লাবগুলো লিদের ধরে রাখতে পারে না, লি-মুগ্ধতার মধ্যে এটাও অনেকের মনে কাঁটা বেঁধায়।