
স্কোরলাইন দেখে শুধুই আফসোস করতে পারে ক্ষয়িষ্ণু মোহামেডান। কিন্তু তাতে কি দলের রুগ্ণ ছবিটা ঢাকা যায়! সাদা-কালোর কোচ জোসিমউদ্দিন জোসি সেই চেষ্টা করলেন না। কিন্তু ভেতরে নীরব রক্তক্ষরণ হচ্ছিল ঠিকই। আবাহনীর কাছে ৩ গোল হজম করে হার মানাটা মোহামেডানের কোচের পক্ষে কখনোই মেনে নিতে পারার কথা নয়।
আবাহনী ১ গোলে জিতলেও হয়তো জোসি এমন বিব্রত হতেন না। আবাহনী যে রকম শক্তিশালী দল, হারাটা অস্বাভাবিক নয়। কিন্তু শেষ দিকে দুটি গোল মোহামেডানকে লজ্জায় ফেলে দিয়েছে। সাম্প্রতিক সময়ে এমন পরিষ্কার ব্যবধানে মোহামেডানের বিপক্ষে জেতেনি আবাহনী। কাল তাদের হাতে সেই জয়টা ধরা দেওয়ায় ভূমিকা ছিল মোহামেডানের উদার রক্ষণেরও।
মোহামেডানের তরুণ তুর্কিদের আসলে কিছু করারও ছিল না। এই পর্যায়ের ম্যাচ খেলার জন্য তাঁরা এখনো তৈরিই নন। গত চ্যাম্পিয়নশিপ লিগ থেকে তিন-চারজন এসেছেন, বাকিরা প্রিমিয়ারে গত বছর ছিলেন একেবারেই অনিয়মিত। জোসি তাই দুষলেন খেলোয়াড়দের অনভিজ্ঞতাকে, ‘ছেলেরা চেষ্টা করেছে, কিন্তু এমন ম্যাচ খেলার অভিজ্ঞতাও তো থাকা চাই।’
অন্যদিকে আবাহনীতে লি টাকের মতো উঁচু মানের খেলোয়াড়। কাল এই ইংলিশ ফরোয়ার্ড একাই নাচিয়ে ছাড়লেন মোহামেডানকে। বারবার জায়গা বদলে ধাঁধায় ফেলেন ডিফেন্ডারদের। তাঁর পায়ের কারুকাজ, নিখুঁত শট—সবই এককথায় দারুণ। নিজে গোল পাচ্ছিলেন না, যোগ করা সময়ের তৃতীয় মিনিটে থ্রু ধরে বক্সের ওপর থেকে মাপা শটে সেটিও পেলেন। ৩-০!
এর আগে লি গোল বানিয়েও দিয়েছেন। তাঁর থ্রু ধরেই ৮৯ মিনিটে গোলরক্ষক নেহালের পাশ দিয়ে বল জালে পাঠালেন স্ট্রাইকার সানডে। তবে ম্যাচের সেরা গোলটা ২৬ মিনিটে করেছেন হেমন্ত। চোট কাটিয়ে কদিন আগে ফেরা চনমনে হেমন্ত কোনাকুটি শটে প্লেসিং করলেন। শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে আবাহনী তৈরি করছিল একের পর গোলের সুযোগ।
হেমন্ত অবশ্য গোল পেতে পারতেন আরও আগেই। লি টাকের বাড়ানো বলে দারুণ শট নিয়েছিলেন। কিন্তু গোলরক্ষক নেহাল ছিলেন তৈরি। ফিস্ট করে সে যাত্রা বিপদ এড়ালেন মোহামেডনের। সঙ্গে একটু ভরসাও দিলেন জনি, শাহেদ, সজীবদের। তাঁরা মাঝেমধ্যে চেষ্টা করেছেন গোলের সুযোগ তৈরি করতে। কিন্তু সে অর্থে গোল হওয়ার মতো সুযোগ আসেনি। দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো খেলেছে মোহামেডান। কিন্তু তাদের যে একজন লি টাক, একজন হেমন্ত বা সানডে নেই!
আবাহনী-মোহামেডান ম্যাচের টানেই কিনা অন্য দিনের চেয়ে গ্যালারিতে দর্শক কাল একটু বেশিই এসেছে। আবাহনীর সমর্থকেরা দেখলেন, তঁাদের দল ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে বসে গেছে শীর্ষে থাকা শেখ জামালের পাশে। তবে ৩ গোলেও তঁারা যেন ঠিক খুশি নন। কোচ জর্জ কোটান অবশ্য তৃপ্তই, ‘দারুণ খেললাম আমরা।’ অতৃপ্তি যদি তাঁর কিছু থেকেও থাকে, সেটা প্রথমার্ধে একটির বেশি গোল না পাওয়া।
কোটান হয়তো জানেন না, ঠিক ৩৪ বছর আগে ১৯৮২ সালের এই ২১ সেপ্টেম্বরেই আবাহনী-মোহামেডান ম্যাচে কী ঘটেছিল। সেদিন ১ গোলে এগিয়ে থাকা মোহামেডানের জালে শেষ দিকে বল পাঠান আবাহনীর অধিনায়ক কাজী আনোয়ার। সেই গোল নিয়ে তুলকালাম কাণ্ডের জেরে জেল হয়েছিল আবাহনীর চার ফুটবলার কাজী সালাউদ্দিন, আশরাফউদ্দিন চুন্নু, কাজী আনোয়ার ও গোলাম রাব্বানী হেলালের। ৩৪ বছর পরের দৃশ্যপট পুরোপুরি ভিন্ন। মাঠে আবাহনী-মোহামেডান খেলল বটে, উত্তেজনা-শিহরণ থাকল কই!
আবাহনী: শাকিল, ওয়ালি, তপু, মামুন মিয়া, সামাদ, ইমন, হেমন্ত (প্রাণতোষ), জুয়েল রানা (শাহেদ), ফাহাদ, সানডে, লি টাক (শাকিল)।
মোহামেডান: নেহাল, ইউসুফ (আশিক), বিশ্বনাথ, ইয়াইয়া, জনি, সজীব, সবুজ (বিপলু), শাহেদ (মাসুদ), মিলন, পেট্রিস, বাঙ্গুরা। রেফারি: জসিম উদ্দিন।