লিউ শিয়াংয়ের বিদায় সংবর্ধনা
তাঁর জন্য চীনারা কেঁদেছে অনেকবারই। কখনো সুখে, কখনো দুঃখে। সেই লিউ শিয়াংয়ের জন্য পরশু আরেকবার কাঁদল সাংহাইয়ের দর্শকেরা। চোটের সঙ্গে পেরে না উঠে মাত্র ৩১ বছর বয়সেই গত মাসে অ্যাথলেটিকসকে বিদায় জানিয়েছেন চীনের অলিম্পিক সোনাজয়ী হার্ডলার। নিজেদের সবচেয়ে বিখ্যাত অ্যাথলেটকে ঘটা করে বিদায় দিতেই সাংহাই ডায়মন্ড লিগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল চীনের অ্যাথলেটিকস কর্তৃপক্ষ। আবেগাপ্লুত দর্শক কেঁদেছে সেখানেই।
পরশু ছেলেদের ১১০ মিটার হার্ডলস শেষ হওয়ার পরই আসে লিউয়ের বিদায়ক্ষণ। সোনাজয়ী মার্কিন হার্ডলার ডেভিড অলিভারের সঙ্গে ভিক্টরি ল্যাপ দেন লিউ শিয়াংও। ২০০৪ এথেন্স অলিম্পিকে সোনাজয়ী হার্ডলার এরপর ট্র্যাকের পাশে দাঁড়িয়ে কথা বলেন দর্শকদের উদ্দেশে, ‘আমাকে যেভাবে উৎসাহ দিয়েছেন, আমার পাশে থেকেছেন তাতে আমি আপ্লুত। খুব ভালো লাগছে যে আজ আমি বিদায় বলার সুযোগ পেলাম।’ এএফপি।