লিউকেমিয়া নিয়ে ফুটবল মাঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিউকেমিয়াকেও পাত্তা দিচ্ছেন না কাপারোস। ছবি: এএফপি
লিউকেমিয়াকেও পাত্তা দিচ্ছেন না কাপারোস। ছবি: এএফপি

সেভিয়ার ড্রেসিংরুম তখনো ম্যাচ জয়ের আনন্দে আত্মহারা। ঠিক সেই সময়েই কিনা কোচ জোয়াকিন কাপারোস জানালেন একটি দুঃসংবাদ। রিয়াল ভায়াদোলিদকে ২-০ গোলে হারানোর পর সংবাদ সম্মেলনে গিয়ে কাপারোস বলেছেন, তিনি লিউকেমিয়ায় ভুগছেন।

কাপারোসের বয়স ৬৩ বছর। আগে ছিলেন সেভিয়ার ক্রীড়া পরিচালক। কিন্তু গত মাসে পাবলো মাচিন বরখাস্ত হওয়ায় পেয়েছেন ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব। তাঁর অধীনে দল ৬ ম্যাচের ৪টিতেই জয় পেয়েছে। তাঁকে নিয়ে সবাই যখন উচ্ছ্বাস করছেন, কাপারোস সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমার লিউকেমিয়া আছে। এটা শুরুতেই ধরা পড়েছে এবং আমি এটা নিয়েও স্বাভাবিক জীবনযাপন করতে পারব।’ লিউকেমিয়া থাকলেও এ নিয়েই স্বাভাবিক জীবনযাপন করে যেতে চান কাপারোস, ‘আমি চাকরিটা করে যেতে চাই। আর চাই সবাই যেন নিশ্চিন্ত থাকে। আমার এই রোগের কোনো চিকিৎসা নেই। কোচিং চালিয়ে যেতে সুযোগ দেওয়ার জন্য আমি ক্লাবের কাছে কৃতজ্ঞ।’

এর আগে সেভিয়ার আরেক কোচ এদুয়ার্দো বেরিজ্জো ২০১৭ সালের নভেম্বরে ঘোষণা দিয়েছিলেন, তিনি মূত্রথলির ক্যানসারে আক্রান্ত। কয়েকটি ম্যাচে দল বাজে ফল করায় পরের মাসেই বরখাস্ত হয়েছিলেন বেরিজ্জো।