
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে লুই ফন গালই সবচেয়ে যোগ্য লোক—ফন গাল ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পর থেকেই এমনটা বলছেন সবাই। অভিজ্ঞ এই ডাচ কোচকে পেয়ে ইউনাইটেড সমর্থকেরাও বুক বাঁধছে শিরোপার আশায়। কার্লো আনচেলত্তিও ফন গালের প্রশংসায় পঞ্চমুখ। বলেছেন ইউনাইটেডের জন্য ফন গাল ‘অসাধারণ পছন্দ’। কিন্তু রিয়াল মাদ্রিদ কোচের স্পষ্ট উচ্চারণ, ফন গাল ইউনাইটেডকে লিগ জেতাতে পারবেন না। অন্তত প্রথম মৌসুমেই।
প্রাক-মৌসুম প্রস্তুতি নিতে আনচেলত্তির রিয়াল এবং ফন গালের ইউনাইটেড—দুই দলই এখন যুক্তরাষ্ট্রে। গতকাল রাতেই ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে গ্রুপের শেষ ম্যাচে একে অন্যের মুখোমুখি হয়েছিল রিয়াল ও ইউনাইটেড। মিশিগান স্টেডিয়ামে নামার আগে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেছেন, হঠাৎ ঝড়ে এলোমেলো ইউনাইটেডকে পুনর্গঠন করে শিরোপার দাবিদার করে তোলাটা ফন গালের জন্য সহজ হবে না।
দীর্ঘদিনের কান্ডারি ফার্গুসনের বিদায়টা আক্ষরিক অর্থেই ইউনাইটেডের জন্য ছিল বড় এক ঝড়। তাঁর রেখে যাওয়া চ্যাম্পিয়ন দলটিই গত মৌসুমে ডেভিড ময়েসের হাতে পড়ে লিগ শেষ করেছে সপ্তম হয়ে! নতুন মৌসুমে অভিজ্ঞরাও বিদায় নিয়েছেন একে একে। অভিজ্ঞ রায়ান গিগস খেলোয়াড়ি জীবনের ইতি টেনে হয়ে গেছেন ফন গালের সহকারী। অধিনায়ক নেমানিয়া ভিদিচ পাড়ি জমিয়েছেন ইন্টার মিলানে। রিও ফার্ডিনান্ড গেছেন কিউপিআরে, ফরাসি ডিফেন্ডার প্যাট্রিস এভরা জুভেন্টাসে। ফন গাল লুক শ, অ্যান্ডার হেরেরার মতো তরুণদের দলে ভিড়িয়েছেন। আরও খেলোয়াড় হয়তো কিনবেন। কিন্তু আনচেলত্তি বলছেন, ‘ফন গাল খুবই ভালো এবং অভিজ্ঞ কোচ। ম্যানচেস্টার ইউনাইটেডে সে চমৎকার কাজ করবে। হল্যান্ডের হয়ে বিশ্বকাপে তিনি দারুণ করেছেন। কোচ হিসেবে তাঁর নতুন করে কিছু শেখারও নেই। কিন্তু প্রথম বছরেই শিরোপা জেতাটা তাঁর জন্য সহজ হবে না। কারণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অনেক দলই আছে, যারা সবাই শিরোপা জিততে চায়।’
চেলসির কোচ হিসেবে আনচেলত্তি তাঁর প্রথম মৌসুমেই দলকে ডাবল (লিগ এবং এফএ কাপ) জিতিয়েছিলেন। কিন্তু নিজের অভিজ্ঞতা থেকেই বলছেন, ‘নতুন কৌশল বা পদ্ধতি বাস্তবায়ন করাটা সহজ নয়। গুরুত্বপূর্ণ হলো, খেলোয়াড়দের বুঝিয়ে-সুজিয়ে অনুপ্রাণিত করা। কিন্তু সেটা করতে কত দিন লাগবে, তা বলা কঠিন।’
ইউনাইটেডের কোচ হওয়ার দৌড়ে ফন গালের সঙ্গে আনচেলত্তিও ছিলেন বলে গুঞ্জন। আনচেলত্তি ওটা হেসে উড়িয়েই দিয়েছেন, ‘গুঞ্জন তো প্রতিনিয়তই শোনা যায়। কিন্তু আমি অসাধারণ একটা ক্লাবে আছি। ইউনাইটেডের প্রতি যথেষ্ট সম্মান রেখেই বলছি, এখানে আমি সুখেই আছি।’
আনচেলত্তি কথা বলেছেন মিশিগান স্টেডিয়ামের ম্যাচ নিয়েও। ইন্টার মিলানের সঙ্গে প্রথম ম্যাচে ১-১ ড্র এবং দ্বিতীয় ম্যাচে রোমার কাছে ১-০ গোলে হেরে এরই মধ্যে আট দলের ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের ফাইনালের ওঠার সম্ভাবনা শেষ হয়ে গেছে রিয়ালের। অন্যদিকে এক জয়, এক ড্রয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে থাকা ফন গালের ইউনাইটেড কাল রিয়ালের সঙ্গে জিতলে উঠে গেছে ৪ আগস্টের ফাইনালে। ফাইনালের আশা শেষ হয়ে গেলেও আনচেলত্তি যুক্তরাষ্ট্র সফরের শেষটা অন্তত জয় দিয়েই করতে চান, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে খেললে সেটা কখনোই প্রীতি ম্যাচ থাকে না। আমরা আমাদের সেরাটাই দিতে চাই। কারণ এটাই আমাদের সফরের শেষ ম্যাচ। ফেরার আগে আমরা শেষটা ভালোভাবে করতে চাই এবং উয়েফা সুপার কাপের জন্য প্রস্তুত হতে চাই।’ গোলডটকম ও বিদেশি পত্রপত্রিকা।