লিগ জিতেও অনিশ্চিত চ্যাম্পিয়নস লিগে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ফুল তুমি, কাঁটাও তুমি’—মালিকপক্ষ রেড বুলকে উদ্দেশ করে এমন ব্যানার এখন চাইলে বানাতেই পারেন রেড বুল সালজবুর্গের সমর্থকেরা।

অস্ট্রিয়ান এনার্জি ড্রিংক প্রস্তুতকারী কোম্পানিটি ২০০৫ সালে ক্লাবের মালিক হওয়ার পর ১১ মৌসুমে আটবার অস্ট্রিয়ান বুন্দেসলিগা জিতেছে সালজবুর্গ। যার সর্বশেষটি এসেছে পরশু। র‍্যাপিড ভিয়েনাকে ১-০ গোলে হারিয়ে এবার জিতেছে লিগ শিরোপা। এসব যদি দেয় ফুলের সৌরভ, তবে কাঁটার আঘাত হয়ে আসছে চ্যাম্পিয়নস লিগে দলটির খেলা নিয়ে অনিশ্চয়তা। অনিশ্চয়তার কারণই যে রেড বুলের মালিকানা!

অস্ট্রিয়ান চ্যাম্পিয়নরা সুযোগ পায় চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় কোয়ালিফাইং রাউন্ডে। কিন্তু এবার সালজবুর্গের বাছাইপর্বে খেলাও সংশয়ে, কারণ রেড বুল যে জার্মানির ক্লাব আর বি লাইপজিগেরও মালিক! ক্লাব ইতিহাসে প্রথমবার জার্মানির শীর্ষ স্তরে খেলতে এসেই চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করেছে লাইপজিগও, লিগে হতে যাচ্ছে দ্বিতীয়। কিন্তু উয়েফার নিয়ম, একই মালিকানায় থাকা দুটি ক্লাব একই প্রতিযোগিতায় খেলতে পারবে না।

এসব ক্ষেত্রে যে দলটি নিজেদের লিগে বেশি ভালো অবস্থানে থাকে, তারাই সুযোগ পায়। সে হিসেবে সালজবুর্গই খেলবে। তবে মৌসুমের মাঝপথে এই বিতর্কটা শুরু হওয়ার পর থেকেই লাইপজিগ বলে আসছে, চ্যাম্পিয়নস লিগে যাতে দুই দলই খেলতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় ‘হোমওয়ার্ক’ সেরে রেখেছে তারা। উয়েফা অবশ্য দুটি ক্লাবেরই ব্যবস্থাপনা পদ্ধতি ভালোভাবে জেনে তারপর সিদ্ধান্ত নেবে।

চ্যাম্পিয়নস লিগে খেলতে পারা হবে লাইপজিগের রূপকথার মতো এক মৌসুমের দুর্দান্ত সমাপ্তি। পরশুও রোমাঞ্চকর এক ম্যাচ খেলেছে লাইপজিগ। বায়ার্ন মিউনিখের সঙ্গে ৯০ মিনিটে ৪-৩ গোলে এগিয়ে থেকেও ঘরের মাঠে লাইপজিগ হেরে গেছে ৫-৪ গোলে! ৬৫ সেকেন্ডে প্রথম গোল, ৪৭ মিনিটে ৩-১-এ এগোনো...এই ম্যাচ লাইপজিগ হেরেছে ৯১ মিনিটে আলাবার দুর্দান্ত ফ্রিকিক আর ৯৫ মিনিটে রোবেনের গোলে! এএফপি, ইএসপিএন।