লিগ শিরোপা কি তাহলে লিভারপুলই পাচ্ছে?

>করোনাভাইরাস মোকাবিলায় এপ্রিলের ৪ তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে প্রিমিয়ার লিগ। করোনাভাইরাসের প্রকোপ যদি না কমে, এবারের লিগ মৌসুমের কী হবে তাহলে?
ভাগ্যকে দুষতেই পারে লিভারপুল।
যেখানে প্রিমিয়ার লিগের অন্য চ্যাম্পিয়নরা লিগের বাকি উনিশ ক্লাবের সঙ্গে লড়াই করে শিরোপা জেতে, সেখানে এবার উনিশ ক্লাব নয়, শিরোপা জেতার পথে লিভারপুলকে লড়াই করতে হচ্ছে এক অশরীরী প্রতিপক্ষের সঙ্গে—করোনাভাইরাস। এ মৌসুমে বাকি উনিশ ক্লাব লিভারপুলের শিরোপা জয়ের পথে বাধা সৃষ্টি করতে না পারলেও পেরেছে করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসের কারণে এর মধ্যেই অন্যান্য লিগের মতো প্রিমিয়ার লিগও স্থগিত করা হয়েছে। আপাতত তিন সপ্তাহের জন্য স্থগিত করা হলেও লিগ সংশ্লিষ্ট সবাই জানেন, করোনাভাইরাসের প্রকোপ এই তিন সপ্তাহে মোটেও কমবে না; বরং বাড়বে। গবেষকেরা অনুমান করেছেন, ব্রিটেনে এখনো সেভাবে করোনাভাইরাসের আগমন ঘটেইনি! ব্রিটেনে করোনাভাইরাসের আসল প্রকোপ দেখা যাবে মে মাসের শেষ থেকে জুন মাস পর্যন্ত।
এই যদি অবস্থা হয়, তাহলে ফুটবল ম্যাচ আয়োজন করা হবে কী করে? জীবনের চেয়ে ফুটবলের দাম যে অনেক বড়! ফলে এই মৌসুম বাতিল করা হতে পারে, এমন একটা আশঙ্কার কথা বলছেন অনেকে। কিন্তু এখন জানা যাচ্ছে, একেবারেই পুরো মৌসুম বাতিল করা না-ও হতে পারে। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের চার সাংবাদিক ম্যাট ল, জেসন বার্ট, স্যাম ওয়ালেস ও বেন রামসবি সাম্প্রতিক এক প্রতিবেদনে জানিয়েছেন, লিগ যদি আর মাঠে না গড়ায়, তাহলে শিরোপা দিয়ে দেওয়া হবে লিভারপুলকেই।
প্রিমিয়ার লিগের এই মৌসুম শেষ হতে এখনো নয় ম্যাচ বাকি, নয় ম্যাচ হাতে রেখেই দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ২৫ পয়েন্টে এগিয়ে আছে লিভারপুল। নয় ম্যাচের মধ্যে কোনোভাবে দুই ম্যাচ জিততে পারলেই শিরোপা লিভারপুলের, নিজেদের হাতে থাকা বাকি ম্যাচগুলো জিতলেও তখন লিভারপুলকে টপকাতে পারবে না ম্যানচেস্টার সিটিসহ লিগের অন্য ক্লাবগুলো।
প্রতিবেদনে বলা হয়েছে, লিগ আর মাঠে না গড়ালে বেশ কিছু সিদ্ধান্ত নেবে এফএসহ লিগ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন। আর লিগ যদি মাঠে গড়ায়, সে ক্ষেত্রে লিগের বাকি ম্যাচগুলো যাতে আয়োজন করা যেতে পারে, সে কারণে বাতিল করা হবে এই মৌসুমের ইএফএল কাপ।
টেলিগ্রাফের চার প্রতিবেদক জানিয়েছেন, যদি লিগ আর মাঠে না গড়ায়, সে ক্ষেত্রে লিভারপুলকে চ্যাম্পিয়ন হিসেবে মেনে নিতে অন্য কোনো দলের পক্ষ থেকে তেমন কোনো আপত্তি থাকবে না। কিন্তু লিগ থেকে কোন কোন দল অবনমিত হবে, সেটা নিয়েই মূলত কঠিন সিদ্ধান্ত নিতে হবে লিগ কর্তৃপক্ষকে।
বলা হচ্ছে, এর মধ্যে লিগ কর্তৃপক্ষের টেবিলে একটা প্রস্তাবনা আছে এই বিষয়ে। দ্বিতীয় বিভাগের শীর্ষ দুই দল লিডস ইউনাইটেড ও ওয়েস্ট ব্রমকে পরের মৌসুমে প্রিমিয়ার লিগে উন্নীত করা হলেও প্রিমিয়ার লিগ থেকে কোনো দলকে অবনমিত করা হবে না। সে ক্ষেত্রে বেঁচে যাবে লিগের শেষ তিন দল নরউইচ সিটি, অ্যাস্টন ভিলা ও বোর্নমাথ। কিন্তু পরের মৌসুমে বাইশ দলের মধ্যে তিন দল নয়, বরং অবনমিত করা হবে লিগ টেবিলের নিচে থাকা পাঁচ দলকে।
এদিকে শোনা গেছে, এফএ'র চেয়ারম্যান গ্রেগ ক্লার্ক জানিয়েছেন, এই অবস্থায় ঘরোয়া লিগ শেষ করা সম্ভব নয়। তবে লিগ মৌসুম যদি আর শুরু না করা যায়, সে ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যায় পড়বে নিচু স্তরের ক্লাবগুলো, যারা প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর মতো টিভিস্বত্ব থেকে উপার্জন করতে পারে না। প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সাত ভাগের এক ভাগ আসে টিভিস্বত্ব থেকে। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্তরের ক্লাবগুলোর ক্ষেত্রে এ উপার্জন অনেক কম। তাঁদের উপার্জন মূলত আসে ম্যাচের দিন বিক্রি করার টিকিট থেকে প্রাপ্ত অর্থ থেকে। এখন লিগ বন্ধ হয়ে গেলে তাদের উপার্জনের একটা বড় অংশ বন্ধ হয়ে যাবে। ফলে খেলোয়াড়-কর্মকর্তারা বেতন পাবেন না। তাই তাঁদের ব্যাপারটাও দেখতে হচ্ছে কর্তৃপক্ষকে।
কিন্তু তাই বলে এই করোনাভাইরাস যেতে না যেতেই যদি ৪ এপ্রিল থেকে লিগ শুরু করে দেওয়া হয়, তাহলে অনেক ক্লাবই খেলতে চাইবে না।
সব মিলিয়ে ভালো অনিশ্চয়তার মধ্যেই পড়েছে প্রিমিয়ার লিগ।