লিগ শেষ তৌহিদুলের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঁ পায়ের হাড় ভেঙে যাওয়ায় প্রিমিয়ার ফুটবল লিগে তৌহিদুল আলমের এবারের মৌসুমটা শেষ হয়ে গেল। পরশু চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ম্যাচে গুরুতর আহত হয়ে হাসপাতালে যেতে হয় মুক্তিযোদ্ধার স্ট্রাইকারকে। মাঝমাঠে তৌহিদুল বল নিয়ে এগিয়ে যাওয়ার সময় তাঁকে স্লাইড ট্যাকল করেন প্রতিপক্ষের আরমান আজিজ। আঘাতটা এতটাই গুরুতর ছিল যে অ্যাম্বুলেন্সে করে তাঁকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
চিকিৎসকেরা জানিয়ে দেন, তৌহিদুলের পায়ের হাড় ভেঙে গেছে। আপাতত তিন মাস তাঁকে বিশ্রামে থাকতে হবে। এবারের লিগে স্থানীয়দের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা তৌহিদুল। ১০ ম্যাচে করেছেন ৫ গোল। এভাবে লিগের মাঝপথে চোট পাওয়ায় ভীষণ হতাশ তৌহিদুল, ‘আমার ভাগ্যটাই খারাপ। ভেবেছিলাম পুরো লিগেই খেলব, কিন্তু ডাক্তার আমাকে পরিপূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন।’