লিগে কেমন করছেন জাতীয় দলের তারকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিগে জাতীয় দলের তারকাদের পারফরম্যান্স আহামরি কিছু নয়। ফাইল ছবি
লিগে জাতীয় দলের তারকাদের পারফরম্যান্স আহামরি কিছু নয়। ফাইল ছবি

গত সোমবার প্রিমিয়ার লিগে আরামবাগের বিপক্ষে গোল পেলেন জাতীয় দলের স্ট্রাইকার জাহিদ হোসেন এমিলি। ঘরোয়া লিগে জাতীয় দলের স্ট্রাইকার গোল করবেন—এটাই তো স্বাভাবিক। সংবাদ হওয়ার কিছু নয়। কিন্তু এমিলির গোল বিশেষ সংবাদ হয়, কারণ তিনি গোলটি পেলেন প্রায় দুই মৌসুম পর। গত মৌসুমে শেখ রাসেলের হয়ে খেলেছেন, এই মৌসুমে আছেন মোহামেডানে। গোল করার আনন্দ কেমন—সেটিই তো ভুলে যাওয়ার কথা নয়। এমিলি ভুলেই গিয়েছিলেন। ম্যাচ শেষ তিনি বলেছেন, কবে শেষ গোলটি করেছিলেন, তিনি নাকি ভুলেই গেছেন।

এমিলি ভুলতে বসেছিলেন, তিনি শেষ কবে গোল করেছিলেন। ২০১৬ সালের অক্টোবরে জাতীয় ফুটবল দল সর্বশেষ যাঁর অধিনায়কত্বে মাঠে নেমেছিল, সেই মামুনুল ইসলামও নিজেকে হারিয়ে খুঁজছেন। লিগে প্রায় খুঁজেই পাওয়া যায়নি তাঁকে। তিন ম্যাচে বদলিসহ মোট ম্যাচ খেলেছেন ১২টি। এর মধ্যে সাতটি ম্যাচেই তুলে নিতে হয়েছে তাঁকে। এই মিডফিল্ডারের নামের পাশে গোল আছে একটি। পরিসংখ্যানেই বোঝা যাচ্ছে চট্টগ্রাম আবাহনীতে তাঁর অবদান কতটুকু।
এমিলি-মামুনুলদের পাশাপাশি জাতীয় দলের আরেক ফুটবলার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস এবারের লিগে নিজেকে হারিয়ে খুঁজেছেন। অথচ বছর তিনেক আগে রীতিমতো ধূমকেতুর মতোই আবির্ভাব হয়েছিল তাঁর। জাতীয় দলের মূল একাদশেও জায়গা মোটামুটি পাকা করে ফেলেছিলেন। কিন্তু সময় তাঁর পারফরম্যান্স ঘুণ ধরিয়েছে। এবারের লিগে হেমন্তর পারফরম্যান্স খুব একটা ভালো নয়। সাইফ স্পোর্টিংয়ের হয়ে খেলেছেন ১৮টি ম্যাচ। ১৭ ম্যাচে মূল একাদশে, একটিতে বদলি হিসেবে পরে। মাঠ থেকে তাঁকে তুলে নিতে হয়েছে ৫ ম্যাচেই। পায়ের কোনো ঝলকই দেখাতে পারেননি। গোল করেছেন মাত্র একটি। যে আশা তাঁকে ঘিরে ছিল, সেটি মিলিয়ে যেতে বসেছে।
এমিলি, মামুনুল, হেমন্তরা ভালো করতে পারছেন না। তবে আরেক উইঙ্গার জাহিদ হোসেন কিন্তু খুব খারাপ করছেন না। অসুস্থতা ও লাল কার্ডের খাঁড়ায় পড়ে খেলা হয়নি দুটি ম্যাচ। বাকি ১৮টি ম্যাচের একটি বদলি হিসেবে ও ১৭টিতে ছিলেন প্রথম একাদশে। এর মধ্যে নয় ম্যাচে মাঠ থেকে তুলে নিতে হয়েছে তাকে। গোল করেছেন ৪টি। কখনো নিজে গোল করে ম্যাচ জিতিয়েছেন। আবার কখনো সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন। সেরা সময়টা পেছনে ফেলে এলেও জাহিদের যে এখনো অনেক কিছুই দেওয়ার বাকি আছে, তা বোঝা যায়।
জাহিদের মতোই জাতীয় দলের নির্ভরযোগ্য হোল্ডিং মিডফিল্ডার জামাল ভূঁইয়া লিগে ভালো করেছেন। মাঠে থাকলে পুরোটাতেই চষে বেড়িয়েছেন। সতীর্থদের অনেক গোলে আছে তাঁর অবদান। তাঁর প্রতিটি সেট পিসই ছিল প্রতিপক্ষের জন্য ফণা তোলা সাপের মতো। চোটের কারণে লিগের দ্বিতীয় পর্বের শুরুর দিকে ছিলেন না। তাঁর অভাবটা ঠিকই টের পেয়েছে সাইফ স্পোর্টিং।
অপর দুই তারকা জুয়েল রানা ও তপু বর্মণ আহামরি কিছু হয়তো করেননি। কিন্তু একেবারে খারাপও খেলেননি। ফরাশগঞ্জের বিপক্ষে জুয়েল রানা দুর্দান্ত একটি গোল করেছিলেন। এবারের মৌসুমের অন্যতম সেরা গোল ছিল সেটি। ১৮ ম্যাচে ৫ গোল তাঁর। প্রতিটি ম্যাচেই গোল করিয়েছেন। তপু সাইফে খেলছেন সর্বোচ্চ পারিশ্রমিকে। সেন্টারব্যাক হয়েও গুরুত্বপূর্ণ দুই ম্যাচে দুটি গোল করেছেন। কিন্তু খেয়ালি আচরণের মাশুলও গুনতে হয়েছে তাঁর। দুই ম্যাচে দেখেছেন লাল কার্ড। সে কারণে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে সাইফ পায়নি তাঁকে। তবে যেসব ম্যাচে খেলেছেন দলকে সেবাটা ভালোই দিয়েছেন।