লিগে সাত-এ নামা বায়ার্নের সম্মান ফিরল তাঁর হাতে
গত নভেম্বরে হান্সি ফ্লিক যখন বায়ার্ন মিউনিখের দায়িত্ব নিলেন, তখন জার্মান পত্র-পত্রিকায় যা লেখা হয়েছিল, তাতে তাঁর মন খারাপ হয়ে যাওয়াই স্বাভাবিক। বায়ার্ন মিউনিখকে ভয়ের কিছু নেই—এমন অপমানজনক শিরোনামেও প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। বায়ার্ন দলটার অবস্থা এমন হয়েছিল যে এতে সংবাদপত্রগুলোকে খুব একটা দোষারোপ করা যায় না।
আমি যখন নভেম্বরে বায়ার্নের দায়িত্ব নিই, তখন পত্রিকার শিরোনাম ছিল এখন থেকে বায়ার্নকে সমীহ করার কোনো প্রয়োজন নেই।
বায়ার্নের অবস্থাও ছিল তথৈবচ। বুন্দেসলিগায় দল খুব বাজে করছিল। ফ্রাঙ্কফুর্টে কাছে ৫-১ গোল হেরে যাওয়ার পর লিগ টেবিলের তিন থেকে বেরিয়ে গিয়েছিল তারা। খারাপ সময় আসতেই পারে, তাই বলে পাঁচবারের ইউরোপীয় চ্যাম্পিয়নরা ফ্রাঙ্কফুর্টের মতো দলের কাছে ৫-১ গোলে হেরে যাবে, সেটা অচিন্তনীয়ই ছিল বায়ার্নের মতো দলের শুভানুধ্যায়ীদের কাছে।
ম্যাচ শেষে কাল ফ্লিকের খুব করেই মনে পড়ার কথা গত নভেম্বর মাসের কথা। দলের বাজে অবস্থার কারণে যখন সবাই রীতিমতো অপমান করছিল তাদের। জার্মান ফুটবলের পরাশক্তি হিসেবে বায়ার্নকে নিয়ে যে সমীহ, সেটি যখন হারিয়ে যেতে বসার উপক্রম, তখনই তো তাঁর জাদু; ভুল হলো। জাদু নয়, ফ্লিক তখনই যেন হয়ে উঠলেন বায়ার্নের ত্রাণকর্তা।
ফ্লিক কাল সংবাদ সম্মেলনে বায়ার্নের সেই দুঃসময়টি সবাইকে মনে করিয়ে দিয়েছেন, ‘আমি যখন নভেম্বরে বায়ার্নের দায়িত্ব নিই, তখন পত্রিকার শিরোনাম ছিল এখন থেকে বায়ার্নকে সমীহ করার কোনো প্রয়োজন নেই। চরম বাজে একটা দল।’
কিন্তু এখন ফ্লিকের অধীনে বায়ার্ন কেবল সমীহ আদায় করা দলই নয়, গর্ব করার মতোও, ‘আমি আমার দলকে নিয়ে দারুণ গর্বিত। গত নভেম্বর থেকে এই দলটার উন্নতি দুর্দান্ত। আমাদের যা ছিল, তার সর্বোচ্চ ব্যবহার আমরা করেছি। তিনটা শিরোপা জেতা কিন্তু মুখের কথা নয়। প্রচণ্ড পরিশ্রম করেই এটা অর্জন করতে হয়।’ নিকো কোভাচের বদলে বায়ার্নের দায়িত্ব নিয়ে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন—কিন্তু এই শিরোপা যেভাবে এসেছে, সেটা অনন্যই। চ্যাম্পিয়নস লিগে প্রথম দল হিসেবে প্রত্যেকটি ম্যাচ জিতে শিরোপা ঘরে তোলার ব্যাপারটি সেই সাফল্যকে অন্য মাত্রাই দিচ্ছে।
২০১৪ বিশ্বকাপজয়ী জার্মান দলের সহকারী কোচ ছিলেন তিনি। জোয়াকিম লোর পাশে বসে চ্যাম্পিয়নশিপ অর্জনের কৌশলটা খুব ভালোই রপ্ত করেছিলেন হয়তো। সন্তর্পণে নিজেকে তৈরি করেছিলেন একজন চ্যাম্পিয়ন কোচ হিসেবে। দায়িত্ব নিয়েই দলে কিছু পরিবর্তন এনেছিলেন। যেগুলো পরবর্তীতে বায়ার্নের জন্য শিরোপাজয়ের অনুষঙ্গ হিসেবে প্রমাণিত হয়েছ। জেরোমে বোয়াটেংকে ডাগ আউট থেকে একাদশে নিয়ে আসা, টমাস মুলারকে আক্রমণভাগে ফিরিয়ে রবার্ট লেভানডফস্কির পেছনে খেলানো—বায়ার্নের জন্য দারুণ কার্যকর ছিল।
তবে ফ্লিক নিজে মনে করেন খেলোয়াড়দের ঐক্য আর জেতার প্রচণ্ড ইচ্ছাই দলকে সাফল্য এনে দিয়েছে, ‘আপনারা দেখেছেন দলের খেলোয়াড়দের প্রত্যয়ের মাত্রাটা। এটা অবশ্যই যেকোনো কোচের জন্যই দারুণ ব্যাপার। দলের প্রতিটি খেলোয়াড়েরই জেতার ইচ্ছা ছিল প্রবল।’
কোচের অনুপ্রেরণা অনেক বড় ব্যাপার। কোচের কর্মতৎপরতাতেই যে খেলোয়াড়দের মধ্যে জেতার ইচ্ছাটা তৈরি হয়, ফ্লিক নিজে না বললেও সেটি জানা সবারই। ফ্লিক সে কাজটাই খুব ভালো করে করেছেন বলেই তিনি সফল। বায়ার্ন ইউরোপ-সেরা।