লিগের আগেই ক্যাম্প করবেন সেন্টফিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুটানের সঙ্গে বাংলাদেশ দলের প্রথম প্লে-অফ ৬ সেপ্টেম্বর। ধারণা করা হচ্ছিল ম্যাচের কদিন আগে ক্যাম্প হবে। তবে সেই ধারণা পাল্টে দিয়ে আগামী মাসেই জাতীয় দলের ক্যাম্প করার কথা বলছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
২৪ জুলাই প্রিমিয়ার লিগ শুরুর আগের কয়েকটা দিন কাজে লাগানোর ইচ্ছা তাঁর, ‘কোচ এলে হাতে যে কদিন সময় আছে ভুটান ম্যাচের জন্য ক্যাম্প করা হবে।’ ম্যাচের আগে লিগ বন্ধ রেখে আরও দশ দিন ক্যাম্প করা হবে বলে জানালেন সালাউদ্দিন।
তবে তাঁর এই পরিকল্পনার বাস্তবায়ন হবে কি না, প্রশ্ন থেকে যায়। কারণ লিগ শুরুর আগে জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়তে চাইবে না ক্লাব। অতীত অভিজ্ঞতা সে কথাই বলে। তাই সালাউদ্দিনের পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে ক্লাব-বাফুফে টানাপোড়েন আবারও হয়তো দেখতে হবে।
তবে ভুটান ম্যাচের আগে জাতীয় দলে দেখা যাবে না পূর্ণাঙ্গ বিদেশি কোচিং স্টাফ। শুধু সেন্টফিটই কাজ করবেন। সঙ্গে স্থানীয় কোচ। ভুটান-বাধা পেরিয়ে ২০১৯ এশিয়া কাপের বাছাইপর্বে যেতে পারলে তবেই সেন্টফিটের সঙ্গে দীর্ঘ মেয়াদে চুক্তি এবং পূর্ণাঙ্গ কোচিং স্টাফ আনার চিন্তাভাবনা করবেন বাফুফে সভাপতি।
একটা বিষয় অবশ্য তিনি এখনই নাকচ করে দিয়েছেন। ভুটান ম্যাচের আগে বাংলাদেশকে নমপেনে গিয়ে প্রীতি ম্যাচ খেলার অনুরোধ করেছিল কম্বোডিয়া। ‘সময়ের অভাবে’ ওই প্রস্তাব গ্রহণ করেননি সালাউদ্দিন। কারণ ওই সময় লিগ চলবে। এর চেয়ে ভালো মনে করা হচ্ছে কোনো দলকে যদি ঢাকায় এনে খেলানো যায়। সেই দলটি হতে পারে নেপাল।
মোট কথা, বাফুফেতে এখন জাতীয় দল নিয়ে ভাবনাটা দৃশ্যমান। জাতীয় দলের কোচের পাশাপাশি টেকনিক্যাল ডিরেক্টর নিয়োগ চূড়ান্ত। দুজনের জন্য বাফুফের খরচ মাসে প্রায় ২৫ লাখ টাকা হবে বলে জানালেন সালাউদ্দিন। বিদেশি টেকনিক্যাল ডিরেক্টর নিলে বর্তমান টেকনিক্যাল ডিরেক্টর জোবায়ের নিপুর কী হবে? সালাউদ্দিন বললেন, ‘আমি তো কারও চাকরি কেড়ে নেওয়ার লোক নই।’ ১ জুলাই নতুন টেকনিক্যাল ডিরেক্টর দেশে যাবেন, কদিন পরই এসে চুক্তি করে কাজে নামবেন। জাতীয় দলের কোচের সঙ্গে তাঁর একটা যুগলবন্দী গড়ে তোলার চেষ্টা চালাচ্ছেন বাফুফে সভাপতি।