লিগের এখনো ঢের বাকি, বলছেন এনরিকে

লা লিগায় প্রথম তিন ম্যাচ পর পয়েন্ট টেবিলে হিসাব-নিকাশ ছিল এমন—৩ পয়েন্টে ১২ নাম্বারে রিয়াল মাদ্রিদ। আর পুরো ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ১৫ ম্যাচ শেষে হিসাবটা ভিন্ন—৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল আর ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে বার্সা। গত রাতে গেটাফের বিপক্ষে ড্র করে রিয়াল থেকে পয়েন্ট ব্যবধান বেড়েছে বার্সার। তবে এসব নিয়ে চিন্তিত নন কোচ লুইস এনরিকে।
লিগে এমন উত্থান-পতন থাকাটা মোটেও অস্বাভাবিক নয়। এনরিকে তাই বলছেন, ‘লিগ শেষ হতে এখনো অনেক বাকি।’ এরপর বার্সা কোচ বললেন, ‘একটা সময় দ্বিতীয় অবস্থানে থাকা দলের চেয়ে চার পয়েন্ট বেশি নিয়ে আমরা ছিলাম শীর্ষে। এখন আমরা চার পয়েন্টে পিছিয়ে। শীর্ষে থাকতে পারলে তো ভালোই হতো। কিন্তু লা লিগা এমনই। আমাদের এটি মেনে নিয়ে উন্নতির চেষ্টা করতে হবে। আত্মসমালোচনা করতে হবে। তবেই আমরা বিশ্লেষণ করতে পারব, কীভাবে উন্নতি করা যায়। অামরা এরই মধ্যে বুঝেছি এটা ছিল কঠিন ম্যাচ (গেটাফের বিপক্ষে)। কঠিন এক প্রতিপক্ষের বিপক্ষে সেরাটাই দিয়েছিলাম অামরা।’
পয়েন্ট খোয়ানোর পর বার্সা কোচের আত্মবিশ্লেষণ, ‘তাদের চেয়ে (গেটাফে) আমরা অনেক ভালো দল ছিলাম। গেটাফের বিপক্ষে খেলাটা কঠিন হলেও অনেক সুযোগ পেয়েছিলাম। এ ম্যাচ নিয়ে আপনি অনেক ধরনের ব্যাখ্যা করতে পারেন। তবে আমরা যদি একটি সুযোগও কাজে লাগিয়ে গোল দিতে পারতাম, তবে বলতাম—বার্সা ভালো পারফরম্যান্স করেছে।’ সূত্র: গোলডটকম।