লিগের ভাগ্য রিয়ালের হাতেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ম্যাচেই বদলে গেল লা লিগার সমীকরণ। এক ম্যাচ হাতে রেখে ৩ পয়েন্টে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু কাল ঘরের মাঠে রিয়াল ৩-২ গোলে হেরে যাওয়ায় জমে উঠেছে স্প্যানিশ লিগ।
পয়েন্ট তালিকার চূড়ায় এখন বার্সেলোনা। তবে রিয়াল মাদ্রিদের হাতে এখনো এক ম্যাচ বাড়তি আছে। পা না হড়কালে, রিয়ালকে হটানোর সাধ্য নেই বার্সেলোনার। কিন্তু রিয়ালের সামনে এখন অনেকগুলো চ্যালেঞ্জ। লিগে রিয়ালের বাকি ছয় ম্যাচের চারটি খেলতে হবে দেপোর্তিভো লা করুনিয়া, গ্রানাডা, সেল্টা ভিগো ও মালাগার মাঠে গিয়ে। ঘরের মাঠে তাদের দুই ম্যাচের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া ও সেভিয়া। বার্সার কাছে হারের আগে লা লিগায় শুধু এই দুই প্রতিপক্ষের কাছেই হেরেছে রিয়াল।
বার্সেলোনা তাদের বাকি পাঁচটি খেলবে ওসাসুনা, এসপানিওল, ভিয়ারিয়াল, লাস পালমাস ও এইবারের বিপক্ষে। এর মধ্যে খেলতে হবে এসপানিওল ও লাস পালমাসের মাঠে গিয়ে। নিজেদের মাঠে শুধু ভিয়ারিয়ালকে নিয়েই একটু দুশ্চিন্তায় থাকতে পারে বার্সা। ভিয়ারিয়ালের মাঠে দুই দলের ম্যাচটি ড্র হয়েছিল। তবে ন্যু ক্যাম্পে ভিয়ারিয়ালের হার ছাড়া অন্য কোনো কিছু বার্সার জন্য বিবেচিত হবে অঘটন।
লা লিগার ভাগ্য আসলে রিয়াল মাদ্রিদের হাতেই, তারা পা হড়কালেই সুবিধা হবে বার্সার। পরশুর জয় রিয়ালের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে দিয়েছে বার্সাকে। লা লিগার নিয়ম হলো, শীর্ষে থাকা দুই দলের পয়েন্ট সমান হলে মুখোমুখি লড়াইয়ের হিসাব দেখা হয়। সব ম্যাচ শেষে দুই দলের পয়েন্ট সমান হলে তাই শিরোপা পেয়ে যাবে বার্সা।