লিপ্পি-ক্যাপেলোর পর টানা তিন ফাইনালের দেখা পেলেন জিদান

>
- ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে তিনজন কোচ টানা তিন ফাইনালের দেখা পেয়েছেন
- জিদানের আগে সর্বশেষ টানা তিন ফাইনালের দেখা পেয়েছিলেন ইতালিয়ান কোচ মার্সেলো লিপ্পি
- জিদানের অধীনে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে রিয়াল কখনো হারেনি
জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদ কোচের দায়িত্ব নেন ২০১৬ সালের জানুয়ারিতে। মার্সেলো লিপ্পি তখন বেশ অবাকই হয়েছিলেন। ভাবতে পারেননি তাঁর সাবেক শিষ্য কোচিংয়ে নামবেন। কিন্তু এখন সেই জিদানই লিপ্পির অর্জনকে ছুঁয়ে ফেললেন। ইতিহাসেরও কি লীলা, লিপ্পির অধীনে জুভেন্টাস যখন টানা তিনবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছিল জিদান তখন (শেষ দুই ফাইনাল) এই ইতালিয়ান কোচেরই ছাত্র!
১৯৯৬ সালের বসন্তে ‘তুরিনের ওল্ড লেডি’দের হয়ে নাম লেখান জিদান। লিপ্পির হাত ধরে জুভেন্টাস তখন ইউরোপের চ্যাম্পিয়ন (১৯৯৫-৯৬)। পরের দুটি বছরেও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছিল জুভেন্টাস। কিন্তু এই দুবারই ফাইনাল থেকে খালি হাতে ফিরতে হয়েছে জিদান-ডেভিডসদের। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে ওটাই ছিল সর্বশেষবার যখন কোনো দল টানা তিনবার ফাইনাল খেলেছে।
জিদান কাল রাতে লিপ্পির সেই অর্জনকে ছুঁয়ে ফেললেন। ফরাসি কিংবদন্তির হাত ধরে চ্যাম্পিয়নস লিগে টানা তিনবার ফাইনালে উঠল রিয়াল। দলটির দায়িত্ব নেওয়ার মাত্র ২৮ মাসের মধ্যেই জিদান জায়গা করে নিলেন চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে অভিজাত কোচদের সংক্ষিপ্ত কাতারে। ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়নস লিগের ইতিহাস মিলিয়ে এই টুর্নামেন্টে আজ পর্যন্ত টানা তিন ফাইনালের দেখা পেয়েছেন তিনজন কোচ—ফ্যাবিও ক্যাপেলো, মার্সেলো লিপ্পি ও জিনেদিন জিদান।
ইতালিয়ান কোচ ক্যাপেলোর অধীনে এসি মিলান ১৯৯৩, ১৯৯৪ ও ১৯৯৫ সালে চ্যাম্পিয়নস লিগে টানা তিন ফাইনালের দেখা পেয়েছিল। জুভেন্টাসের হয়ে পরের তিন বছর ঠিক একই কীর্তি গড়েন লিপ্পি। ২০ বছর পর এবার তাঁদের অর্জনে ভাগ বসালেন জিদান। তবে রিয়াল কোচ একটি জায়গায় ক্যাপেলো-লিপ্পিকে ছাপিয়ে গেছেন। জিদানের মতো কোচ হিসেবে নিজের প্রথম তিন মৌসুমেই তিন ফাইনালের দেখা পাননি এই দুই ইতালিয়ান।
কোচ জিদানের অধীনে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে রিয়াল কখনো হারেনি। এই মঞ্চে ৯ ম্যাচের সব কটিতেই জয় পেয়েছেন রিয়াল সমর্থকদের প্রিয় ‘জিজু’। দশে দশ পেতে হলে তাঁকে ২৬ মে কিয়েভের ফাইনাল জিততে হবে। এ পর্যন্ত যে পথটুকু পেছনে ফেলে এসেছেন, তাতে এই টুর্নামেন্টের ইতিহাসে প্রথম কোচ হিসেবে তাঁর টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কিন্তু উঁকি দিচ্ছে।
এবার চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বের ড্র হওয়ার পর অনেকেই ভবিষ্যদ্বাণী করেছিলেন, রিয়ালের উঠে আসার পথটা সহজ হবে। বটে! গ্রুপ পর্বে তারা মুখোমুখি হয়েছে বরুসিয়া ডর্টমুন্ড ও টটেনহাম হটস্পারের। শেষ ষোলোয় ফরাসি লিগ চ্যাম্পিয়ন পিএসজি, শেষ আটে ইতালিয়ান লিগ চ্যাম্পিয়ন জুভেন্টাস আর শেষ চারে জার্মান লিগ চ্যাম্পিয়ন বায়ার্ন—অর্থাৎ জিদানের এই রিয়ালকে ফাইনালে উঠতে হয়েছে তিন দেশের তিন চ্যাম্পিয়নকে হারিয়ে!
রিয়ালকে ফাইনাল পর্যন্ত উঠে আসতে যে ভালোই ভুগতে হয়েছে, কাল সেমির ফিরতি লেগ শেষে মেনে নিলেন জিদান, ‘আমরা অনেক বড় (বায়ার্ন) একটা দলের বিপক্ষে খেললাম। জুভেন্টাসও এমন দল ছিল, পিএসজিও। অনেক ভোগান্তির পরও এই তিনটি দলকে হারাতে পেরে আমরা খুশি।’