
বিশ্বের সেরা ফুটবল কোচ কে? উত্তর দেওয়ার আগে কেউ কেউ হয়তো সাতপাঁচ ভাববেন—সাফল্যের ভিত্তিতে সেরা নাকি ফুটবলপ্রজ্ঞার মানদণ্ডে? কিন্তু প্রশ্নটা ইতালির বিশ্বকাপজয়ী কোচ মার্সেলো লিপ্পিকে করুন, উত্তরটা তাঁর মুখে সাজানো—কার্লো আনচেলত্তি। ইতালিয়ান লিপ্পির স্বদেশি আনচেলত্তিকে বিশ্বসেরা বলার কারণ, আনচেলত্তি দেশে-বিদেশে শিরোপা জিতেছেন, ‘খেলোয়াড় হিসেবে সে ইউরোপিয়ান কাপ এবং অনেকগুলো ঘরোয়া শিরোপা জিতেছে। দেশে এবং দেশের বাইরে কোচ হিসেবেও আবার ওই শিরোপগুলো সে জিতেছে।’ কমবেশি প্রায় সব কোচ সম্পর্কেই কোনো না কোনো নেতিবাচক কথাবার্তা শোনা যায়। কিন্তু লিপ্পি মনে করেন, আনচেলত্তি সম্পর্কে কারও নেতিবাচক কিছু বলার নেই।
রিয়াল থেকে চাকরিচ্যুত আনচেলত্তি বুন্দেসলিগার নতুন মৌসুমে দায়িত্ব নেবেন বায়ার্ন মিউনিখের। তিন বছরের জন্য তাঁকে চুক্তিবদ্ধ করেছে বুন্দেসলিগার রেকর্ড ২৫ বারের চ্যাম্পিয়ন দলটি। লিপ্পির বিশ্বাস, কোচ হিসেবে বিভিন্ন ইউরোপিয়ান লিগে যেমন সফল হয়েছেন আনচেলত্তি, বুন্দেসলিগায়ও সফল হবেন। বায়ার্নে যাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন, সেই পেপ গার্দিওলাও কোচ হিসেবে কম নন। বার্সেলোনার সাবেক ও বায়ার্নের বিদায়ী কোচ সম্পর্কে লিপ্পির মূল্যায়ন, ‘তাঁর অধীনেই বার্সেলোনা সর্বকালের শক্তিশালী দল হয়ে উঠেছিল।’ আইএএনএস।