লিভারপুলের 'বিশ্বাস' অর্জনের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল করে উদ্‌যাপন লিভারপুল মিডফিল্ডার কুতিনহোর। ছবি: এএফপি।
গোল করে উদ্‌যাপন লিভারপুল মিডফিল্ডার কুতিনহোর। ছবি: এএফপি।

ম্যাচ শেষে লিভারপুল ম্যানেজার ইয়ূর্গেন ক্লপের মুখ থেকেই বেরিয়ে এল কথাটা, ‘এই জয় লিভারপুলের খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করবে। তাঁরা এই জয়ের পর থেকে বিশ্বাস করবে সফল হওয়ার পথে যেকোনো বাধাই তারা অতিক্রম করতে সক্ষম।’
শনিবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে লিভারপুলের ৪-১ গোলের জয়টা এমনই। লিভারপুলের কোচ হয়ে আসার পর থেকে ক্লপ যে তাঁর খেলোয়াড়দের মধ্যে যে ব্যাপারটির খোঁজ করছিলেন, সিটির বিপক্ষে দারুণ এই জয়ে তা তিনি পেয়ে যাবেন, এতে সন্দেহ নেই।
সিটিকে হারানোর মধ্য দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচে জয় পেল লিভারপুল। সিটিকে হারানোর আগে তারা জিতেছিল চেলসির বিপক্ষে। তবে চ্যাম্পিয়নস লিগের কোয়ালিফাই করার লড়াইয়ে যদিও এখনো ৬ পয়েন্ট পিছিয়ে দলটি।
ম্যাচের প্রথম ৩২ মিনিটেই কাল ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল লিভারপুল। প্রথম গোলটি আত্মঘাতী হলেও এটি আসলে লিভারপুলের প্রেসিংয়েরই ফসল। দ্বিতীয় গোলটি আসে ফিরমিনো-কুতিনহোর যৌথ প্রচেষ্টায়। তবে ফিরমিনোর পা থেকে তৃতীয় গোলটি ছিল দুর্দান্ত। প্রথমার্ধ শেষ হওয়ার কিছু আগে ব্যবধান কমিয়ে আনেন সিটির সার্জিও আগুয়েরো। লিভারপুলের এই দারুণ জয়টি আরও এক গোলে নিশ্চিত করেন মার্টিন স্কার্টেল।
খেলা শেষে ক্লপকে জিজ্ঞেস করা হয়েছিল ব্র্যান্ডন রজার্সের বিদায়ের পর লিভারপুলের পরিবর্তনগুলো সম্পর্কে। জবাবে তিনি বলেন পরিবর্তন কী হয়েছে, সেটা তাঁর বিবেচ্য বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয়টা হল, এই দলের খেলার উন্নতির বিষয়টা।’
ক্লপের মতে, সিটির বিপক্ষে যে ধরনের খেলা লিভারপুল খেলেছে, তার থেকেও উন্নতমানের খেলা উপহার দেওয়ার সামর্থ্য তাদের রয়েছে, ‘দলটির রক্ষণভা​গ আরও ভালো হতে পারে। সবচেয়ে বড় কথা আমরা এখন আমাদের শক্তিতে আস্থা রাখতে পারি, বিশ্বাস করতে পারি, এর চেয়ে ভালো খেলার যোগ্যতা আমাদের আছে।’
ক্লপ নিজেই জানিয়েছেন, বিরতির সময় লিভারপুলের ​অনেক খেলোয়াড়ই নাকি ৩-১ গোলে এগিয়ে থাকাটা বিশ্বাস করতে পারছিল না। তিনি মনে করেন, ‘এই জায়গাটিতেই দলের ঘাটতি রয়ে গেছে। খেলোয়াড়দের এখন থেকে নিজেদের শক্তিতে বিশ্বাস রাখতে হবে। সিটির বিপক্ষে বিরতির সময় ৩-১-এ এগিয়ে থাকাটা অস্বাভাবিক কিছু নয়। আমার দলের খেলোয়াড়দের মান নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রশ্ন নেই সামর্থ্য ​নিয়েও। সূত্র: এএফপি।