লিভারপুল কোচ ক্লপ বললেন, ভাগ্য ছাড়া ফাইনালে ওঠা যায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাগ্যের সহযোগিতা পেলেও ক্লপ মনে করেন যোগ্য দল হিসেবেই ফাইনালে লিভারপুল। ছবি: রয়টার্স
ভাগ্যের সহযোগিতা পেলেও ক্লপ মনে করেন যোগ্য দল হিসেবেই ফাইনালে লিভারপুল। ছবি: রয়টার্স
>
  •  সেমিফাইনালের প্রথম লেগ ৫-২ ব্যবধানে জিতেছিল লিভারপুল
  • দ্বিতীয় লেগে ৪-২ ব্যবধানে হারলেও ফাইনালে গিয়েছে অলরেডরা
  •  ২৬ মে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফাইনাল

দুর্দান্ত এক ম্যাচ উপহার দিয়েছে এএস রোমা। প্রথমার্ধে ২-১ গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি, শেষ বাঁশি বাজার আগে স্কোরলাইনকে রূপ দিয়েছে ৪-২-তে। রেফারির কিছু সিদ্ধান্ত নিজেদের পক্ষে পেলে কে জানে কিয়েভের ফাইনালে হয়তো লিভারপুল নয় রোমাকেই পেত রিয়াল মাদ্রিদ। কিন্তু বিষয়টাকে বড় করে দেখতে চান না লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। তাঁর সোজাসাপটা কথা, ফাইনালে যেতে হলে ভাগ্যের সহযোগিতা লাগেই।

গতকাল চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে রোমার কাছে ৪-২ গোলে হেরেছে লিভারপুল। প্রতিযোগিতায় এটাই তাদের প্রথম হার। প্রথম লেগে ৫-২ গোলের জয়টাই দুই লেগ মিলিয়ে ফাইনালে নিয়ে গেছে লিভারপুলকে। ৪৮ ও ৬৩ মিনিটে দুটি পেনাল্টি সিদ্ধান্ত লিভারপুলের পক্ষে না এলে রোমাই হয়তো এখন ফাইনাল নিয়ে পরিকল্পনা সাজাত। ক্লপ মানছেন লিভারপুল ভাগ্যবান, তবে এটাও বলছেন ভাগ্য না থাকলে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলা যায় না, ‘ফাইনাল আমাদের প্রাপ্য, এটা শতভাগ নিশ্চিত। আপনি ভাগ্য ছাড়া এগোতে পারবেন না। আজ রাতে (গতকাল) আমাদের ভাগ্যেন দরকার হয়ে পড়েছিল। রিয়াল মাদ্রিদেরও গতকাল (পরশু) এটা দরকার হয়েছিল। ব্যাপারটা এমনই। ছেলেদের এটা প্রাপ্য ছিল। ওরা যে সাহসিকতা দেখিয়েছে, যে ফুটবল খেলেছে—ব্যাপারটা পাগলাটে। আমি তো স্কোরই ভুলে যাচ্ছিলাম! কত ছিল, ৭-৬? অবিশ্বাস্য!’

১৩ বছর পর লিভারপুলের বড় কোনো শিরোপা জেতার স্বপ্নটা এখন নির্ভর করছে এমনই আরেকটি পাগলাটে ম্যাচে। রিয়ালের বিপক্ষে ২৬ মের রাতে কিয়েভেও ভাগ্যকে সঙ্গী পেতে চাইবেন ক্লপ। কারণ জার্মান কোচের ফাইনাল ভাগ্যটা একদমই ভালো না। ক্লপ নিজেও জানেন সেটা, ‘আমাদের জেতা শুরু করা উচিত কিন্তু আমি জানি সেটা। সবাই এখন আমাকে মনে করিয়ে দেবে আমি পাঁচটি ফাইনাল হেরেছি। কিন্তু আমরা আরও একবার ফাইনালে খেলব এবং জেতার চেষ্টা করব।’