লিভারপুল চ্যাম্পিয়নস লিগ জিতবে না, কারণ...
চ্যাম্পিয়নস লিগের ফাইনাল শনিবার। এর মধ্যেই সাজসাজ রব চারদিকে। কে হবে ইউরোপ–সেরা?
রিয়াল মাদ্রিদ কি পারবে নিজেদের ১৪তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা ঘরে তুলতে? লিভারপুল কি সদ্যই এক পয়েন্টের জন্য প্রিমিয়ার লিগ জিততে না পারার হতাশা ভুলবে শিরোপা জিতে? ফুটবলপ্রেমীদের মন কেবলই খুঁজে ফিরছে এসব প্রশ্নের জবাব।
কিন্তু মহারণের দুই দিন বাকি থাকতেই ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল জানিয়ে দিলেন, আর যা-ই হোক, লিভারপুল শিরোপা জিতছে না!
লিভারপুল সমর্থকেরা নেভিলের এমন মন্তব্যে নাখোশ হতেই পারেন। খেলার আগেই নেভিল কীভাবে বলে দিলেন এত বড় কথা! সালাহ–মানে–হেন্ডারসনদের দল কি এতটাই খারাপ? রিয়াল মাদ্রিদও কি এতটাই এগিয়ে যে আগেভাগেই বলে দেওয়া যায় লিভারপুল চ্যাম্পিয়নস লিগ জিতবে না?
নেভিল অবশ্য এর ব্যাখ্যাও দিয়েছেন। তিনি মনে করেন, কেবল মধ্যমাঠে শক্তিতে পিছিয়ে থাকার কারণেই ফাইনালে লিভারপুল রিয়াল মাদ্রিদের সঙ্গে পেরে উঠবে না।
সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকার কথা, ‘রিয়াল মাদ্রিদের মাঝমাঠ দেখুন। কাসেমিরো, টনি ক্রুস, লুকা মদরিচ, ভালভার্দে আর কামাভিঙ্গাকে নিয়ে গড়া রিয়ালের মাঝমাঠ ম্যাচের প্রথম মিনিট থেকেই ঝাঁপিয়ে পড়বে লিভারপুলের ওপর। আমার মনে হয় ম্যাচের শেষ ১৫ মিনিটে লিভারপুলের মাঝমাঠ নিজেদের দুর্বলতা দেখিয়ে দিচ্ছে। এই পাঁচজনকে নিয়ে গড়া রিয়ালের মাঝমাঠই চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পার্থক্য গড়ে দেবে।’
নেভিলের কথা ভুল প্রমাণ করার দায়িত্ব এখন লিভারপুলের খেলোয়াড়দেরই।