লিভারপুল ছাড়ছেন 'লিভারপুল প্রতীক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘অল রেড’দের প্রতীক হয়ে ওঠা জেরার্ড বিদায়ের সিদ্ধান্ত নিয়ে ফেললেন—ছবি: রয়টার্স
‘অল রেড’দের প্রতীক হয়ে ওঠা জেরার্ড বিদায়ের সিদ্ধান্ত নিয়ে ফেললেন—ছবি: রয়টার্স

সাত বছর বয়সেই শিশুটা নজরে পড়েছিল লিভারপুল স্কাউটদের। দুই বছর পর আনুষ্ঠানিকভাবে পা রাখল লাল দুর্গে। এরপর একাডেমি জীবন শেষে যুবদলে। অতঃপর মূল দলে—লিভারপুলের সঙ্গে প্রায় ২৫ বছরের সম্পর্ক স্টিভেন জেরার্ডের। লিভারপুলের আরেক নামই যেন জেরার্ড। অবশেষে দীর্ঘ বন্ধনটা ছিন্ন হওয়ার ইঙ্গিত দিলেন ‘রেড’ অধিনায়ক। তবে লিভারপুল ছেড়ে অন্য কোথাও যাওয়ারও ইচ্ছে নেই তাঁর।
৩৪ বছর বয়সী এ মিডফিল্ডার নিজের সিদ্ধান্ত প্রসঙ্গে জানিয়েছেন, ‘আমার জীবনে এটি এক কঠিন সিদ্ধান্ত।’ এরপর বললেন, ‘সিদ্ধান্ত এখনই জানাচ্ছি, যাতে সংবাদমাধ্যমের খবরে আমার ভবিষ্যৎ​ নিয়ে কোচ ও দলের ভেতর কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়, কেউ ভুল না বোঝে। আমাদের জীবনের বড় অংশজুড়ে ছিল লিভারপুল। ক্লাবকে বিদায় জানানো তাই অনেক কঠিন ব্যাপার। তবে মনে হয়েছে, বিদায় বলাটা নিজের তো বটেই, আমার পরিবার ও ক্লাবের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ক্যারিয়ার ও জীবনে ভিন্ন অভিজ্ঞতা নিতে সম্পূর্ণ নিজের ইচ্ছায় এ সিদ্ধান্ত নেওয়া। যখন আমার ক্যারিয়ার একেবারেই শেষ হয়ে যাবে, কোনো আক্ষেপ থাকবে না আমার।’
এক ক্লাবেই ক্যারিয়ার শেষ—এমন ফুটবলারদের তালিকায় জেরার্ডের নামটা জ্বলজ্বলই করবে। লিভারপুল ছেড়ে অন্য কোনো ক্লাবে যাওয়ার কথা তিনি ভাবতেই পারেন না। তাই বললেন, ‘খেলা চালিয়ে যাচ্ছি। কত দিন চালিয়ে যেতে পারব, এ পর্যায়ে এসে সেটা নিশ্চিত করতে পারি না। তবে বলতে পারি, আমি আর কোনো প্রতিযোগিতামূলক ক্লাবে খেলব না। লিভারপুলের বিপক্ষে খেলব, এটা ঘুণাক্ষরে ভাবতেও পারি না।’
ভক্ত-সমর্থকদের উদ্দেশে নিজের সিদ্ধান্ত প্রসঙ্গে বললেন, ‘আমার এ বার্তা সব সমর্থককে, যারা বিশ্বমঞ্চে লিভারপুলকে সেরা বানিয়েছে। একজন খেলোয়াড়, একজন অধিনায়ক হিসেবে এটা বলা অবশ্যকর্তব্য। প্রতিমুহূর্তে আমি এটিই লালন করেছি। দারুণ পর্যায়ে থেকে লিভারপুল ক্যারিয়ার এ মৌসুমে শেষ করাই আমার ইচ্ছে।’
১৯৯৮ সালে মূল দলে অভিষেকের পর লিভারপুলের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৬৯৫ ম্যাচ খেলা জেরার্ড গত জুলাইয়ে বিদায় জানিয়েছেন জাতীয় দলকেও। দীর্ঘ ক্যারিয়ারে ক্লাবের হয়ে দুবার জিতেছেন এফএ কাপ, একবার কমিউনিটি শিল্ড, একবার উয়েফা কাপ, দুবার উয়েফা সুপার কাপ ও একবার চ্যাম্পিয়নস লিগ। তথ্যসূত্র: এএফপি, রয়টার্স, গোলডটকম ও বিবিসি।