মহারণ? বলা চলে! এক অর্থে প্রিমিয়ার লিগের এই মৌসুমের শিরোপা নির্ধারণী হয়ে যেতে পারে এই ম্যাচ। দুইয়ে থাকা লিভারপুলের পয়েন্ট ৩০ ম্যাচে ৭২, সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ম্যান সিটি। এর পর ম্যাচ বাকি থাকবে আর ৭টি।
সেই ম্যান সিটিরই মাঠে আজ অতিথি হয়ে যাচ্ছে লিভারপুল। বছরের শুরুতে সিটির চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে থাকা লিভারপুল ব্যবধানটা এত কমিয়ে আনায় ম্যাচটা এত আকর্ষণীয় হয়েছে ঠিকই, তবে গার্দিওলার দলের জয়ই আজ আবার লিভারপুলের এতদিনের সব পরিশ্রমে জল ঢেলে দিতে পারে। অবশ্য পরের ৭ ম্যাচেও পথটা লিভারপুলেরই বেশি কঠিন।
পরিসংখ্যান, রেকর্ডও আজ দুই দলের কাউকে বেশি পিছিয়ে রাখছে না। লিভারপুল লিগে সর্বশেষ দশ ম্যাচ জিতেছে। সিটি সর্বশেষ পাঁচ ম্যাচের দুটিতে পয়েন্ট হারিয়েছে ঠিকই, কিন্তু নিজেদের মাঠে সর্বশেষ ৯ ম্যাচের ৮টিই জিতেছে। দুই দলের সর্বশেষ পাঁচ ম্যাচে লিভারপুলের জয় ১টি, সিটির দুটি। সব মিলিয়ে ২০১৯ সালের নভেম্বরের পর ৪ ম্যাচে সিটিকে হারাতে পারেনি লিভারপুল।
আর ইতিহাদে? সিটির বিপক্ষে লিভারপুলের সর্বশেষ ২০১৮ সালের ১০ এপ্রিল, তবে সেটি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে। লিগে ইতিহাদে সিটিকে লিভারপুল সর্বশেষ হারিয়েছে ২০১৫ সালের ২১ নভেম্বর, ক্লপের অধীন লিভারপুলের সিটির বিপক্ষে প্রথম ম্যাচ ছিল সেটি। গার্দিওলা তখনো সিটির কোচ নন।
সেই গার্দিওলার সঙ্গে ক্লপের কৌশলের লড়াই তো আছেই। মাঠে সালাহ বনাম সিলভা, থিয়াগো বনাম ডি ব্রুইনা, কানসেলো বনাম আলেক্সান্ডার-আরনল্ড, ফন ডাইক বনাম লাপোর্ত, আলিসন বনাম এদেরসন...খন্ড অনেক যুদ্ধও নিয়ে আসছে বাড়তি রোমাঞ্চ।
সেই খন্ড যুদ্ধগুলোতে জিতে লড়াই শেষে আজ কার মুখে হাসি থাকবে? লিভারপুল না সিটি? আপনার মত জানিয়ে দিতে পারেন নিচের পোল-এ অংশ নিয়ে।