লিভারপুলকে সিটির 'হাই ফাইভ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাব্রিয়েল জেসুসের হেড জড়িয়ে যাচ্ছে লিভারপুলের জালে। ম্যাচে ম্যানচেস্টার সিটির দ্বিতীয় গোল। জেসুস গোল পেয়েছেন আরও একটি। সিটিও কাল ঘরের মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুলকে l রয়টার্স
গ্যাব্রিয়েল জেসুসের হেড জড়িয়ে যাচ্ছে লিভারপুলের জালে। ম্যাচে ম্যানচেস্টার সিটির দ্বিতীয় গোল। জেসুস গোল পেয়েছেন আরও একটি। সিটিও কাল ঘরের মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুলকে l রয়টার্স

ভবিষ্যদ্বাণী এভাবে মিলে যাক, তা কি চেয়েছিলেন পল ইনস?

লিভারপুলের সাবেক ইংলিশ মিডফিল্ডার ম্যাচের আগে বিশ্লেষণে বলেছিলেন, এই ম্যাচ গোল তো হবেই, এমনকি গোল হবে ৫টি। পূর্বানুমানটা মিলে গেছে ঠিকই। কিন্তু সেটি গেল ইনসের সাবেক ক্লাবের বিপক্ষে! লিভারপুলই খেয়েছে ৫ গোল! ম্যানচেস্টার সিটির মাঠে কাল ইয়ুর্গেন ক্লপের দল হেরে গেছে ৫-০ গোলে। ২০০৯ সালে (বরুসিয়া ডর্টমুন্ডের কোচ থাকার সময়) বায়ার্ন মিউনিখের কাছে ৫-১ গোলে হারের পর এই প্রথম এত বড় ব্যবধানে দলকে হারতে দেখলেন জার্মান কোচ।

যে ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভেবেছিলেন সবাই, তাতে লিভারপুলের এমন ধসের কারণ? একটা লাল কার্ড! ৩৭ মিনিটে সিটি গোলকিপার এডারসনকে ফাউল করে লাল কার্ড দেখেন লিভারপুল উইঙ্গার সাদিও মানে। তাতেই শেষ লিভারপুল!

লাল কার্ডটি নিয়ে অবশ্য বিতর্ক হচ্ছে। বাতাসে ভেসে আসা বল ধরতে গিয়ে সংঘর্ষ হয় বক্স ছেড়ে বেরোনো সিটির গোলকিপার এডারসন ও লিভারপুলের মানের মধ্যে। মাটিতে লুটিয়ে পড়া এডারসনকে মাঠে কিছুক্ষণ শুশ্রূষা দিয়ে নিয়ে যেতে হয় হাসপাতালে। লাল কার্ড দেখেন মানে। গুরুতর কিছু হয়নি, মুখে ব্যান্ডেজ নিয়ে ম্যাচের শেষ দিকেই আবার গ্যালারিতে এসেছেন এডারসন। রেফারি জন মসের সিদ্ধান্ত অনেকের চোখেই বিতর্কিত। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার ও টিভি-পণ্ডিত গ্যারি নেভিল ম্যাচের বিরতির সময় বললেন, ‘দুঃখিত জন মস, তুমি ম্যাচের মজাটাই নষ্ট করে দিয়েছ।’ সাবেক ইংলিশ স্ট্রাইকার গ্যারি লিনেকারের টুইট, ‘মানেকে লাল কার্ড দেখানোটা ছিল জঘন্য সিদ্ধান্ত।’

লাল কার্ডের আগেই অবশ্য ২৪ মিনিটে সার্জিও আগুয়েরোর গোলে এগিয়ে যায় সিটি। আর্জেন্টাইন স্ট্রাইকারের একটা রেকর্ডও হয়েছে এতে। ইউরোপের বাইরের খেলোয়াড় হিসেবে ডুইট ইয়র্ককে (১২৩ গোল) ছাড়িয়ে প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি গোলের মালিক এখন আগুয়েরো।

লিভারপুল ১০ জনের দল হয়ে পড়লে তাদের নিয়ে রীতিমতো খেলেছে গার্দিওলার দল। বিরতির আগেই ২-০ করেন জেসুস। দ্বিতীয়ার্ধে (৫৩ মিনিটে) জেসুসের গোলেই ৩-০। জেসুসের পাশাপাশি জোড়া গোল করেছেন ৫৭ মিনিটে তাঁরই বদলি হিসেবে নামা লিরয় সানে। ৭৭ মিনিটে প্রথমটি, আর ৯১ মিনিটে তাঁর দ্বিতীয় ও সিটির পঞ্চম গোলটি তো দুর্দান্ত—বক্সের বাইরে থেকে বাঁকানো শটে।

ইউনাইটেডের ড্র

লিগে চতুর্থ ম্যাচে এসে কালই প্রথম ম্যানচেস্টার ইউনাইটেডের জালে বল ঢুকল। দুবার। স্টোক সিটির মাঠে ম্যাচটা ২-২ গোলে ড্র করে লিগে প্রথম পয়েন্টও হারাল হোসে মরিনহোর দল। স্টোকের চুপো-মোটিংয়ের গোল প্রথমার্ধেই ফিরিয়ে দেন রাশফোর্ড। দ্বিতীয়ার্ধের লুকাকুর গোলে ইউনাইটেড এগিয়ে যায়, আবার সমতা ফেরান চুপো-মোটিংই। অন্য ম্যাচে চেলসি ২-১ গোলে জিতেছে লেস্টার সিটির মাঠে, আর্সেনাল ঘরের মাঠে ৩-০ গোলে হারিয়েছে বোর্নমাউথকে। স্টার স্পোর্টস।

 প্রিমিয়ার লিগে অইউরোপীয়দের সর্বোচ্চ গোল

১২৪

সার্জিও আগুয়েরো

১৮৫ ম্যাচ

১২৩

ডুইট ইয়র্ক

৩৭৫ ম্যাচ

১০৪

দিদিয়ের দ্রগবা

২৫৪ ম্যাচ