লিভারপুলকে সুয়ারেজের শুভকামনা

খেলার আগে একটু উৎকণ্ঠায় ছিলেন। থাকারই কথা, মৌসুমের প্রথম ম্যাচ বলে কথা! হঠাৎ মুঠোফোনে একটা খুদে বার্তা পেলেন ব্রেন্ডন রজার্স। পড়তে পড়তে হাসি ফুটে উঠল লিভারপুল কোচের মুখে। সদ্যই সাবেক হওয়া ছাত্রের কাছ থেকে ম্যাচের আগে শুভকামনা পেলে কার না ভালো লাগে?
বার্তাটা কে পাঠিয়েছিলেন সেটা হয়তো বুঝে ফেলেছেন। লুইস সুয়ারেজ! উরুগুইয়ান স্ট্রাইকারের সঙ্গে লিভারপুলের সম্পর্ক ভেঙে গেছে এই মৌসুমেই। প্রায় সাড়ে আট কোটি ইউরো দিয়ে তাঁকে কিনে নিয়েছে বার্সেলোনা। কিন্তু তিন বছরের বন্ধন কি এত সহজে টুটে যায়? প্রশংসা-নিন্দা, স্তুতি-বিতর্ক যা পেয়েছেন, তা তো এই অ্যানফিল্ড থেকেই। সুয়ারেজ তাই পুরোনো ক্লাবকে ভোলেননি, মনে করে ঠিকই মৌসুমের শুরুতে শুভেচ্ছা জানিয়েছেন দলকে।
পরশুর ম্যাচ শেষে ব্রেন্ডন রজার্স যখন কথাগুলো বলছিলেন, তাঁর মুখে চওড়া হাসি। একটু আগেই সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়ে মৌসুমের শুরুটা দারুণ করেছে দল। রজার্স তাই প্রসন্নচিত্তে বলতে পারলেন, ‘সে (সুয়ারেজ) দারুণ একজন মানুষ, কিন্তু এখন তো আর সে নেই। কিন্তু বার্তাটা দারুণ ছিল। লিভারপুল সব সময় ওর হৃদয়েই থাকবে।’
হৃদয়ে যে থাকবে, সেটা না বললেও চলে। গত মৌসুমে ৩৪ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন, লিভারপুলকে নিয়ে গিয়েছিলেন শিরোপার খুব কাছাকাছি। তার আগেও তো ক্লাব প্রায় ছেড়েই দিয়েছিলেন। ইভানোভিচকে কামড়ে দশ ম্যাচের নিষেধাজ্ঞার পর সে রকম মনে হওয়াটাই ছিল স্বাভাবিক। শেষ পর্যন্ত থেকে গেছেন, আলোও ছড়িয়েছেন। কিন্তু এবার চার মাসের নিষেধাজ্ঞা মাথায় নিয়ে শুরু করছেন বার্সায়।
সুয়ারেজের মতো খেলোয়াড়ের শূন্যতা পূরণ করা আসলেই কঠিন। লিভারপুল কি পারবে? রজার্স অবশ্য আশাবাদী, ‘একক কোনো খেলোয়াড়ের চেয়ে আমরা বড়। এখনো আমাদের একজন স্ট্রাইকার দরকার, দেখা যাক কাকে পাওয়া যায়।’ পরশু জয়সূচক গোল করার পর একই প্রশ্ন করা হয়েছিল ড্যানিয়েল স্টারিজকেও। লিভারপুলের ইংলিশ স্ট্রাইকার তো আরও বেশি আত্মবিশ্বাসী, ‘সে (সুয়ারেজ) অসাধারণ খেলোয়াড়, ওকে আমরা মিস করব। কিন্তু ওর প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমরা এখন আগের চেয়েও শক্তিশালী।’ এএফপি।