লিভারপুলে গিয়ে বাঁচলেন সিটির খেলোয়াড়েরা

ম্যানচেস্টারের বিমানবন্দরে নামার সময় সমস্যায় পড়েছিল ম্যান সিটির খেলোয়াড়দের বহন করা বিমানফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ ফেব্রুয়ারি ১৯৫৮। মিউনিখ বিমানবন্দরে সেদিন ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়দের বহন করা বিমানটি ওড়ার জন্য তৃতীয় চেষ্টা করেছিল। কিন্তু সেই তৃতীয় চেষ্টাই কাল হয়ে দাঁড়িয়েছিল। প্রচণ্ড বিস্ফোরণে নিমেষেই শেষ হয় যায় ২০টি তাজা প্রাণ। পরে মারা যান আরও ৩ জন। বেলগ্রেডে ইউরোপিয়ান কাপের ম্যাচে রেড স্টার বেলগ্রেডকে হারিয়ে সেমিফাইনালে ওঠা ম্যাট বাসবির ম্যানচেস্টার ইউনাইটেড দল ওই বিমানে করে ফিরছিল ম্যানচেস্টারে। মিউনিখে বিমানটি থেমেছিল জ্বালানি ভরে নিতে। কিন্তু জ্বালানি ভরে আর আকাশে ওড়া হলো না সেই বিমানের। সেদিনের সেই দুর্ঘটনায় পুড়ে গেল ম্যান ইউনাইটেড, তথা ইংল্যান্ডের একটি স্বপ্নের দল!

১৬ ফেব্রুয়ারি ২০২২। ম্যানচেস্টার বিমানবন্দরে নামার জন্য তিনবার চেষ্টা করল ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের বহন করা বিমানটি। পর্তুগালের লিসবন থেকে ফিরেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে স্পোর্তিং লিসবনকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া সিটির খেলোয়াড়েরা বিমানের মধ্যে ছিলেন উচ্ছ্বাসের আমেজে। কিন্তু হঠাৎই তাঁদের সেই উচ্ছ্বাস রূপ নেয় নীরবতায়। তীব্র বাতাসে বিমান কাঁপছিল। যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যাওয়ার শঙ্কা। এর মধ্যেও পাইলট তিনবার চেষ্টা করলেন বিমানটি ঠিকমতো নামাতে। বিমান নিয়ে তিনবার চক্কর দিলেন ম্যানচেস্টার শহরের আকাশে।

পরিস্থিতি মোটেই পক্ষে নেই বুঝতে পেরে ম্যানচেস্টারের আকাশ থেকে বিমান নিয়ে সরে গেলেন পাইলট। পাড়ি জমালেন তিনি লিভারপুলের দিকে। শেষ পর্যন্ত লিভারপুলের জন লেনন বিমানবন্দরে নিরাপদে বিমানটি অবতরণ করতে পেরেছেন পাইলট। বলা যায়, দুর্ঘটনার শঙ্কা জাগলেও ম্যানচেস্টার থেকে লিভারপুলে গিয়ে বেঁচেছেন সিটির খেলোয়াড়েরা!

ম্যানচেস্টার বিমানবন্দরের কাছে এসে বিমানটি তীব্র বাতাসের সঙ্গে কীভাবে লড়াই করছে, এমন একটি ফুটেজ কাল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝোড়ো হাওয়ায় বিমানটির নিয়ন্ত্রণ রাখতে গতিও বাড়িয়ে দিয়েছিলেন পাইলট। ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানের ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হচ্ছে বেগে, তবে সেটি গতি বাড়ানোর জন্যই হয়েছিল। কিন্তু গতি বাড়ালেও বিমান মোটেই এগোচ্ছিল না সামনের দিকে।

যা হোক, সিটির খেলোয়াড়দের নিয়ে বিমানটি ঠিকঠাকভাবে লিভারপুলের জন লেনন বিমানবন্দরে অবতরণের পর ম্যান সিটি স্বস্তি নিয়ে একটি টুইট করেছে, ‘আমরা নিশ্চিত করছি যে আমাদের মূল দলকে নিয়ে লিসবন থেকে আসা বিমানটি লিভারপুলে নিরাপদে অবতরণ করেছে। তীব্র বাতাসের কারণে বিমানটি ম্যানচেস্টার থেকে লিভারপুলে যেতে বাধ্য হয়েছে।’ সিটির খেলোয়াড়েরা বিমান থেকে নামার পর লিভারপুলের বিমানবন্দরও একটি টুইট করেছে, ‘বিকেলে ম্যানচেস্টার সিটিকে ইংল্যান্ডের ফুটবল রাজধানীতে নিরাপদে স্বাগত জানাতে পারাটা দারুণ এক ব্যাপার ছিল। তীব্র বাতাসের কারণে তাদের নিজেদের বিমানবন্দর থেকে বিমানটি এখানে আসতে বাধ্য হয়েছে।’