লিভারপুলে যে কারণে সবচেয়ে 'সৌভাগ্যবান' ক্লপ

>লিভারপুলের বছরটা কেমন কাটল? কোচ ইয়ুর্গেন ক্লপ এক কথায় বললেন, ‘দারুণ’
২০১৯ সালে কেমন কাটল লিভারপুলের? ‘ওয়াও’—এক কথায় বুঝিয়ে দিলেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।
এ বছর খেলোয়াড়দের পারফরম্যান্সে ভীষণ সন্তুষ্ট এ জার্মান কোচ। এতটাই যে, খেলোয়াড়দের নিয়ে এর চেয়ে বেশি গর্বিত হওয়া যায় না বলে মনে করেন ক্লপ। লিভারপুলের সঙ্গে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান বলেও মনে করেন তিনি।
লিভারপুল এ বছর চ্যাম্পিয়নস লিগ জিতেছে। গত জুনে মাদ্রিদের ফাইনালে টটেনহামকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অলরেডরা। জিততে পারত ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাও। মাত্র ১ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে থাকায় শিরোপা তুলে দিতে হয়েছে ম্যানচেস্টার সিটিকে। এবারের মৌসুমে অবশ্য বেশ শক্ত অবস্থানে আছে লিভারপুল। টেবিলে দ্বিতীয় দলের সঙ্গে ১ ম্যাচ হাতে রেখে ১০ পয়েন্ট ব্যবধানে এগিয়ে শীর্ষে রয়েছে তারা। এ ছাড়াও সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছে লিভারপুল।
গত ১২ মাসে লিভারপুলের পারফরম্যান্স বিবেচনায় ক্লপ মনে করেন তাঁর খেলোয়াড়েরা মানসিকভাবে ভীষণ ভীষণ শক্ত। ক্লাবের অফিশিয়াল ওয়েবসাইটে ভক্তদের উদ্দেশে লেখা চিঠিতে এসব কথাই বলেছেন লিভারপুল কোচ, ‘আমি কেমন তা এত দিনে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। হাতে কাজ থাকলে পেছনে তাকানোর মানুষ আমি না। কিন্তু এ বছরটা যেমন কাটল তা কীভাবে ভুলে থাকতে পারি? (এ বছরটা) এক কথায় বলতে পারি, দারুণ!’
চ্যাম্পিয়নস লিগ জয়ের কথা স্মরণ করে ক্লপ লিখেছেন, ‘বেঁচে থাকতে মাদ্রিদের রাতটি কখনো ভুলব না, পরের দিন চ্যাম্পিয়নস লিগ নিয়ে লিভারপুলে ফেরার দিনটিও না। আগে একবার বলেছিলাম একটা ট্রফি জিতলে এ শহরটা (লিভারপুল) আনন্দে ফেটে পড়বে। আসলে তখন বিষয়টি একটু খাটো চোখেই দেখেছিলাম। সেদিন বাস থেকে সবার (ভক্ত) চোখে তাকিয়ে আমরা সব রকম আবেগের মধ্য দিয়ে গিয়েছি। এসব দেখে আমি আবার ভেবেছি, যা ৮ অক্টোবর ২০১৫ (লিভারপুল কোচ হিসেবে যোগদান) থেকে ভেবে আসছি—এই ক্লাব, এই বিশেষ পরিবারের সঙ্গে জড়িত থাকা সবচেয়ে ভাগ্যবান জীবিত ব্যক্তি আমি।’