লিভারপুলের আক্রমণভাগে এমবাপ্পে জায়গা পাবেন, কিন্তু নেইমার নয়?
প্রথমেই স্বীকার করে নেওয়া যাক, জন বার্নস সরাসরি এমন কিছু বলেননি। প্রিমিয়ার লিগ যুগের আগে লিভারপুলের হয়ে সর্বশেষ ইংলিশ লিগ জেতা দলের সদস্য বলেছেন, তাঁর সাবেক ক্লাবের আক্রমণের ত্রিফলা—মোহাম্মদ সালাহ, সাদিও মানে ও রবার্তো ফিরমিনিয়োকে সরিয়ে মাঠে নামার অধিকার রাখেন হাতে গোনা কয়েকজন। বিশ্ব ফুটবলে এমন ফরোয়ার্ড মাত্র তিনজনই খুঁজে পেয়েছেন বার্নস—কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।
বার্সেলোনায় আধুনিক ফুটবলের অন্যতম সেরা ত্রিফলার জন্ম দেওয়া নেইমারকে মনেই পড়েনি বার্নসের। এর মানে তো সোজা, বর্তমানে সালাহ-মানে-ফিরমিনিয়োকে সরিয়ে ইংলিশ ক্লাবের একাদশে জায়গা পাচ্ছেন না নেইমার। অন্তত বার্নসের চোখে। অবশ্য নেইমারের সে জায়গা না নিলেও চলছে। দলবদলের বাজারে অতি হাস্যকর সব গুঞ্জনের মাঝেও নেইমারকে লিভারপুলের জার্সি পরানোর কথা চিন্তা করেনি কেউ। মেসি কিংবা এমবাপ্পের নাম এসেছে। এবং বার্নসের চোখে এ দুজনের পক্ষে সম্ভব লিভারপুলের আক্রমণে নিশ্চিত জায়গা দাবি করা।
মেসি-এমবাপ্পে কিংবা রোনালদোর প্রসঙ্গটাও এসেছে আকস্মিকভাবে। বার্নসকে প্রশ্ন করা হয়েছিল আডামা ট্রায়োরেকে নিয়ে। বার্সেলোনার সাবেক এই একাডেমি খেলোয়াড় উলভারহ্যাম্পটনে দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছেন। বিশাল বপু নিয়ে ভয়ংকর গতিতে ছুটতে পারেন ট্রায়োরে। স্প্যানিশ এই উইঙ্গারকে বেশ পছন্দ হয়েছে ইয়ুর্গেন ক্লপের। আর লিভারপুল কোচের পছন্দ হলে কোন খেলোয়াড়ই-বা লিভারপুলে যাওয়ার লোভ সামলাতে পারেন। তাই দলবদলের বাজারে গুঞ্জন ২৪ বছর বয়সী এ মৌসুমে লিভারপুলে যাওয়ার কথা চিন্তা করছেন। তবে বার্নস আগেই সতর্ক করে দিয়েছেন তাঁকে।
বোনাসকোডবেটসকে বার্নস বলেছেন, ‘সে (ট্রায়োরে) লিভারপুলে মানিয়ে নিতে পারবে, যদি না সে আক্রমণের তিনজনের জায়গা আশা করে। কারণ দলে যেই আসুক না কেন, তার জন্য এটা অনেক বড় সমস্যা। কেউ যদি লিভারপুলে এসে বলে, “এই তিনজনের আগে আমার নাম টিম শিটে লিখতে হবে”, তাহলে সেটা কখনো সম্ভব না। আমার মনে হয় না ট্রায়োরে নিজেও একাদশে থাকার নিশ্চয়তা চাইবে। কারণ এটা একান্তই অসম্ভব যদি আপনি এমবাপ্পে, মেসি বা রোনালদো না হন।’
জায়গা নিশ্চিত না হলে অনেকেই দল বদলাতে চান না। এবং দল বদলালেও পরে এই খেলতে না পারার বিষয়টা সবার জন্য বিব্রতকর হয়ে ওঠে, ‘ইদানীং অনেক খেলোয়াড়ই খেলতে না পারলে অভিযোগ করা শুরু করে আর সেটা দলের মানসিকতা ও বন্ধনে প্রভাব ফেলে। প্রশ্ন হলো ট্রায়োরে লিভারপুলে এসে ওই তিনজন তাঁর চেয়ে এগিয়ে আছে এটা মেনে নিবে কি না। এবং একাদশে জায়গার নিশ্চয়তা না চেয়ে বরং ভাববে, “আমি জানি আমি পারব এবং আমার জায়গার জন্য লড়ব”।’
স্পেনের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা ট্রায়োরে যদি এটা মানতে পারেন, তাহলে তাঁকে লিভারপুলে দেখতে আপত্তি নেই বার্নসের, ‘যদি সেটা এটা করে তাহলে তো ভালোই। লিভারপুল যা চায় এমন এক খেলোয়াড় এবং দলের সঙ্গে দারুণ মানায়। কিন্তু এর মানে এটা নয় যে সে আক্রমণের তিনজনকে হঠাতে পারবে।’