লিভারপুলের ইতিহাস, পরের রাউন্ডে রিয়াল-আতলেতিকোও

মৌসুমে ২০ গোল হয়ে গেল সালাহরছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অথচ এই গ্রুপকেই মৃত্যুকূপ আখ্যা দেওয়া হয়েছিল!

আর হবে না-ই বা কেন? যে গ্রুপে সাতবারের চ্যাম্পিয়নস লিগজয়ী এসি মিলান, ছয়বারের বিজয়ী লিভারপুল, স্প্যানিশ পরাশক্তি আতলেতিকো মাদ্রিদ আর পোর্তোর মতো শক্তিশালী দল থাকে, সে গ্রুপ তো মৃত্যুকূপ হবেই! কিন্তু মৃত্যুকূপের ভয় কী দুর্দান্তভাবেই না জয় করল ইয়ুর্গেন ক্লপের লিভারপুল! গ্রুপপর্বে ছয় ম্যাচের প্রতিটাতেই জিতেছে তাঁরা। যার সর্বশেষটা এসেছে কিছুক্ষণ আগে, মিলানকে সান সিরোতে ২-১ গোলে হারিয়েছে তাঁরা। গোল করেছেন মোহাম্মদ সালাহ ও দিভক অরিগি। মিলানের হয়ে গোল করেছেন ফিকায়ো তোমোরি।

গ্রুপের দ্বিতীয় দল হয়ে পরের রাউন্ডে উঠেছে আতলেতিকো
ছবি : রয়টার্স

ম্যাচের ২৯ মিনিটেই তোমোরির গোলে এগিয়ে গিয়েছিল মিলান। পরের রাউন্ডে যেতে হলে আজ নিজেদের এই ম্যাচে মিলানকে জিততে তো হতোই, সঙ্গে পোর্তো বনাম আতলেতিকো ম্যাচের ফলাফলও পক্ষে থাকতে হতো। দুটোর কোনোটাই হয়নি। নিজেদের ম্যাচে যে জেতা হচ্ছে না, তা ৩৬ মিনিটেই মিলানকে বুঝিয়ে দেন মোহামুদ সালাহ। এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ গোল করা হয়ে গেল এই মিসরীয় ফরোয়ার্ডের। ইউরোপে বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানডফস্কি ছাড়া এই কীর্তি এই মৌসুমে আর কারও নেই।

৫৫ মিনিটে নায়ক থেকে খলনায়ক হয়ে যান তোমোরি। রক্ষণাত্মক মিডফিল্ডার ফ্র্যাঙ্ক কেসির সঙ্গে নিজেদের অর্ধে বল আদান-প্রদান করতে করতে বল হারিয়ে বসেন সাদিও মানের কাছে। সেখান থেকে মানের শট আটকে দিলেও সামনে দাঁড়িয়ে থাকা দিভক অরিগির হেড আটকানোর সাধ্য ছিল না মিলানের ফরাসি গোলকিপার মাইক মাইনিয়ানের। পরে এই স্কোরলাইনেই শেষ হয় ম্যাচ। ওদিকে পোর্তোকে ৩-১ গোলে হারানো আতলেতিকো নিশ্চিত করে, গ্রুপের দ্বিতীয় দল হয়ে তাঁরা পরের রাউন্ডে যাচ্ছে। আতলেতিকোর হয়ে গোলগুলো করেন আতোয়ান গ্রিজমান, আনহেল কোরেয়া ও রদ্রিগো দি পল।

গোলের পর ক্রুসের উল্লাস
ছবি : রয়টার্স

নিজেদের ম্যাচে ইন্টারকে ২-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষ দল হয়ে পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। গোল করেছেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস ও স্প্যানিশ উইঙ্গার মার্কো আসেনসিও। ম্যাচ হেরেও সমস্যা হচ্ছে না ইন্টারের, দ্বিতীয় দল হিসেবে এই গ্রুপ থেকে পরের রাউন্ডে উঠেছে তাঁরা।

ওদিকে বেসিকতাসকে ৫-০ গোলে হারিয়েও বিদায় নিয়েছে ডর্টমুন্ড। স্পোর্তিং লিসবনের সঙ্গে পয়েন্ট সমান থাকলেও গোল ব্যবধানে ইউরোপা লিগে চলে গিয়েছে তাঁরা। দুটি করে গোল করেছেন আর্লিং হরলান্ড আর মার্কো রয়েস, বাকি গোলটা দনিয়েল মালেনের।

পরের রাউন্ডে উঠেছে আয়াক্সও
ছবি : রয়টার্স

স্পোর্তিং লিসবনকে ৪-২ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষ দল হয়ে পরের রাউন্ডে উঠেছে আয়াক্স। গোল করেছেন সেবাস্তিয়েন অলার, আন্তোনি সিলভা, স্টীভেন বের্গুইস ও ডেভিড নেরেস। স্পোর্তিংয়ের হয়ে দুই গোল করেছেন ব্রুনো তাবাতা ও নুনো সান্তোস।