লিভারপুলের জয়ে জেরার্ডকে টপকে ইতিহাস সালাহর

জোড়া গোল পেয়েছেন সালাহছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আতলেতিকোর মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোতে সুখ-দুঃখ মিলিয়ে বেশ অনেক স্মৃতিই আছে লিভারপুলের।

একদম আগের স্মৃতিটা ঠিক সুখকর ছিল না অবশ্য। ২০১৯ সালে চ্যাম্পিয়নস লিগ জেতা দলটা পরের মৌসুমেই আশা করেছিল শিরোপা ধরে রাখার। কিন্তু সে আশায় পানি ঢেলে দেয় এই আতলেতিকোই। দ্বিতীয় রাউন্ডে হারিয়ে দেয় লিভারপুলকে। আর দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়ার পেছনে প্রথম লেগে আতলেতিকোর মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোতে ১-০ গোলে হেরে আসাটা বেশ বড় ভূমিকা রাখে।

সালাহই এখন লিভারপুলের চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা
ছবি : রয়টার্স

কিন্তু ২০১৯ সালের চ্যাম্পিয়নস লিগটা আবার এ মাঠেই নিশ্চিত করেছিল লিভারপুল। ফাইনালে টটেনহামকে হারিয়েছিল এ মাঠেই। সেবারের মতো গত রাতেও আতলেতিকোর মাঠ থেকে সুখস্মৃতি নিয়ে ফিরেছে লিভারপুল।

সেই ওয়ান্দা মেত্রোপলিতানোতেই গতরাতে আবার ফিরেছিল লিভারপুল, আতলেতিকোর বিপক্ষে এবারের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে। ২০১৯ সালের মতো এবারও ওয়ান্দা মেত্রোপলিতানো থেকে সুখের স্মৃতি নিয়েই ফিরেছে অল রেডরা। আতলেতিকোকে ৩-২ গোলে হারিয়েছে। লিভারপুলের হয়ে জোড়া গোল করেছেন মোহাম্মদ সালাহ। বাকি গোলটা গিনিয়ান মিডফিল্ডার নাবি কেইতার। ওদিকে আতলেতিকোর হয়ে জোড়া গোল করেও দলকে পয়েন্ট এনে দিতে পারেননি ফরাসি ফরোয়ার্ড আতোয়ান গ্রিজমান।

১৩ মিনিটেই দুই গোলে এগিয়ে গিয়েছিল লিভারপুল
ছবি : রয়টার্স

লিভারপুল জিতবে আর সালাহ গোল করবেন না, তা কি হয়? আর সালাহ গোল করলে কোনো না কোনো রেকর্ড হবে না, এটাও অসম্ভব যেন। এই ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এখন লিভারপুলের হয়ে সর্বোচ্চ গোলদাতা এই মোহাম্মদ সালাহ। ক্লাবের সাবেক কিংবদন্তি অধিনায়ক স্টিভেন জেরার্ডকে সরিয়ে শীর্ষে উঠেছেন তিনি। এ নিয়ে এই মৌসুমের সব প্রতিযোগিতা মিলিয়ে টানা নয় ম্যাচে গোল পেলেন সালাহ। লিভারপুলের ইতিহাসে এই কীর্তি আর কারও নেই!

যথারীতি ৪-৩-৩ ছকে লিভারপুল নেমেছিল তাদের সম্ভাব্য সবচেয়ে শক্তিশালী রক্ষণভাগ নিয়ে। গোলবারের নিচে আলিসন, রক্ষণে অ্যালেক্সান্ডার-আরনল্ড, ভার্জিল ফন ডাইক, জল মাতিপ, অ্যান্ডি রবার্টসন—সবাই ছিলেন। ব্রাজিলের হয়ে ম্যাচ খেলতে গিয়ে কোয়ারেন্টিনে আটকা পড়ে ওয়াটফোর্ডের বিপক্ষে খেলতে পারেননি আলিসন ও ফাবিনিও। কিন্তু আলিসন মূল একাদশে থাকলেও ফাবিনিও ছিলেন না। বরং রক্ষণাত্মক মিডফিল্ডারের ভূমিকায় অধিনায়ক জর্ডান হেন্ডারসন খেলেছেন দুপাশে নাবি কেইতা আর জেমস মিলনারকে নিয়ে। আক্রমণভাগে যথারীতি সালাহ-মানে-ফিরমিনো ত্রয়ী।

বাকি গোলটা করেন কেইতা
ছবি : রয়টার্স

ওদিকে ৪-৪-২ ছকে নামা আতলেতিকোর রক্ষণটা অতটা শক্তিশালী ছিল না। সার্বিয়ান ডিফেন্ডার স্তেফান সাভিচ না থাকার কারণে ফরাসি মিডফিল্ডার জর্ফি কনদগবিয়াকে সেন্টারব্যাকের ভূমিকা নিতে হয় ব্রাজিলিয়ান ফেলিপের সঙ্গে। দুই ফুলব্যাক হিসেবে খেলেছেন ইংলিশ কিয়েরান ট্রিপিয়ের ও মারিও এর্মোসো। মাঝমাঠে কোকে, রদ্রিগো দিল পর, টমাস লেমার ও ইয়ানিক কারাসকোকে রেখে স্ট্রাইকে জুটি বেঁধেছিলেন গ্রিজমান ও জোয়াও ফেলিক্স। লিভারপুলের সাবেক স্ট্রাইকার লুইস সুয়ারেজ আতলেতিকোর মূল একাদশে ছিলেন না।

আট মিনিটেই লিভারপুলের ঝাঁজ টের পেয়ে যায় আতলেতিকো। ডি-বক্সের মধ্যে মোটামুটি ১০ জনকে রেখেও সালাহর শট আটকাতে পারেনি আতলেতিকো। লেফটব্যাক রবার্টসনের কাছ থেকে বল নিয়ে আদর্শ ইনসাইড ফরোয়ার্ডের মতো ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের মাপা শটে বল জালে জড়ান সালাহ। কনদগবিয়া সেই শট আটকাতে চেয়েছিলেন, পারেননি। ১৩ মিনিটেই নিজেদের দ্বিতীয় গোল পেয়ে যায় লিভারপুল। রাইটব্যাক ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আরনল্ডের ক্রস বক্সে থাকা সাদিও মানের কাছে পৌঁছায়নি, তার আগেই ফেলিপে বল ক্লিয়ার করতে যান। ক্লিয়ার করতে গিয়ে উল্টো বল দিয়ে দেন কেইতার পায়ে। দুর্দান্ত ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন কেইতা। নিজেদের মাঠে আতলেতিকো তখন বড় পরাজয়ের আশঙ্কায় কাঁপছে!

দুই গোল করেছেন গ্রিজমানও
ছবি : রয়টার্স

গ্রিজমানের ব্যাপারটা পছন্দ হয়নি। বাইরের দল এসে ঘরের মাঠে আতলেতিকোকে ১৩ মিনিটের মধ্যে ২ গোল দিয়ে দেবে, কীভাবেই–বা পছন্দ হয়? শুরু হলো গ্রিজমান-শো। ২০ মিনিটেই ব্যবধান কমায় আতলেতিকো। বাঁ প্রান্ত থেকে কাট-ইন করে ঢুকে বক্সের কোনায় থাকা স্প্যানিশ মিডফিল্ডার কোকেকে পাস দেন ফরাসি উইঙ্গার টমাস লেমার। কোকের পাস খুঁজে নেয় সুযোগসন্ধানী গ্রিজমানকে। চলে আসে আতলেতিকোর প্রথম গোল। মোটামুটি বক্সে লিভারপুলের ১০ জন থাকার পরেও বলটা কোকের কাছ থেকে গ্রিজমানের পায়ে কীভাবে এল, প্রশ্ন তোলাই যায়।

গোলের পর গ্রিজমানের উল্লাস
ছবি : রয়টার্স

২৭ মিনিটেই দলকে সমতায় ফেরাতে পারতেন গ্রিজমান। দুর্দান্ত এক প্রতি–আক্রমণে বল পেলেও আলিসনের সঙ্গে পেরে ওঠেননি সাবেক এই বার্সা তারকা। তবে নিজের ও দলের দ্বিতীয় গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি গ্রিজমানকে। ৩৪ মিনিটেই জোয়াও ফেলিক্সের পাস থেকে গোল করে দলকে সমতায় ফেরান তিনি। ৩৪ মিনিটেই চার গোল, বুঝে দেখুন, নিরপেক্ষ দর্শকদের জন্য কতটা আনন্দদায়ী ছিল ম্যাচটা!
প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আতলেতিকো। লেফটব্যাক এর্মোসোর পাস সামনে বক্সের মধ্যে থাকা লেমারকে একা খুঁজে পেয়েছিল। কিন্তু ওই যে আলিসন!

এই কাজ করেই লাল কার্ড দেখেছেন গ্রিজমান
ছবি : রয়টার্স

গোলকিপারের দৃঢ়তায় আবারও বেঁচে যায় লিভারপুল। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটেও একই কাহিনি। এবার শুধু লেমারের জায়গায় কারাসকো, লিভারপুলের ত্রাণকর্তা ওই একজনই। এর কয়েক সেকেন্ড আগেই অবশ্য এগিয়ে যাওয়ার একটা সুযোগ পায় লিভারপুল। মানের হেড আটকে দেন আতলেতিকোর গোলকিপার ইয়ান ওবলাক।
জোড়া গোল করে দলকে যদি দুর্দান্ত এক জয়ের স্বপ্ন দেখান গ্রিজমান, সে স্বপ্নটা ভেঙেছেনও তিনি। বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে উল্টো লিভারপুলের স্ট্রাইকার রবার্তো ফিরমিনোর মুখে লাথি মেরে বসেন এই ফরাসি ফরোয়ার্ড। ৫২ মিনিটেই লাল কার্ড দেখে দলকে ১০ জনের পরিণত করেন গ্রিজমান। আতলেতিকোও বুঝে যায়, একজন কম নিয়ে আক্রমণ করার চেয়ে মানে মানে ড্র নিয়ে কেটে পড়াই ভালো। কিন্তু লিভারপুল সেটা হতে দেবে কেন?

একের পর এক আক্রমণ করে আতলেতিকোর রক্ষণকে তটস্থ রাখে তারা। ৬২ মিনিটে মানের জায়গায় মাঠে নামেন পর্তুগিজ ফরোয়ার্ড দিওগো জোতা। এই জোতাকেই কিছুক্ষণ পর ডি–বক্সের মধ্যে ধাক্কা মেরে ফেলে দেন এর্মোসো, পেনাল্টি পায় লিভারপুল। সেখান থেকে গোল করে ৭৮ মিনিটে দলকে এগিয়ে দেন সালাহ। আর তাতেই নিশ্চিত হয় লিভারপুলের জয়। এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২১ ম্যাচ অপরাজিত থাকল লিভারপুল। আর দিয়েগো সিমিওনের অধীনে এই প্রথম ইউরোপীয় প্রতিযোগিতার কোনো ম্যাচে ঘরের ম্যাচে ৩ গোল হজম করল আতলেতিকো।


অবশ্য মোহাম্মদ সালাহ যেদিন ফর্মে থাকেন, সেদিন সিমিওনের এমন রেকর্ড টেকে কী করে?