লিভারপুলের জয়ে মানের রেকর্ড

গোলের পর সাদিও মানের উচ্ছ্বাসছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ সেপ্টেম্বর লিডসের বিপক্ষে প্রিমিয়ার লিগে ১০০তম গোলের মাইলফলক ছুঁয়েছিলেন মোহাম্মদ সালাহ। লিগে পরের ম্যাচে লিভারপুলের আরেক খেলোয়াড় সাদিও মানেও ছুঁলেন ১০০ গোলের মাইলফলক। সব প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুলের জার্সিতে ১০০ গোল হলো সেনেগালিজ ফরোয়ার্ডের। প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে রেকর্ড টানা নয় ম্যাচে গোল পেলেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগে নির্দিষ্ট একটি ক্লাবের বিপক্ষে  টানা নয় ম্যাচে গোল করা প্রথম খেলোয়াড় মানে।

লিভারপুলের খেলোয়াড়দের গোল–উৎসব
ছবি: রয়টার্স

মানের মাইলফলক স্পর্শের দিনে নিজেদের মাঠ অ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। অন্য দুটি গোলের একটি করে সালাহ ও নাবি কেইতার। এই জয়ে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।

৪৩ মিনিটে লিভারপুলকে এগিয়ে নেন মানে। সালাহর হেড প্রতিপক্ষ গোলরক্ষক ঠেকিয়ে দিলে গোলমুখ থেকে ফিরতি বলে টোকা দিয়ে গোলটি করেন সেনেগালের এই স্ট্রাইকার। ৭৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। কর্নার থেকে উড়ে আসা বলে সেন্টারব্যাক ভার্জিল ফন ডাইক হেড করতে লাফিয়ে ঠিকমতো বলে মাথা ছোঁয়াতে পারেননি। তার কাঁধে লেগে বল গোলমুখে পড়লে ডান পায়ের শটে গোল করতে কোনো ভুল হয়নি মিসরীয় ফরোয়ার্ডের। কেইতার গোলটি ৮৯ মিনিটে। ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত ভলিতে গোলটি করেন গিনির এই ফরোয়ার্ড।

ম্যাচ শেষে লিভারপুলের খেলোয়াড়দের উচ্ছ্বাস
ছবি: রয়টার্স

অন্যদিকে ঘরের মাঠে সাউদাম্পটনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার সিটি। নিজেদের আগের তিন ম্যাচের দুটিতেই প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছিল পাঁচবার করে। সে দলটি আজ গোলেরই দেখা পায়নি। এই ড্রয়ে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে পেপ গার্দিওলার দল।