লিভারপুলের দুর্বলতা তুলে ধরলেন মরিনহো!

‘হাই ভোল্টেজ’ তকমা ছিল ম্যাচটির গায়ে, কিন্তু মাঠের খেলায় উত্তেজনার রেশ থাকল না। ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের প্রার্থিত ম্যাচটি যেমন হওয়ার কথা তেমন না হয়ে উপহার দিল গোলহীন এক স্কোরলাইন। গোলশূন্য ড্রয়ে শেষ হওয়া এই ম্যাচ দর্শকদের হতাশ করা এক দ্বৈরথ হয়েই থাকল।
ম্যানচেস্টার ইউনাইটেড জ্লাতান ইব্রাহিমোভিচ ও পল পগবার কল্যাণে শুরুতে একটু আধিপত্য করেছিল। কিন্তু লিভারপুল নিজেদের গুছিয়ে নিলেও সেই আধিপত্য আর থাকেনি। বরং লিভারপুল নিজেদের দর্শকদের সামনে অনেকটাই সপ্রতিভ হয়ে লড়াই করতে থাকে। তবে গোলের সুযোগ যেটিকে বলে, প্রথমার্ধে কোনো দলই সে ধরনের কোনো সুযোগ তৈরি করতে পারেনি।
দ্বিতীয়ার্ধে পগবার ক্রস থেকে ইব্রাহিমোভিচ নিজে কেন গোলে হেড নিলেন না, সেটি বোঝা গেল না। তবে সুযোগটি ছিল দারুণ। গোল খাওয়ার হাত থেকে বেঁচে গিয়ে লিভারপুলও পাল্টা আক্রমণ চালায় ইউনাইটেডের সীমানা। তবে লিভারপুল ফরোয়ার্ডদের সামনে বাধার পাহাড় হয়ে দাঁড়ান ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার ডেভিড ডি গিয়া। এই সময় এমরে ক্যান ও ফিলিপ্পে কুটিনিয়োর দারুণ দুটি প্রচেষ্টা প্রতিহত করেন গিয়া।
নিজেরা জিততে না পারলেও ম্যাচ শেষে লিভারপুলকে টিটকিরি করতে ছাড়েননি ইউনাইটেড কোচ হোসে মরিনহো। বলেছেন, এই ম্যাচে লিভারপুলের দুর্বলতাগুলো নাকি তাঁরা উন্মোচন করে দিয়েছেন।
‘গোলকিপার ডি গিয়াকে পুরো ম্যাচে প্রায় দাঁড়িয়েই কাটাতে হয়েছে’—মরিনহো এই মন্তব্যের মধ্য দিয়ে লিভারপুলের দুর্বলতার জায়গাটি তুলে ধরেছেন। তাঁর মন্তব্য, ‘আমরা যখন বল হারিয়েছি, তখন লিভারপুলের খেলোয়াড়দের কাছ থেকে আরও একটু বেশি আগ্রাসন আশা করেছিলাম। মনে করেছিলাম, তারা অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠবে। কিন্তু কই!’
ম্যাচে ৩৫ ভাগ বল ইউনাইটেডের দখলে ছিল। ২০০৩-০৪ সালের দিক থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের বল দখলের হিসাবটি রাখা শুরু হওয়ার পর থেকে এটি সর্বনিম্ন। মরিনহো অবশ্য এই হিসাবটি বিশ্বাস করেন না। বলেছেন, ‘আমাদের নিজেদের পরিসংখ্যানবিদ হিসাব করে দেখিয়েছেন আমরা বলের দখল রেখেছি ৪২ শতাংশ সময়। আমাদের পরিসংখ্যানবিদ অনেক ভালো।
লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ গোল না পাওয়ায় দোষ দিয়েছেন নিজ দলের খেলোয়াড়দেরই, ‘আমরা খুব তাড়াতাড়ি ধৈর্য হারিয়ে ফেলেছি। আমাদের পাসিংটা মোটেও ভালো হয়নি। ৬৫ শতাংশ সময় বলের দখল রেখেও গোল করতে না পারাটা ঠিক নয়। আমাদের আরও ভালো করা উচিত ছিল। আমি বলছি না যে ম্যাচে ১০-১৫টি সুযোগ তৈরি করতে হবে। দ্বিতীয়ার্ধে অবশ্য সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু ডি গিয়া আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াল। আজকে লিভারপুলের খেলাটি বিশ্লেষণ করলে দেখা যাবে আমাদের খেলোয়াড়েরা সম্ভব সবকিছুই করেছে, কিন্তু সেটি তারা করেছে ভুলভাবে।’ সূত্র: এএফপি।