লিভারপুলের প্রতিদ্বন্দ্বী তো রোনালদোই
আজ ক্রিস্টিয়ানো রোনালদোর সামনে রহস্য ঘোচানোর লড়াই। অ্যানফিল্ডে তিনি কেন গোল করতে পারেন না, সেই রহস্যটার সমাধান তিনি করতে পারবেন কি না, আজকের ম্যাচে এই প্রশ্নই সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। কিন্তু এই মৌসুমে নিজের পারফরম্যান্স বিচার করলে রোনালদো যে লিভারপুলকেও ছাড়িয়ে গেছেন, এই খবর রাখেন কয়জন? তাই চ্যাম্পিয়নস লিগের আজকের ম্যাচটি যে ‘রিয়াল মাদ্রিদ বনাম লিভারপুল’ ম্যাচ না হয়ে ‘রোনালদো বনাম লিভারপুল’ হয়ে উঠছে, সেটা বোধ হয় না বললেও চলে।
এই ম্যাচটায় কীভাবে রোনালদো একাই হয়ে উঠেছেন লিভারপুলের প্রতিদ্বন্দ্বী? পরিসংখ্যান ঘেঁটে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্যই। এই মৌসুমে এখন পর্যন্ত রোনালদোর একার যে পারফরম্যান্স, তার ধারেকাছেও নেই দল হিসেবে লিভারপুল। ব্যাপারটা একটু খুলেই বলা যাক। এই মৌসুমে এখন পর্যন্ত ব্যক্তি রোনালদোর গোলসংখ্যা ১৯। লিভারপুল সাকল্যে এখন পর্যন্ত গোল করেছে ১৪টি। আরও মজার ব্যাপার হচ্ছে, এই মৌসুমে লিভারপুলের ফরোয়ার্ডরা গোলে শট নিয়ে যে অনুপাতে সফল হয়েছেন, রোনালদো একাই সেই সংখ্যাকে ছাপিয়ে গেছেন পরিষ্কার ব্যবধানে। গোলে শটে সফল হওয়ার ক্ষেত্রে লিভারপুল ফরোয়ার্ডদের সফলতা যেখানে ৪৮ শতাংশ, রোনালদোর একারই সফলতা ৭৩ শতাংশ। এই ম্যাচ লিভারপুলের বিপক্ষে রোনালদোই যে মূর্ত হয়ে উঠবেন, সেটা বলে দেওয়াই যায়!
রোনালদোকে নিয়ে ভাবছেন খোদ লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্সই। তিনি দলের সবাইকে সাবধান করেছেন এই রোনালদোর ব্যাপারে, ‘গত দুই বছরে রোনালদোর বিবর্তনটা ভয়ংকর। সে যেকোনো বিচারেই নিজের পারফরম্যান্সকে অবিশ্বাস্য করে তুলেছে। অকল্পনীয় সব গোল করে সে নিজেকে নিয়ে গেছে অন্য উচ্চতায়।’
রোনালদো ভয়ংকর হয়ে উঠতে পারেন, এটা মেনে নিয়েও রজার্স আজ দলের শক্তি মনে করছেন ওই অ্যানফিল্ডের মাঠকেই, ‘ভালো লাগছে যে রিয়ালের বিপক্ষে প্রথম ম্যাচটা আমরা নিজেদের মাটিতে খেলতে চলেছি। আমার লিভারপুল সমর্থকদের ওপর রয়েছে প্রচণ্ড আস্থা। তারা চিৎকার করেই দলের শক্তি বাড়িয়ে দেবে শতগুণ।’
রজার্স যেখানে থেমেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তির বক্তব্যটাও শুরু হয়েছে ঠিক ওই জায়গা থেকেই। উচ্চারণ করেছেন সাবধানবাণীও, ‘লিভারপুলের সমর্থকেরা আজ যেন রোনালদোকে উদ্দেশ করে কোনো কটুবাক্য উচ্চারণ না করে। এসব ম্যাচে এমনিতেই সে যথেষ্ট তেতে থাকে। গালি-টালি খেলে তাকে আটকানো মুশকিলই হয়ে উঠবে লিভারপুলের জন্য।’ সূত্র: রেডিট ডটকম।