লিভারপুলের বিদায়

বাসেলের বিপক্ষে কেবল জয়ই লিভারপুলকে এনে দিতে পারত শেষ ষোলোর টিকিট। কিন্তু সেই টিকিট সংগ্রহে লিভারপুল চূড়ান্ত ব্যর্থতারই পরিচয় দিয়েছে। সুইস ক্লাবটির সঙ্গে ১-১ গোলে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে ইংলিশ ক্লাবটি।
লিভারপুলের জয় দরকার ছিল, কিন্তু কাল বাসেলের বিপক্ষে উল্টো গোল খেয়ে পিছিয়ে পড়েছিল তারা। অধিনায়ক স্টিভেন জেরার্ডের গোলে ম্যাচের শেষ দিকে সমতায় ফিরলেও ওই গোল শেষ ষোলোর জন্য যথেষ্ট প্রমাণিত হয়নি। মাত্র পাঁচ পয়েন্ট নিয়ে ইউরোপ-সেরা লড়াই থেকে ছিটকে পড়ল দলটি। এই গ্রুপ থেকে শতভাগ জয়ী রিয়াল আগেই শেষ ষোলো নিশ্চিত করেছিল। কাল লিভারপুলকে টেক্কা দিয়ে পরের রাউন্ডের টিকিট কাটল বাসেল।
খেলার ২৫ মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়ে লিভারপুল। লুকা জুফির সঙ্গে পাস খেলে লিভারপুলের বক্সের কাছাকাছি এসে দুর্দান্ত এক কোনাকুনি শটে বল জালে পাঠান ফ্যাবিয়ান ফ্রেই।
গোল খেয়ে খেলায় ফিরতে মরিয়া লিভারপুল। তবে বারবার আক্রমণ করেও বাসেলের রক্ষণব্যূহে কোনো ফাটল তৈরি করতে পারেনি তারা। উল্টো বাসেল মাঝেমধ্যেই প্রতি-আক্রমণে লিভারপুল রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে রেখেছিল। খেলার ৬০ মিনিটে লিভারপুলের দুর্গতি চরমে তুলে লালকার্ড দেখেন স্ট্রাইকার লাজার মার্কোভিচ। বল নিয়ে ছোটার সময় বাসেলের সাফারির মুখে আঘাত করে লালকার্ড দেখা মার্কোভিচের আচরণ ছিল অযথাই।
১০ জনের দল নিয়ে খেলেও প্রচেষ্টা অব্যাহত রেখেছিল লিভারপুল। ৮১ মিনিটে গোলটি শোধ করে দেন স্টিভেন জেরার্ড। দারুণ এক ফ্রি-কিকে করা তাঁর গোলটি আবারও সবাইকে পরিচয় করিয়ে দেয় জেরার্ডের মানের সঙ্গে।
দারুণ এই গোলে ম্যাচ জমিয়ে তুললেও জয়ের গোলটি আর করা হয়ে ওঠেনি লিভারপুলের। খেলা শেষে হতাশ জেরার্ড মন্তব্য করেছেন, ‘চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে ওঠার মতো দল লিভারপুল নয়। পরের রাউন্ডে যাওয়া এই দলের সাজে না।’ তিনি বলেন, ‘ছয়টা ম্যাচ খেলে শেষ ষোলোতে যেতে না পারাটা লিভারপুলের জন্য বিরাট ব্যর্থতা। তবে আজকের ম্যাচের কারণেই যে আমরা বিদায় নিয়েছি, এটা বল উচিত হবে না। আমরা বিদায় নিয়েছি বাসেলের মাঠে ইনজুরি সময়ে একটা বাজে গোল খেয়ে। অ্যাওয়ে ম্যাচে ওই গোলটাই আমাদের সর্বনাশ করে দিয়েছে।’ সূত্র: এএফপি।