লিভারপুলের বড়দিনের 'উপহার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভারটনের বিপক্ষে যোগ করা সময়ে গোল করে সাদিও মানে লিভারপুলকে এনে দিয়েছেন জয় l রয়টার্স
এভারটনের বিপক্ষে যোগ করা সময়ে গোল করে সাদিও মানে লিভারপুলকে এনে দিয়েছেন জয় l রয়টার্স

ডার্বি ম্যাচগুলোর এই এক শঙ্কা। ম্যাচের আগে-পরে, ম্যাচেও, যতটা উত্তেজনা থাকে, ফুটবলের মান ততটা থাকে না। পরশু লিভারপুল ডার্বিটাই এর জ্বলন্ত উদাহরণ।
অনেকের চোখেই এই মৌসুমে প্রিমিয়ার লিগে সবচেয়ে সুন্দর ফুটবল খেলছে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। রোনাল্ড কোম্যানের এভারটনও কম যায় না। কিন্তু পরশু গুডিসন পার্কে তার ছাপ থাকল সামান্যই! ম্যাচের ফল যেন সেটিরই প্রতিচ্ছবি, ১-০! যোগ করা সময়ে সাদিও মানের গোলে এভারটনের মাঠ থেকে জিতে ফিরেছে লিভারপুল।
পুরো ম্যাচের বলার মতো ঘটনা আসলে দুটি। মানের গোল, আর দ্বিতীয়ার্ধে জর্ডান হেন্ডারসনের ওপর রস বার্কলের জঘন্য ফাউল। ম্যাচে লিভারপুল শহরে বেড়ে ওঠা একমাত্র ফুটবলার ছিলেন বার্কলে। উত্তেজনা তাই হয়তো বেশিই ছিল এভারটন মিডফিল্ডারের। হেন্ডারসনের কাছ থেকে বল কেড়ে নিতে ট্যাকল করেন, কিন্তু সেটি জঘন্যভাবেই লাগে লিভারপুল অধিনায়কের পায়ে। হলুদ কার্ড দেখেন বার্কলে, কিন্তু ম্যাচ শেষে দুই দলের কোচই বললেন, এটি লাল কার্ড হওয়া উচিত ছিল। তা হলে অবশ্য ডার্বিটার ‘মান’ থাকত, প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি লাল কার্ড (৪৮ ম্যাচে ২১টি) দেখেছে এই দুই দলের ম্যাচ।
প্রথমার্ধে লিভারপুলের ওপর ঝাঁপিয়ে পড়ে এভারটন, মাঝমাঠে দখলও নিয়ে নেয়। কিন্তু কোনো দলই গোলে শট নিতে পারেনি। দ্বিতীয়ার্ধটা অবশ্য লিভারপুলের, একের পর এক আক্রমণ করে গেছে ক্লপের দল। ফলটা আসে যোগ করা সময়ের চার মিনিট পর। বক্সের বাইরে থেকে চোট কাটিয়ে ফেরা ড্যানিয়েল স্টারিজের ধীরগতির শট একটু নাটকীয়ভাবে ফেরে পোস্টে লেগে, সেটি জালে জড়িয়ে দেন মানে।
এই জয়ে ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে উঠেছে লিভারপুল। সমান ম্যাচে ৬ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে চেলসি, লিভারপুলের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তিনে ম্যানচেস্টার সিটি। এএফপি।