লিভারপুলের সবে শুরু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডে আসার আগেই বলেছিলেন, ধাতব-সংগীত দারুণ উপভোগ করেন। কিন্তু সেই ঝংকারটা ঠিকঠাক শোনা যাচ্ছিল না। কে ভেবেছিল, পরশু ইতিহাদ সেই বাদ্য শোনাবে? ম্যানচেস্টার সিটিকে তাদের মাঠেই ৪-১ গোলে হারিয়েছে লিভারপুল, ইয়ুর্গেন ক্লপের লিভারপুল যেন মাতল সৃষ্টি সুখের উল্লাসে। এমন জয়ে আনন্দে ভেসে গেলেও ক্লপ বলছেন, লিভারপুল আরও ভালো করতে পারে!
ইতিহাদে ২০১২ সালের পর সিটির এমন বড় পরাজয়ের ইঙ্গিত লিভারপুল দিয়েছিল ৩২ মিনিটেই। এলাকিয়াম মাঙ্গালার আত্মঘাতী গোলে শুরু। এরপর দুই ব্রাজিলিয়ান ফেলিপে কুতিনহো ও রবার্তো ফিরমিনোর গোলে জয়টা প্রায় নিশ্চিত হয়ে যায়। প্রথমার্ধের শেষ দিকে সার্জিও আগুয়েরো গোল করে একটু আশা দেখিয়েছিলেন। কিন্তু মার্টিন স্কারটেলের ৮১ মিনিটের গোল সেই আশাও নিভিয়ে দেয়। সিটি গোলরক্ষক জো হার্ট দারুণ কয়েকটি সেভ না করলে ব্যবধানটা আরও বড় হতে পারত।
এমন একটা জয়ের পর ক্লপ উচ্ছ্বসিত। তবে এরই মধ্যে একটা বার্তা দিলেন, ‘অসাধারণ অনুভূতি। দারুণ খেলেছি, তবে আরও ভালো হতে পারত। আমরা নিজেদের বিলিয়ে দিয়েছিলাম, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবচেয়ে ভালো খবর, আমরা আরও ভালো করতে পারি। ছেলেদের বিশ্বাস করা উচিত, মানুষ যা ভাবে তারা এর চেয়েও ভালো।’ রয়টার্স।