লিভারপুলের সমস্যা কোথায়?

অনেকেই বলছেন, গত মৌসুমে পাওয়াটা বেশি হয়ে গেছে লিভাপুলের। ম্যানচেস্টার সিটির কাছে শেষ মুহূর্তে ‘ধরা’ খেয়ে লিগ শিরোপা হারানো লিভারপুল ঠিক সে ধরনের দল ছিল না। এই মৌসুমে প্রথম পাঁচ ম্যাচের তিনটিতে হেরে নিন্দুকদের ভাষ্যই যেন সত্যে পরিণত করছেন ব্রেন্ডন রজার্সের ছেলেরা। এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ‘চাপ’টা যেন তাদের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা। ইউরোপ-সেরার লড়াই আর ইংলিশ প্রিমিয়ার লিগের সূচি—এই দুইয়ের মাঝে সামঞ্জস্য বজায় রাখতে দলটি হিমশিম খাচ্ছে কি না, এই প্রশ্নও অনেকের। নয়তো কাল ওয়েস্টহ্যামের বিপক্ষে ৩-১ গোলে হারের ব্যাখ্যাটা কী? ম্যাচ শুরু হতে না হতেই খেলা থেকে ছিটকে পড়ার (দুই গোলে পিছিয়ে পড়া) কোনো জুতসই ব্যাখ্যা আপাতত নেই কোচ রজার্সের কাছে। সত্যি বলতে কি, ব্যর্থতার এমন ‘ধারাবাহিকতা’র পর কোনো ব্যাখ্যা খুঁজতে যাওয়াই যে অন্যায়।
রজার্স সোজা-সাপ্টাই জানিয়ে দিয়েছেন, এই হার ভয়ংকর হতাশার। আমি এই হারের সপক্ষে কোনো ব্যাখ্যাই দেব না; বরং এই ব্যর্থতাকে নিজেদের ঘাড়ে নিয়েই এর সংশোধনের লক্ষ্যে এগিয়ে যাব আমরা।’
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে নিজেদের ব্যর্থতার বয়ান দিয়েও পরিবেশ ভারী করতে চাননি রজার্স। বরং প্রাপ্ত কৃতিত্বটা দিয়েছেন ওই ওয়েস্টহ্যাম ইউনাইটেডকেই, ‘ম্যাচে ওয়েস্টহ্যামের প্রাধান্যটা
আগাগোড়াই আমাদের ভুগিয়েছে। বল নিয়ন্ত্রণে আমরা পারদর্শিতা দেখাতে পারিনি। ওয়েস্টহ্যামের খেলায় জয়ের নেশাটা ছিল অনেক বেশি প্রবল ও উদগ্র। আমাদের মধ্যে এসবের প্রচণ্ড অভাব ছিল।’
ম্যাচে লিভারপুলের পারফরম্যান্সের কথা বলতে গিয়ে রজার্সের ভাষ্য, ‘আমরা কোনোমতেই আমাদের প্রত্যাশিত মানের ধারেকাছে ছিলাম না। আমরা যে ধরনের ফুটবল খেলেছি, সেটা অনেক নিচুস্তরের খেলা।’
গত মৌসুমের ফলকে রজার্স নিজেই অভিহিত করেছিলেন ‘বাড়তি পাওনা’ হিসেবে। এবার প্রথম পাঁচ ম্যাচের তিনটিতে হেরে লিগ জয়ের দূরতম স্বপ্নকেও মাথা থেকে ঝেড়ে ফেলতে চান তিনি, ‘আমি এটা এখনো বলব। গত মৌসুমে আমাদের ফলাফলটা ছিল কোনো অনুষ্ঠান শুরুর নির্দিষ্ট সময়ের অনেক আগেই উপস্থিত হয়ে যাওয়ার মতো। চ্যাম্পিয়ন হওয়ার মতো দল হয়ে ওঠার প্রচেষ্টাটা আমরা এখনো চালিয়ে যাচ্ছি।’
এই মুহূর্ত থেকে চ্যাম্পিয়ন হওয়ার আলোচনাও পরিহার করতে চান তিনি, ‘যত দিন পর্যন্ত না আমরা নিজেদের মানের একটা উন্নতি ঘটাতে পারছি, তত দিন চ্যাম্পিয়ন হওয়া না-হওয়া নিয়ে কোনো আলোচনাই করতে চাই না। আমার সৌভাগ্য যে আমার দলে এমন কিছু খেলোয়াড় আছে, যারা জানে এই পরিস্থিতিতে তাতের করণীয়টা কী!’ সূত্র: রয়টার্স।