লিভারপুলের স্বপ্ন বুঝি গেলই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিভারপুলের বিপক্ষে দারুণ এক গোলের পর সানচেজের উদ্‌যাপনের সঙ্গী আর্সেনাল সতীর্থ জিরু ও বেলেরিন (ডানে)। আগে-পরে এ দুজনও কাল গোল করেছেন এমিরেটস স্টেডিয়ামে l এএফপি
লিভারপুলের বিপক্ষে দারুণ এক গোলের পর সানচেজের উদ্‌যাপনের সঙ্গী আর্সেনাল সতীর্থ জিরু ও বেলেরিন (ডানে)। আগে-পরে এ দুজনও কাল গোল করেছেন এমিরেটস স্টেডিয়ামে l এএফপি

ড্র করলেও আশাটা টিম টিম করে বেঁচে থাকত। হেরে যাওয়ায় লিভারপুলের চ্যাম্পিয়নস লিগে খেলার আশা প্রায় শেষই হয়ে গেল। আর্সেনালের মাঠে গিয়ে কাল ৪-১ গোলে হেরে এসেছে অলরেডরা।
ম্যাচ শেষে লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্স যেন ভাগ্যকে মেনেই নিলেন, ‘এই ম্যাচ থেকে আমাদের কিছু পেতেই হতো। শীর্ষ চারে থাকতে পারব কি না সেটা নিয়ে এখন অনেক সংশয়। কাজটা খুব খুব কঠিন হবে।’ তাঁর কাঠগড়ায় দলের রক্ষণ, ‘আজকের দিনটা হতাশার ছিল, আমরা গুরুত্বপূর্ণ মুহূর্তে রক্ষণটা ঠিকঠাক করতে পারিনি।’
৪-১ ব্যবধান অবশ্য রক্ষণের ভরাডুবির কথাই বলবে। তবে স্কোরলাইন যা বলছে, তার চেয়ে লিভারপুলের রক্ষণ ছিল আরও নড়বড়ে। গোলরক্ষক সিমোন মিনিয়োলেত কয়েকটি নিশ্চিত গোল না বাঁচালে পরাজয়ের ব্যবধান আরও বড়ই হতে পারত। সহজ কিছু সুযোগ নষ্ট করার দায় নিতে হবে রামসেদেরও।
গত মৌসুমে অ্যানফিল্ডে গিয়ে ৫-১ গোলের লজ্জায় ডুবেছিল আর্সেনাল। কাল মনে হচ্ছিল, সেই স্মৃতিই যেন ফিরে আসবে এমিরেটসে। প্রথম ৩০ মিনিটে দুই দলই গোল পেতে পারত, কিন্তু সেটি হয়নি। ৩৭ থেকে ৪৫—এই ৮ মিনিটের এক ঝড়ে লিভারপুলকে লন্ডভন্ড করে দেয় আর্সেনাল। ৩৭ মিনিটে হেক্টর বেলেরিনের গোল দিয়ে শুরু, ৪০ মিনিটে আর্সেনালকে দারুণ এক ফ্রি-কিকে আরও এগিয়ে দেন জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল। পাঁচ মিনিট পর আরও একটি মনে রাখার মতো গোল করে ম্যাচের ভাগ্য লিখে দেন অ্যালেক্সিস সানচেজ।
দ্বিতীয়ার্ধে খানিকটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে লিভারপুল। ৭৬ মিনিটে রাহিম স্টার্লিংকে বেলেরিন বক্সে ফেলে দিলে পেনাল্টি দেন রেফারি। গোল করে লিভারপুলকে একটু আশার আলো দেখাচ্ছিলেন জর্ডান হেন্ডারসন। কিন্তু ৮৪ মিনিটে এমরে চান দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ায় ১০ জনের দল হয়ে পড়ে লিভারপুল। ৯০ মিনিটে তাদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন দুর্দান্ত ফর্মে থাকা অলিভিয়ের জিরু।
কাল অবশ্য ম্যানচেস্টার ইউনাইটেড হেরে গেলে খানিকটা আশার আলো দেখতে পারত লিভারপুল। কিন্তু সেটাও হয়নি, অ্যাস্টন ভিলাকে ওল্ড ট্রাফোর্ডে ৩-১ গোলে হারিয়েছে ইউনাইটেড। ৪৩ মিনিটে অ্যান্ডার হেরেরার গোলের পর ৭৯ মিনিটে অসাধারণ এক গোলে ব্যবধান বাড়ান ওয়েইন রুনি। এক মিনিট পরই ক্রিস্টিয়ান বেনটেকে ব্যবধান কমিয়েছেন ভিলার হয়ে, কিন্তু লাভ হয়নি। যোগ করা সময়ে হেরেরা আরেকটি গোল করে নিশ্চিত করেছেন ইউনাইটেডের জয়।
ওদিকে ইতালিয়ান সিরি ‘আ’তে মিরালেম পিয়ানিচের গোলে রোমা কাল ১-০ গোলে হারিয়েছে নাপোলিকে। এএফপি, স্টার স্পোর্টস।