লিভারপুলের হয়ে সাবেক ক্লাব রোমার মুখোমুখি হবেন সালাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কী ভাবছেন মোহাম্মদ সালাহ? আবেগ ভুলে আজ তাঁর পেশাদারত্বের পরীক্ষা। ছবি: এএফপি
কী ভাবছেন মোহাম্মদ সালাহ? আবেগ ভুলে আজ তাঁর পেশাদারত্বের পরীক্ষা। ছবি: এএফপি
>
  • সেমিফাইনাল প্রথম লেগে আজ রাতে লিভারপুলের মুখোমুখি রোমা
  • লিভারপুলের হয়ে সাবেক ক্লাবের মুখোমুখি হবেন মোহাম্মদ সালাহ
  • এ মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন মিসরীয় এ ফরোয়ার্ড

ইউরোপ-সেরার মঞ্চে ৩৪ বছর পর প্রথম ফাইনালে ওঠার সুযোগ। কে জানত, এএস রোমার এই ফাইনাল-স্বপ্ন পূরণে মূল বাধা হয়ে দাঁড়াবেন তাঁদেরই এক সাবেক খেলোয়াড়!

রোমা অন্তত গত জুনে ব্যাপারটি টের পায়নি। নইলে লিভারপুলের কাছে মোহাম্মদ সালাহকে তাঁরা কোনোভাবেই বেচত না। ফুটবলের কি লীলাখেলা—মিসরীয় এই ফরোয়ার্ডই আজ রাতে রোমার ফাইনালের পথে মূল বাধা। এদিকে সালাহর জন্যও এই ম্যাচটা আবেগ ভুলে পেশাদারত্বের পরীক্ষা।

রোমায় দুই মৌসুমে ৩৪ গোল করেছিলেন সালাহ। কিন্তু লিভারপুলে এসে অভিষেক মৌসুম শেষের আগেই তাঁর নামের পাশে ৪১ গোল! লিভারপুলের ইতিহাসে আর কোনো খেলোয়াড়ই সালাহর মতো এত দুর্দান্ত অভিষেক মৌসুম কাটাননি; যা দেখে অলরেড কিংবদন্তি স্টিভেন জেরার্ডের ভাষ্য, ‘আমরা এক গ্রেট খেলোয়াড়ের শুরু দেখছি।’

অ্যানফিল্ডে সালাহর ধূমকেতুর মতো উত্থান দেখে এত দিনে মুখ খুললেন রোমার সভাপতি জেমস প্যালোত্তা। সেটাও মোক্ষম এক সময়ে, যখন খেলোয়াড়টির সাবেক ও বর্তমান ক্লাব গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি। লিভারপুল মালিক জন ডব্লিউ. হেনরিকে অনেকটা খোঁচার ছলেই প্যালোত্তা বলেছেন, সালাহকে কেনার সময় হেনরি ভেবেছিলেন দামটা বেশি হয়ে গেছে।

রোমা থেকে গত জুনে প্রাথমিকভাবে ৪৩ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিয়ে সালাহকে কেনে লিভারপুল। ‘অ্যাড অনস’ যোগ করে দামটা ৫০ মিলিয়ন ইউরো পর্যন্ত উঠতে পারে। ইএসপিএনকে সেই ঘটনা প্রসঙ্গে প্যালোত্তা বলেন, ‘সে (হেনরি) কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল। অনেকটা এমন “দামটা বেশি হয়ে যাচ্ছে কি? আমার মতে, দামটা বেশি হয়ে যাচ্ছে”। তাঁকে বলেছিলাম, তোমাকে মধ্যাহ্নভোজন করাব।’

সালাহর দাম নিয়ে লিভারপুল মালিকের তখনকার সেই খুঁতখুঁতে মনোভাব এখন নিশ্চয়ই তুষ্টিতে পরিপূর্ণ। ইংলিশ প্রিমিয়ার লিগে ৩৮ ম্যাচের মৌসুমে সর্বোচ্চ গোলের (৩১) রেকর্ড ছুঁয়েছেন। লিভারপুলের হাতে এখনো তিনটি লিগ ম্যাচ থাকায় সালাহ এই রেকর্ডটা নতুন করে লেখাতেও পারেন। এ ছাড়া ইউরোপিয়ান ‘গোল্ডেন সু’ জয়ের দৌড়ে মেসি-রোনালদোকে টপকে সালাহ শীর্ষে।

প্যালোত্তার মতে, সালাহর সেই ট্রান্সফার এখন যে কেউ দেখলে বলবে ‘অবিশ্বাস্য চুক্তি’। তবে রোমা সভাপতি এটাও মনে করিয়ে দিয়েছেন, লিভারপুল যে দাম হেঁকেছিল, অন্য কোনো দল তার ধারেকাছেও ছিল না। আর সালাহ নিজেও ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরতে চেয়েছিলেন। কিন্তু তাঁর ফেরা যে এতটা রঙিন হবে, তা জানতে কে! এক দশকের ব্যবধানে প্রথম চ্যাম্পিয়নস লিগ সেমির দেখা পেয়েছে লিভারপুল। ১১ বছরের ব্যবধানে প্রথম ফাইনালে ওঠার স্বপ্ন বাস্তবায়নে সালাহ–ই তাঁদের মূল চাবিকাঠি। আর সালাহর অবস্থা যেন, শ্যাম রাখি না কুল রাখি!

রোমায় যোগ দেওয়ার আগে বাসেল কিংবা চেলসিতে সালাহ সেভাবে নিজের জাত চেনাতে পারেননি। ইতালিয়ান ক্লাবটিতে দুই বছরের সেই পারফরম্যান্সই তাঁকে পাদপ্রদীপের আলোয় নিয়ে এসেছে। এদিক বিচারে ইতালিয়ান ক্লাবটি তাঁর ‘কুল’ আর লিভারপুল সেই নতুন ‘শ্যাম’, যাঁদের হয়ে আজ তাঁর কুল ভাঙার পরীক্ষা।

‘আবেগ’ বনাম ‘পেশাদারিত্ব’-এর এই পরীক্ষায় সালাহ যে পরের শব্দটি বেছে নেবেন তা পরিষ্কার। আর প্রিয় শিষ্যকে একটি কথাও মনে করিয়ে দিয়েছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ, ‘মো (সালাহ) খুব দ্রুতই টের পাবে যে ওরা (রোমা) আর তার সতীর্থ নেই। ইতালিয়ান ডিফেন্ডারদের বন্ধুত্বপূর্ণ ম্যাচ না খেলার ব্যাপারে খ্যাতি রয়েছে—তবে সে (সালাহ) ফুটবলের ভাষায় জবাব ফিরিয়ে দিতে পারে।’