লিভারের সমস্যায় ধুঁকছেন ফুটবল মাতানো মনু

বাংলাদেশের ফুটবলে মনোয়ার হোসেন মনু বিস্মৃতপ্রায় এক নাম; সেটি এ প্রজন্মের ফুটবলপ্রেমীদের কাছে। কিন্তু আশির দশকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে নিয়মিত যাতায়াত ছিল যাঁদের, তাঁদের কাছে মনু নামটা অতিপরিচিত। মোহামেডান-সমর্থকদের কাছে মনু তো অবিস্মরণীয় এক স্মৃতি। তীব্রগতিতে প্রতিপক্ষকে ছিটকে গোলমুখে ঢুকে পড়া কিংবা চকিত শটের গোল—মোহামেডানের সমর্থকেরা মনুকে মনে রেখেছেন এভাবেই। তবে সেই মনু বর্তমানে ভালো নেই। শারীরিকভাবে বেশ অসুস্থ। লিভারের জটিল রোগে আক্রান্ত হয়ে তিনি এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন।
মনুর সঙ্গে পারিবারিকভাবে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বিএসএমএমইউয়ের ডা. গোলাম মোস্তফার অধীনে চিকিৎসাধীন মনু। আগামী সোমবার একটি পরীক্ষা করতে বলা হয়েছে তাঁকে। এরপরই হয়তো জানা যাবে মনুর লিভারে আসলে কী হয়েছে।
মনু নিজে প্রথম আলোকে বলেছেন, ‘ডাক্তাররা বলেছেন, আমার লিভারে নাকি কী ধরনের ভাইরাস ধরা পড়েছে। আগামী সোমবার আমি আবার একটা পরীক্ষা করাব।’ মনু সবার কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
আশির দশকের মাঝামাঝি সময়ে ঢাকার ফুটবলে ধূমকেতুর মতোই আবির্ভাব এই উইঙ্গারের। প্রচণ্ড গতিসম্পন্ন মনু ১৯৮৬ সালের লিগে আবাহনীর বিপক্ষে প্রায় মাঝমাঠ থেকে দুর্দান্ত এক গোল করেছিলেন। তাঁর সেই গোলেই আবাহনীকে হারিয়ে টানা তিন মৌসুম পর লিগ শিরোপা ঘরে তুলেছিল মোহামেডান। ১৯৮৭ সালে প্রেসিডেন্ট গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় চীনের গোয়াংডং ক্লাবের বিপক্ষে বাংলাদেশ সাদা দলের হয়ে তাঁর আছে আরও একটি দুর্দান্ত গোল। ডি বক্সের বাইরে থেকে তাঁর নেওয়া শটটি হঠাৎ বাঁক খেয়ে হতভম্ব করে দিয়েছিল চীনের গোলরক্ষককে। ১৯৮৭ সাল পর্যন্ত মোহামেডানে খেলেন। ১৯৮৮ সালে চলে যান ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাবে। চোট সমস্যা বড় হতে দেয়নি তাঁর ফুটবল ক্যারিয়ার।