লির লাল কার্ডে আবাহনীর সর্বনাশ

এখনো দলের দায়িত্ব নেননি আবাহনীর নতুন কোচ দ্রাগ মমিচ। কিন্তু প্রথম দিন এসেই বঙ্গবন্ধু স্টেডিয়ামের ভিআইপি বক্সে বসে দেখলেন দলের দুর্দশা। স্বাধীনতা কাপে আগের ম্যাচেই বিজেএমসিকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া আবাহনী আজ দুর্বল আরামবাগের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। আবাহনীর ইংলিশ ফরোয়ার্ড লি টাকের লাল কার্ডের মূল্য দিতে হয়েছে পয়েন্ট ভাগাভাগি করে।
৪১ মিনিটে আরামবাগের ডিফেন্ডারকে লাথি মেরে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লি টাক। অথচ লি-সানডে-কামারা ত্রয়ীর ত্রাসেই আগের ম্যাচে বিধ্বস্ত হয়েছিল বিজেএমসি। লি মাঠ ছাড়ার পরে ১০ জনের দল নিয়েও গোলমুখে আক্রমণ চালিয়েছে আবাহনী। কিন্তু কামারা ও সানডেও ছিলেন নিষ্প্রভ। যদিও ৫৮ মিনিটে এগিয়ে যেতে পারত আবাহনী। কিন্তু বক্সের সামান্য বাইরে থেকে নেওয়া সানডের ফ্রি-কিক ক্রসবারে লেগে ফেরে। ৭৯ মিনিটে আরামবাগের আবু সুফিয়ান বক্সে ঢুকেও গোল করতে পারেননি। আবাহনীর গোলরক্ষক শাকিলকে একা পেয়েও বল মারেন তাঁর গায়ে।
৩ ম্যাচে দুই ড্র ও ১ জয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে আবাহনী। ৫ ম্যাচে টানা ৪ ড্রয়ে ৪ পয়েন্ট আরামবাগের। তাদের একটিমাত্র হার শেখ রাসেলের সঙ্গে।