লুইজের সঙ্গে নতুন চুক্তি, খেপেছেন আর্সেনাল ভক্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্সেনালে জনপ্রিয়তা হারিয়েছেন ডেভিড লুইজ। ফাইল ছবি
আর্সেনালে জনপ্রিয়তা হারিয়েছেন ডেভিড লুইজ। ফাইল ছবি
>লুইজসহ চার খেলোয়াড়ের সঙ্গে নতুন চুক্তি করেছে আর্সেনাল। যা দেখে সমালোচনার ঝড় তুলেছেন দলটির সমর্থকেরা

খেপে গেছেন আর্সেনাল সমর্থকেরা। নিজেদের দলের ওপরই খেপেছেন তাঁরা। এমনিতেই প্রিমিয়ার লিগে ভালো অবস্থানে নেই গানাররা। অনাকাঙ্ক্ষিত করোনাবিরতি শেষে মাঠে ফিরে টানা দুই ম্যাচ হেরেছে দলটি। তারওপর কাল আবার ডেভিড লুইজসহ বর্তমান দলের চারজন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি নবায়ন করেছে আর্সেনাল। গানার সমর্থকেরা খেপেছেন মূলত 'ব্যর্থ' খেলোয়াড়দের সঙ্গে নতুন করে চুক্তি করাতেই।

লু্ইজের চুক্তির মেয়াদ এক বছর করে বাড়ানো হয়েছে। ধারে আনা পাবলো মারি ও সেদ্রিস সোরেসকে পাকাপাকিভাবেই দলে নিয়েছে আর্সেনাল। ধারে আনা দানি কাবায়োসকেও আরও কিছুদিন রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ ফুটবলের অন্যতম সফল দলটি।

আর্সেনাল–ভক্তদের বেশি রাগ ডেভিড লুইজের ওপর। এমনিতে মৌসুমটা ভালো যায়নি ব্রাজিলিয়ান ডিফেন্ডারের। বিরতি শেষে মাঠে ফিরে প্রথম ম্যাচে প্রতিপক্ষকে শুধু পেনাল্টিই উপহার দেননি, দেখেছেন লাল কার্ড। অন্যদিকে মারি নভেম্বর থেকেই চোটে ভুগছেন, সোরেসেও বসে আছেন মাঠের বাইরে।

নতুন চুক্তির এই খবর শোনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছেন গানার সমর্থকেরা। এক সমর্থক তো টুইটারে লিখেছেন, 'চ্যাম্পিয়নশিপ আমরা আসছি।' লুইজদের নিয়ে খেললে আর্সেনালের অবনমন হয়ে যাবে এমনটাই ভাবছেন ওই সমর্থক। এর উত্তরে আরেক সমর্থক মজা করে লিখেছেন, 'আমরা সেখানে অন্তত লিগ জিতব।'
আরেকজন ভক্ত টুইট করে প্রশ্ন তুলেছেন আর্সেনাল কর্তৃপক্ষের কাণ্ডজ্ঞান নিয়ে, 'আর্সেনালের সবকিছুই এখন বাজে যাচ্ছে। আপনি কীভাবে সাউদাম্পটনের ২৯ বছর বয়সী এক খেলোয়াড়ের (সোরেস) সঙ্গে চার বছরের চুক্তি করেন। আবার কীভাবে দাবি করেন দল পুনর্গঠনের কাজ চলছে? ডেভিড লুইজের যে পারফরম্যান্স তাতে সে ১০ পাবে ০, কিন্তু সেই খেলোয়াড়ের চুক্তি বাড়িয়ে পুরস্কৃত করা হলো। '