লুইস এনরিকের 'গোপন ভিডিও'

মালাগার বিপক্ষে ওই ড্রটা বার্সেলোনা কোচ লুইস এনরিকের চিন্তাভাবনাতে বড় ধরনের পরিবর্তনই নিয়ে এসেছে। লা লিগায় তাঁর দলের প্রস্তুতিটা পূর্ণ মাত্রা পাচ্ছে না, সেটাই বোধ হয় অনুভব করা শুরু করেছেন বার্সা কোচ। তিনি চাচ্ছেন, এই মৌসুমে সফল হতে ‘ভিন্ন কিছু’ ব্যবহার করতে। নানা ধরনের পরিকল্পনা থেকে এনরিকে আপাতত হাতে নিয়েছেন ‘গোপন ভিডিও’ পদ্ধতি।
মালাগার বিপক্ষে ম্যাচের পরপরই এই পরিকল্পনা চূড়ান্ত করেছেন এনরিকে। প্রতিপক্ষ দলগুলোর শক্তি-দুর্বলতার বিষয়গুলো আরও গভীর ও বিশদভাবে জেনে নেওয়াই এই ‘গোপন ভিডিও’র মূল উদ্দেশ্য। এ লক্ষ্যে তিন সদস্যের একটি বিশেষ ভিডিও বিশ্লেষক দল তৈরি করেছেন কোচ এনরিকে।
এই বিশ্লেষক দল স্প্যানিশ লা লিগার বিভিন্ন দলের খেলায় উপস্থিত হয়ে খেলাগুলো ক্যামেরায় ধারণ করবেন। সেই ভিডিওর ওপর ভিত্তি করেই এনরিকে দলকে তৈরি করবেন, খেলার কৌশল ঠিক করবেন।
এদিকে আজ শনিবার গ্রানাডার বিপক্ষে লা লিগার আরেক ম্যাচ খেলতে নামার আগে এনরিকে বলেছেন, তিনি চেষ্টা করছেন তাঁর দলকে ‘অননুমেয়’ করে গড়ে তুলতে। ম্যাচের আগেই যেন প্রতিপক্ষ বার্সেলোনার শক্তি ও দুর্বলতা ধরে নিয়ে কৌশল তৈরি করতে না পারে সে লক্ষ্যেই তিনি কাজ করে চলেছেন বলে জানিয়েছেন।
গ্রানাডার বিপক্ষে ম্যাচটিতেও মালাগার মতোই প্রতিরোধের সম্মুখীন হবেন বলে মনে করেন এনরিকে, ‘দেখুন প্রতিটি দলই আমাদের সঙ্গে চাইবে রক্ষণব্যুহ অটুট রেখে প্রতিরোধ গড়তে। গ্রানাডার বিপক্ষে ম্যাচটি মালাগার বিপক্ষে ম্যাচের চেয়ে খুব একটা ভিন্ন হবে না।’ সূত্র: মার্কা।