লুকাকুকে রুনির পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকদের নিয়ে একটা কথা প্রচলিত আছে। অবসর নেওয়ার পরেও নাকি পড়ানোর অভ্যাসটা ছাড়তে পারেন না তাঁরা। ম্যানচেস্টার ইউনাইটেডে ওয়েইন রুনির একটা বিশেষ দায়িত্ব ছিল। ইউনাইটেড মানে কী, এখানে খেলতে হলে কোন মানের হতে হবে, মানসিকভাবে কতটা দৃঢ় থাকতে হবে—দলে আসা তরুণ খেলোয়াড়দের এসব শিখিয়ে-পড়িয়ে দেওয়ার ভার ছিল তাঁর ওপর। 

এই তো কদিন আগেই ইউনাইটেড ছেড়ে ছোটবেলার ক্লাব এভারটনে ফিরেছেন ইংলিশ স্ট্রাইকার। কিন্তু রুনি সেই অভ্যাসটা ছাড়তে পারলেন কই! এভারটন থেকে ইউনাইটেডে নাম লেখানো রোমেলু লুকাকুর জন্য উন্মুক্ত করে দিয়েছেন তাঁর পরামর্শের ডালি। ওল্ড ট্রাফোর্ডে থাকলে হয়তো কাছ থেকেই বোঝাতেন সব। কিন্তু সেই উপায় তো আর নেই। তাই দূর থেকেই দিলেন উপদেশ—ইউনাইটেডে সাফল্য পেতে হলে দুর্বলচিত্ত হলে হবে না।

লুকাকুর সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই রুনির। তবে সাফল্য পেতে হলে বেলজিয়ান স্ট্রাইকারকে ইউনাইটেডে খেলার চাপটা সবার আগে সামলাতে হবে বলে মনে করেন তিনি, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলতে হলে দৃঢ়তার পরীক্ষাই দিতে হয়। চাপ সামলাতে হলে মানসিকভাবে অনেক দৃঢ় হতে হবে। ইউনাইটেড সব সময় সাফল্য চায়। এই চ্যালেঞ্জ নিতে রোমেলুকে মানসিকভাবে অনেক শক্ত হতে হবে।’

ইউনাইটেডের এই মানটা অ্যালেক্স ফার্গুসনই নির্ধারণ করে দিয়েছেন। সাবেক এই কোচের অধীনে অজেয় এক দলই হয়ে উঠেছিল প্রিমিয়ার লিগের দলটি। সেই মানের সঙ্গে তাল মিলিয়ে চলা খেলোয়াড়দের জন্য কঠিন এক চ্যালেঞ্জ। ২০০৪ সালে এভারটন থেকে ইউনাইটেডে নাম লেখানোর পর রুনিকে এই চাহিদার সঙ্গে কীভাবে মানিয়ে নিতে হবে, সেই দীক্ষা দিয়েছিলেন সেই সময়ের সিনিয়র খেলোয়াড়েরা। সেই গল্পও বললেন রুনি, ‘ইউনাইটেডে খেললে আপনাকে ওই মানটা বজায় রাখতে হবে, যেটা স্যার অ্যালেক্স ফার্গুসন নির্ধারণ করে দিয়েছিলেন। আমি ইউনাইটেডে যাওয়ার পর আমাকে এই শিক্ষা দিয়েছিলেন গিগসি (রায়ান গিগস), গ্যারি নেভিল আর স্কোলসিরা (পল স্কোলস)। কয়েক বছর ধরে এই দায়িত্ব আমার আর মাইকেল ক্যারিকের ওপর ছিল।’ গোলডটকম।