লুকাকুর গল্পটা আপনাকে নাড়া দেবেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোমেলু লুকাকু। আজও তাঁর দিকে তাকিয়ে বেলজিয়াম। ছবি: এএফপি
রোমেলু লুকাকু। আজও তাঁর দিকে তাকিয়ে বেলজিয়াম। ছবি: এএফপি
>স্পোর্টস ওয়েবসাইট দ্য প্লেয়ার্সট্রিবিউন ডট কমকে লুকাকু খুলে দিলেন মনের জানালা। পেছন ফিরে তুলে এনেছেন নিজের জীবনসংগ্রামের গল্প

সাফল্য আজ তাঁর পায়ে লুটিয়ে পড়ছে। এই বিশ্বকাপের প্রথম ম্যাচেই পানামার জালে দুই গোল। বেলজিয়ামও ৩-০ গোলের জয় দিয়ে শুরু করেছে বিশ্বকাপ। কিন্তু পেছনে তাকিয়ে রোমেলু লুকাকু কখনো ভোলেন না সেই দিনগুলো, যখন তাঁকে দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করে বড় হতে হয়েছে। সেই দিনগুলোই ম্যানচেস্টার ইউনাইটেড তারকার চলার পথের পাথেয়। বেলজিয়াম আজও তাঁর দিকে বেশি তাকিয়ে থাকবে। মস্কোয় তিউনিসিয়ার বিপক্ষে লুকাকুর পায়ে আবারও ঝলক দেখার অপেক্ষায় বেলজিয়াম–সমর্থকেরা। যে তিউনিসিয়া প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল শেষ মুহূর্তে ইংলিশ অধিনায়ক হ্যারি কেনের গোলে।

অথচ এই লুকাকুর জীবনের গল্পটা সংগ্রামের। কঙ্গোর অভিবাসী বাবা বসত গড়েন উত্তর বেলজিয়ামের দ্বিতীয় বৃহত্তম শহর এন্টওয়ার্পে, সেখানেই জন্ম লুকাকুর। ছোটবেলায় দেখেছেন ঘরে প্রায়ই খাবার-সংকট। অ্যাপার্টমেন্টে কখনো কখনো বিদ্যুৎ থাকত না। কারণ, বিদ্যুৎ বিল দেওয়ার মতো টাকা ছিল না। স্পোর্টস ওয়েবসাইট দ্য প্লেয়ার্সট্রিবিউন ডট কমকে লুকাকু খুলে দিলেন মনের জানালা। পেছন ফিরে তুলে আনেন সেই সময়টা, ‘সারা সপ্তাহ চলার মতো টাকা ছিল না আমাদের। আমরা শুধু গরিব ছিলাম না, ছিলাম কপর্দকশূন্যও।’

পেশাদার ফুটবলার বাবা যখন ক্যারিয়ার শেষ করলেন, তাঁর কাছে কোনো টাকাপয়সা ছিল না। মাত্র ছয় বছর বয়সেই লুকাকু বুঝতে পারেন, তাঁর পরিবার কী ভয়ানক দারিদ্র্যের মধ্যে ডুবে ছিল। দেখতেন মা দুধের সঙ্গে পানি মেশান, যাতে দুধের পরিমাণটা বেশি হয়। এই দৃশ্য তাঁর মনে প্রচণ্ড ধাক্কা দেয়। আস্তে আস্তে সিদ্ধান্ত নেন, পেশাদার ফুটবলার হয়ে এই দারিদ্র্যের দেয়াল ভাঙবেন। ফুটবলই হবে তাঁর পরিবারের দারিদ্র্য দূর করার বড় উপায়।

লুকাকু ছোটবেলায় ফিরে যান, ‘তখন আমি খুব রাগ নিয়ে খেলতাম।’ রাগের কারণও ছিল অনেক। অ্যাপার্টমেন্টের কাছে যে মাঠে খেলতেন, সেটিতে প্রচুর ইঁদুর দৌড়াদৌড়ি করত। অন্য মা-বাবারা তাঁর দিকে যেভাবে তাকাতেন, সেটাও মনে জেদ তৈরি করে দেয়। মাত্র ১২ বছর বয়সেই প্রতিভার বিস্ফোরণ, কিশোর লুকাকু ৩৪ ম্যাচে করে বসে ৭৬ গোল! নিজের ১৬তম জন্মদিনে পেশাদার চুক্তি করে বেলজিয়ামের ঐতিহ্যবাহী দল আন্ডারলেখটের সঙ্গে। চুক্তির ১১ দিন পরই প্রথম একাদশেও জায়গা পেয়ে যায় ছেলেটি।

তারপর লুকাকু হয়ে উঠলেন বেলজিয়ামের সর্বোচ্চ গোলদাতা, ৭০ ম্যাচে ৩৮ গোল। গত বিশ্বকাপটা তাঁর ভালো কাটেনি। গোল ছিল মাত্র একটি। তবে এ নিয়ে ততটা দুঃখ নেই, যতটা আছে তাঁর পেশাদার ফুটবল হওয়া এবং মায়ের দুঃখ-কষ্ট দূর করাটা তাঁর নানা দেখে যেতে পারেননি বলে। মাঝে মাঝে ভাবেন, নানাকে যদি ফোন করে বলতে পারতেন, ‘তোমার মেয়ে এখন ঠিক আছে। অ্যাপার্টমেন্টে ইঁদুর নেই। আর মেঝেতে ঘুমাতে হচ্ছে না। আমরা এখন ভালো আছি।’

বেলজিয়াম–সমর্থকদের ভালো রাখার কাজটাও এখন তাঁর। অবশ্য দলের আরেক তারকা এডেন হ্যাজার্ডের কাঁধেও দায়িত্ব কম নয়। প্রথম ম্যাচটা হ্যাজার্ডের ভালো কাটেনি। বেলজিয়াম জিতলেও ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকায় শুনতে হয়েছে সমালোচনা। হ্যাজার্ড তাতে একটু বিরক্তই, ‘লোকে আমাদের কাছে অনেক কিছু চায়। প্রায় ৮০ ভাগ বল পজেশন রাখব, ৫০ বার পোস্টে শট নেব আর ৪০টি গোল করব! কিন্তু ওভাবে তো সবকিছু হয় না। কখনো কখনো কঠিন ম্যাচও আসবে। আমরা প্রথম ম্যাচ জিতেছি এবং ৩-০ স্কোরলাইন খারাপ নয়।’

আজও নিশ্চয়ই লুকাকু-হ্যাজার্ডরা আরও বড় স্কোরলাইন উপহার দিতে চাইবেন বেলজিয়ামকে।