লুটনের বিস্ময়বালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুটনের বিস্ময়বালক চার্লি পাতিনো l মেইল অনলাইন
লুটনের বিস্ময়বালক চার্লি পাতিনো l মেইল অনলাইন

মাত্রই ১১ পেরিয়েছে বয়স। পেশাদার ফুটবল ব্যাপারটা কী এখনো ঠিক বুঝে উঠতে পারেনি ছেলেটা। চেনা-জানা হয়নি সেই পৃথিবীটার সঙ্গেও। কিন্তু সে না চিনলে কী হবে, তাকে ঠিকই চিনে ফেলেছে ইংল্যান্ডের বড় ক্লাবগুলো। আর সে জন্যই ১১ বছরের এই বালককে এখনই চুক্তিবদ্ধ করে রাখতে চাইছে চেলসি, আর্সেনাল আর টটেনহামের মতো ক্লাবগুলো। চার্লি পাতিনো। ইংল্যান্ডের তৃতীয় বিভাগের দল লুটন টাউনের একাডেমিতে যাকে সবাই বলছে লুটনের বিস্ময়বালক।
একসময় এই একাডেমিরই ছাত্র ছিলেন আর্সেনালের ইংলিশ মিডফিল্ডার জ্যাক উইলশেয়ার। পাতিনোও উইলশেয়ারের মতোই মিডফিল্ডার। আর সে কারণেই ইংলিশ মিডফিল্ডারের সঙ্গেই তার নামটা জড়াচ্ছে বেশি। একসময় পাতিনোও উইলশেয়ারের মতো প্রিমিয়ার লিগের বড় ক্লাবে খেলবে, গায়ে উঠবে জাতীয় দলের জার্সি—এমন জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে এখনই।
তবে বেড়ে ওঠাটা ইংলিশ ফুটবলের মধ্যে হলেও পাতিনো নিজে স্প্যানিশ ফুটবলের বড় ভক্ত। আরও নির্দিষ্ট করে বললে বার্সেলোনা-অন্তঃপ্রাণ। প্রিমিয়ার লিগের খেলা মিস হয়ে যায় মাঝেমধ্যে, কিন্তু প্রতি সপ্তাহে নিয়ম করে বাবার সঙ্গে টেলিভিশনে স্প্যানিশ লিগ দেখতে ভুল হয় না তার। স্প্যানিশ ফুটবলের প্রতি অনুরাগও বাবার কাছ থেকেই পাওয়া। এখন ইংল্যান্ডে স্থায়ী হলেও পাতিনোর বাবা হুলিও আসলে স্প্যানিশ বংশোদ্ভূত। ষাটের দশকের মাঝামাঝি ইংল্যান্ডে স্থায়ী হয়েছেন হুলিও। তবে জন্মভূমির প্রতি টানটা যায়নি। স্প্যানিশ ক্লাব দেপোর্তিভো লা করুনিয়ার বড় ভক্ত তিনি। বাবার সঙ্গে স্প্যানিশ ফুটবল দেখতে দেখতেই পাতিনোর ফুটবলের প্রতি ভালোবাসার জন্ম এবং ফুটবলার হওয়ার চেষ্টা। শুধু সামর্থ্য আর দক্ষতা নয়, এই বয়সেই পাতিনোর ফুটবল-মস্তিষ্ক যে বেশ পরিপক্ব হয়ে উঠেছে সেটা বোঝা যাবে বাবা হুলিও কথা শুনলে, ‘ও শুধু খেলা দেখে না, সেটা বিশ্লেষণ করে। মাঠে কোন খেলোয়াড় কখন কেন নড়ছে সেই প্রশ্ন করে। কে কোথায় ভুল করছে বুঝতে পারে!’
আর এ কারণেই ছেলের প্রতিভাটা যাতে পরিচর্যার অভাবে নষ্ট না হয়ে যায় সেদিকেও যথেষ্ট সতর্ক পাতিনোর বাবা হুলিও ও মা কেটি। চেলসি, আর্সেনাল ও টটেনহামের মতো ক্লাব তাকে নিয়ে আগ্রহ দেখিয়েছে, কিন্তু তাঁরা হুট করে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না। তিনটি ক্লাবেরই অনুশীলন মাঠ, একাডেমি ঘুরে এসেছেন ছেলেকে নিয়ে। বোঝার চেষ্টা করছেন কোথায় গেলে তাঁদের ছেলের প্রতিভা বিকশিত হবে যথাযথ।
এর আগ পর্যন্ত হয়তো লুটনের একাডেমিতেই পাতিনো দেখিয়ে যাবে নিজের দক্ষতা, মুগ্ধ করবে আরও অনেককে। ডেইলি মেইল।