লেবাননকে হারানো আর র্যাঙ্কিং পতনের দশক

>আর মাত্র কটা দিন। এরপরই শেষ হয়ে যাচ্ছে একুশ শতকের দ্বিতীয় দশক। ২০১০ থেকে সর্বশেষ এক দশকে কত কিছুই না ঘটেছে ক্রীড়াবিশ্বে। কত উত্থান-পতন, কত অঘটন, কত রূপকথার গল্প লেখা হয়েছে খেলার মাঠে, ট্র্যাকে কিংবা পুলে। গত এক দশকের সেই সব আলোচিত ঘটনা নিয়েই প্রথম আলোর এই ধারাবাহিক আয়োজন। আজ রাশেদুল ইসলাম তুলে এনেছেন গত এক দশকের বাংলাদেশের ফুটবলের আলোচিত দশ ঘটনাকে।
এসএ গেমস ফুটবলে সোনা
২০১০ সালে এসএ গেমসের আয়োজক ছিল বাংলাদেশ। স্বাগতিক হিসেবে পদক তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল বেশ ভালো। ফুটবলের সোনা এসএ গেমসের সাফল্যকে করেছিল মহিমান্বিত। এ দশকের শুরুতেই শেষবারের মতো বড় সাফল্য এসেছিল বাংলাদেশের ফুটবলে। ফাইনালে আফগানিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল জিতেছিল এসএ গেমস ফুটবলের সোনা।
এসএ গেমসে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল বেশ দাপটের সঙ্গেই খেলেছিল। গ্রুপের প্রথম ম্যাচে নেপালকে উড়িয়েছিল ৩-০ গোলে। এরপর ভুটানকে ৪-০ ও মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে সেমিতে ওঠে বাংলাদেশ। সেমিতে ভারত হারে ১-০ গোলে।
তাজিকিস্তানের বিপক্ষে জয়
ঢাকায় দক্ষিণ এশীয় গেমসে বাংলাদেশের সোনা জয়ের সাফল্যের ধারা বজায় ছিল শ্রীলঙ্কাতেও। ২০১০ সালে কলম্বোতে এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা তাজিকিস্তানকে ২-১ গোলে হারিয়ে চমক দেখায় বাংলাদেশ। কিন্তু গ্রুপ পর্বেই আবার শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যাওয়ায় টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা হয়নি আমিনুল হক, এনামুলদের।
বিদেশি কোচের আসা-যাওয়া
এ দশকে বিদেশি কোচ বদলকে মামুলি বিষয়ে পরিণত করেছিল বাফুফে। ২০১০ সালে এসএ গেমসের সোনাজয়ী অনূর্ধ্ব-২৩ দলের কোচ ছিলেন জোরান জর্জেভিচ। তাঁর অধীনে দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল খেলেছিল দল। কিন্তু বাফুফের সঙ্গে অর্থ করি নিয়ে বনিবনা না হওয়ায় তাঁকে দীর্ঘ মেয়াদে দেখা যায়নি। এরপর এসেছেন ক্রোয়াট রবার্ট রুবচিচ—তিনি চাকরি ছাড়েন বিশ্বকাপের প্রাক বাছাইপর্বের ম্যাচে পাকিস্তানে যেতে চান না বলে। এসেছেন মেসিডেনিয়ার নিকোলা ইলিয়ভস্কি। এসেছেন নেদারল্যান্ডসের লোডভিক ডি ক্রুইফ। ডাচ কোচ কিছুটা থিতু হলেও এরপর আবার মিউজিক্যাল চেয়ার। ইতালির ফ্যাবিও লোপেজ, স্পেনের গঞ্জালো মরেনো, বাংলাদেশের মারুফুল হক, বেলজিয়ামের টম সেন্টফিট। এখানেই শেষ নয় বর্তমান কোচ জেমি ডের আগে বছর খানিক দায়িত্ব পালন করেছেন ব্রিটিশ-অস্ট্রেলিয়ান অ্যান্ড্রু ওর্ড। কোচ বদলের এই ধারা ক্ষতি করেছে দেশের ফুটবলকে।

লেবাননের বিপক্ষে জয়
এ দশকে এটিকে দেশের ফুটবলের সেরা ঘটনাই বলা চলে। বিশ্বকাপ বাছাইপর্বে লেবাননকে ঢাকায় ২-০ গোলে হারায় বাংলাদেশ। গোল করেছিলেন জাহিদ হাসান এমিলি ও মিঠুন চৌধুরী। বৈরুতে প্রথম লেগে ৪-০ গোলে না হারলে সেবার এশিয়ার সেরা ১৫ দলের সঙ্গী হতো বাংলাদেশ।
যুব দল হারাল কুয়েতকে
২০১৩ সালে ইরাকে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাইপর্বে কুয়েতের বিপক্ষে ১-০ গোলের দুর্দান্ত জয় পেয়েছিল বাংলাদেশ। অথচ বাংলাদেশ শেষ ৫৫ মিনিট খেলেছিল ১০ জন খেলোয়াড় নিয়ে। ৬৬ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন রুবেল মিয়া। দুর্দান্ত এ জয়ের পরও চূড়ান্ত পর্বে খেলা হয়নি বাংলাদেশের। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্তপর্বে খেলেছিল স্বাগতিক ইরাক।
ভুটানের বিপক্ষে লজ্জার হার
এ দশকে ভুটানের বিপক্ষে হারের লজ্জা মাথা পেতে নিতে হয়েছে বাংলাদেশকে। ২০১৬ সালে এশিয়ান কাপের প্রাক বাছাইপর্বে থিম্পুতে বাংলাদেশ হেরে যায় ৩-১ গোলে। প্রথম পর্বে ঢাকায় গোলশূন্য ড্র করেই বিপর্যয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। থিম্পুতে গিয়ে আশঙ্কা সত্যি হয়। এই হারের পর জাতীয় দলকে পুনর্গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
ইতিহাসের সর্বনিম্ন র্যাঙ্কিং ১৯৭
র্যাঙ্কিংয়ে পেছাতে পেছাতে ২০১৭ সালের শেষের দিকে ১৯৭ র্যাঙ্কিংয়ে নেমে আসে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ের এই অধঃপতন ছিল দেশের ফুটবলের সামগ্রিক পরিকল্পনাহীনতারই ফল ফিফার সদস্যদেশ ২১১। র্যাঙ্কিংয়ে আছে ২০৭টি দেশ। আমাদের পেছনে ছিল কেবল পাকিস্তান, শ্রীলঙ্কা, জিবুতি, ভার্জিন আইল্যান্ড, ইরিত্রিয়া ও সোমালিয়া। বর্তমানে ১০ ধাপ এগিয়ে ১৮৭ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।

অনূর্ধ্ব-১৬ মেয়েদের বিপ্লব
২০১৬ সালে হঠাৎ করেই তারকা বনে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ফুটবল দলের মেয়েরা। সেবার এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের চূড়ান্তপর্বেও জায়গা করে নেয় তারা। গোলবন্যায় ভাসায় প্রতিপক্ষদের। এশিয়ার সেরা আট দলের একটি হয়ে চূড়ান্তপর্বে বাংলাদেশের পারফরম্যান্স ছিল মিশ্র। শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে তো প্রায় হারিয়েই দিয়েছিল মেয়েরা।
সেই ধারাবাহিকতায় বাছাইপর্বের বাধা পেরিয়ে ২০১৮ সালেও এশিয়ার সেরা আট দলের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। সে হিসেবে টানা দুইবার এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের চূড়ান্তপর্বে খেলবে বাংলাদেশ।
কাতারের বিপক্ষে ঐতিহাসিক জয়
২০১৮ সালে এশিয়ান গেমসের ফুটবলে কাতারের বিপক্ষে ১-০ গোলের ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন জামাল ভূঁইয়া। এই জয়ে ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান গেমসের দ্বিতীয় রাউন্ডে খেলেছে বাংলাদেশ। দ্বিতীয় রাউন্ডে অবশ্য উত্তর কোরিয়ার কাছে ৩-১ গোলে হেরে বিদায় নিতে হয় দলকে।
৪ সাফে সেমির আগেই বিদায়
২০০৯ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে শেষবার সেমিতে খেলেছিল। নতুন দশকে আর আঞ্চলিক এই প্রতিযোগিতায় আর সেমির মুখ দেখা হয়নি বাংলাদেশকে। ২০১১ সাল থেকে শুরু। এরপর ২০১৩, ২০১৫, ২০১৮—টানা চার সাফে সেমিতে ওঠা হয়নি বাংলাদেশকে।
সাফ অঞ্চলে পিছিয়ে পড়া
সাফ অঞ্চলে বাংলাদেশ এখন আর শক্তিশালী দল নয়। নেপাল, মালদ্বীপ এখন বাংলাদেশকে নিয়মিতই হারায়। ২০১৬ সালে মালেতে এক প্রীতি ম্যাচে মালদ্বীপ বাংলাদেশকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল। নেপালের সঙ্গে সবশেষ জয় এসেছে ২০১৬ সালে এক প্রীতি ম্যাচে। ২০১৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের কাছেও হারতে হয়েছে বাংলাদেশকে। শ্রীলঙ্কার মতো দলও বাংলাদেশে এসে বাংলাদেশকে হারিয়ে গেছে।
হারাতে পারেনি ভারত
গত এক দশকে সাফ অঞ্চলে একমাত্র ভারতই বাংলাদেশকে একবারও হারাতে পারেনি। ২০০৯ সালের সাফ চ্যাম্পিয়নশিপে শেষবারের মতো ভারতের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এরপর ২০১৩ ও ২০১৪ সালে আরও দুটি ম্যাচে জিততে জিততেও ড্র করেছে বাংলাদেশ। ২০১৩ সালে কাঠমান্ডু সাফে শেষ মুহূর্তের গোলে হার এড়ায় ভারত। ২০১৪ সালে গোয়ায় প্রীতি ম্যাচেও একইভাবে ২-১ গোলে পিছিয়ে থেকেও হার এড়িয়েছিল ভারত। সবশেষ গত অক্টোবরে কলকাতায় বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে ৮৭ মিনিটের গোলে হার এড়ায় ভারত।