লেভানডফস্কি বোঝালেন, ব্যালন ডি’অরের দৌড়ে তিনিও আছেন

ম্যাচ জয়ের পর বায়ার্নের উল্লাসছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়ার্ন ম্যাচ জিতবে, আর রবার্ট লেভানডফস্কি গোল করবেন না, তা কি হয়? এ ম্যাচেও সেটা হয়নি। পোলিশ এই স্ট্রাইকারের গোলের সঙ্গে ফরাসি উইঙ্গার কিংসলে কোমানের গোল মিলিয়ে দিনামো কিয়েভের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। নিজেদের মাঠে ম্যাচের শেষদিকে সান্ত্বনার এক গোল তুলে নিয়েছে কিয়েভ। তাঁদের হয়ে গোল করেছেন ইউক্রেনের মিডফিল্ডার ডেনিস গারমাশ।

মেরেকেটে আর পাঁচদিন পর জানা যাবে, এবার ব্যালন ডি'অর উঠছে কার হাতে। গতবার যে পুরষ্কারটা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল লেভানডফস্কিরই। করোনার কারণে এই এক পুরষ্কার তাঁর প্রাপ্তির খাতায় যোগ হয়নি। এবার যেন সে অভাবটা আর না থাকে, সে আশায় একদম শেষ সময়ে এসে যেন গোল করে বুঝিয়ে দিলেন, মেসি-সালাহ কিংবা রোনালদো-জর্জিনিওদের সঙ্গে ব্যালন ডি'অরের দৌড়ে তিনিও আছেন।

ম্যাচের ১৪ মিনিটেই লেভানডফস্কির গোলে এগিয়ে যায় বায়ার্ন। বরফস্নাত পরিবেশে যেভাবে অসাধারণ বাইসাইকেল কিকে দলকে এগিয়ে দিয়েছে, তা ফুটবলপ্রেমীদের মনে থাকবে অনেকদিন। এ নিয়ে চ্যাম্পিয়নস লিগে টানা নয় ম্যাচে গোল পেলেন লেভানডফস্কি। ক্যারিয়ারে এই নিয়ে দুবারের মতো এই কীর্তি গড়লেন তিনি।

চ্যাম্পিয়নস লিগে এই নিয়ে মাত্র পাঁচটা ম্যাচ খেলেছে বায়ার্ন, এর মধ্যেই নয়টা গোল আর একটা গোলে সহায়তা করে ফেলেছেন এই পোলিশ স্ট্রাইকার।

দ্বিতীয় গোলটা এসেছে কিংসলে কোমানের পা থেকে। ৪২ মিনিটে। আরেক ফরাসি মিডফিল্ডার করেনতাঁ তোলিসোর পাসে ও জার্মান মিডফিল্ডার টমাস মুলারের দুর্দান্ত বুদ্ধিদীপ্ততায় বল চলে যায় কোমানের পায়ে, যিনি দ্বিগুণ করেন ব্যবধান।

তবে নিজেদের মাঠে দ্বিতীয়ার্ধে ম্যাচের রাশ নিজেদের হাতে টেনে নেয় কিয়েভ। যার সুফল ৭০ মিনিটে পেয়েও যায়, গারমাশের গোলের মাধ্যমে। দ্বিতীয়ার্ধে বুনা সার, মার্ক রোকা ও ওমর রিচার্ডসের মতো খেলোয়াড়দের নামিয়ে যেন আরও উলটো বাজে খেলা শুরু করে বায়ার্ন। শেষমেশ বিপদ হয়নি, পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে দলটা।