লেভানডফস্কিতে 'লণ্ডভণ্ড' ডর্টমুন্ড

• বুন্দেস লিগায় বরুসিয়া ডর্টমুন্ডকে ৬-০ গোলে হারিয়েছে বায়ার্ন
• হ্যাটট্রিক করেছেন বায়ার্ন স্ট্রাইকার লেভানডফস্কি
• আর এক ম্যাচ জিতলেই লিগ শিরোপা জয় নিশ্চিত হবে বায়ার্নের
আলিয়াঞ্জ অ্যারিনায় বরুসিয়া ডর্টমুন্ড লন্ডভন্ড হলেও এক অর্থে বেঁচেই গেছে!
স্প্যানিশ লা লিগায় রিয়াল-বার্সার দ্বৈরথ যেমন বলা হয় ‘এল ক্লাসিকো’ বুন্দেসলিগায় তেমনি বায়ার্ন-ডর্টমুন্ড দ্বৈরথ ‘ডার ক্লাসিকো’ নামে পরিচিত। অনেকে বলেন ‘জার্মান ক্লাসিকো’। কাল রাতের এই ‘ডার ক্লাসিকো’ই বরুসিয়া ডর্টমুন্ডের জন্য হয়ে গেছে ‘ডার ম্যাসাকার’! ম্যাচের স্কোরলাইন দেখে ‘ম্যাসাকার’ শব্দটিই বেছে নিয়েছে জার্মান সংবাদমাধ্যম।
বুন্দেসলিগার কোনো ম্যাচের প্রথমার্ধেই ডর্টমুন্ড সর্বশেষ কবে পাঁচ গোল হজম করেছিল? তথ্যটি হয়তো তাদের সমর্থকেরাই ঠিকমতো বলতে পারবেন না। পরিসংখ্যান ঘেঁটে জানা গেল ১৯৭৮ সালে বরুসিয়া মুনশেনগ্লাডবাখের বিপক্ষে এমন দুঃস্বপ্নের মুখোমুখি হতে হয়েছিল ডর্টমুন্ডকে। সেই ম্যাচটা ডর্টমুন্ড হেরেছিল ১২-০ ব্যবধানে। কাল ঘরের মাঠে ডর্টমুন্ডকে ৪০ বছর আগের সেই ম্যাচের প্রথমার্ধেই স্মরণ করিয়ে দিয়েছিল বায়ার্ন। ইয়ূপ হেইঙ্কেসের দল বিরতির আগেই যে এগিয়ে ৫-০ গোলে!
বিরতির পর যে সেই এক ডজন গোল হজমের তেতো স্মৃতি ফিরে আসেনি সে জন্য বায়ার্নকে ডর্টমুন্ড সমর্থকেরা একটা ধন্যবাদ দিতেই পারেন। হারের ব্যবধানটা তাই ৬-০ হলেও ডর্টমুন্ড তো এক অর্থে বেঁচেই গেছে! কারণ বায়ার্ন আরও গোল পেতে পারত আর তাতে ১২-০ ব্যবধানে হারের সেই দুঃসহ স্মৃতি হয়তো ফিরেও আসতে পারত!
দ্বিতীয়ার্ধে মাত্র একটি গোল করতে পেরেছে বায়ার্ন। কিমিচের ক্রস থেকে গোলটা করেছেন বায়ার্ন স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। সেটা ছিল এ ম্যাচে তাঁর হ্যাটট্রিক-গোল। প্রথমার্ধেই দুই গোল করেন এ পোলিশ স্ট্রাইকার। নিজের সাবেক ক্লাব ডর্টমুন্ডের বিপক্ষে এ নিয়ে ৮ ম্যাচে ৮ গোল করলেন ‘লেভা’। এর মধ্যে শেষ ৪ ম্যাচেই করেছেন ৮ গোল। বায়ার্নের হয়ে বাকি ৩ গোল হামেস রদ্রিগেজ, টমাস মুলার ও ফ্রাঙ্ক রিবেরির।
ফ্রেইবুর্গের বিপক্ষে শালকে জিততে না পারলে কালই টানা ষষ্ঠবারের মতো লিগ শিরোপা জয় নিশ্চিত হয়ে যেত বায়ার্নের। সে জন্য তাঁদের অপেক্ষা করতে হবে পরের ম্যাচটি জেতার জন্য। অর্থাৎ আর এক ম্যাচ জিতলেই বায়ার্নের শিরোপা অক্ষুণ্ন রাখবে। ২৮ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দলটি। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় শালকে। লিগে আর ৬টি করে ম্যাচ খেলবে দুটি দল।
৭ এপ্রিল অগসবুর্গের বিপক্ষে জিতলে বায়ার্নের সংগ্রহ হবে ৭২ পয়েন্ট। এরপর বাকি ৫ ম্যাচ না জিতলেও বায়ার্নের সমস্যা নেই। কারণ পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা শালকে নিজেদের বাকি ৬ ম্যাচ জিতলেও বায়ার্নকে ধরতে পারবে না। তখন ৭০ পয়েন্ট নিয়ে বায়ার্নের পেছনেই থাকতে হবে।